মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ১৮ মিনিট আগে
আপডেট : ১৭ মিনিট আগে
১০০ শয্যার পরিবর্তে ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে রংপুর আধুনিক শিশু হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অবশেষে ১০০ শয্যার পরিবর্তে ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে রংপুর আধুনিক শিশু হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ইতোমধ্যে ১২ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
আসবাবপত্র সরবরাহ, চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সংগ্রহের কাজ চলছে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যা সংকট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, রংপুর নগরীর প্রাণকেন্দ্রে সাবেক সদর হাসপাতাল এলাকায় প্রায় দুই একর জমির ওপর ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করা হয়। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৮ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে। তিনতলা এ হাসপাতালে রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের চেম্বার, ল্যাব, অপারেশন থিয়েটার, ওয়ার্ড ও কেবিন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থাও রয়েছে।
তবে নির্মাণের পরপরই দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে ২০২০ সালের ১৯ এপ্রিল হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু করা হয়। সেখানে ১০টি আইসিইউ শয্যা দিয়ে চিকিৎসা শুরু হলেও পরে আরও পাঁচটি আইসিইউ শয্যা বাড়ানো হয়। সিসিইউসহ ৭০ থেকে ৮০টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হয়। ২০২২ সালের শুরুতে করোনা রোগীর চাপ কমে গেলে হাসপাতালটি কার্যত বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে রংপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করেন। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস দেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। একই বছরের মার্চে হাসপাতাল চালুর জন্য প্রশাসনিক অনুমোদন, জনবল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেন তৎকালীন সিভিল সার্জন।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই শিশু রোগীর চাপ বাড়ছে। শয্যা সংকটের কারণে একটি বিছানায় তিন থেকে চারজন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ১০০ শয্যার শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা দ্বিগুণ করার অনুমোদনসহ প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ গত ১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, শিশু হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত জনবল নিয়োগ ও আসবাবপত্র কেনার কাজ চলছে।
রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বলেন, রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বিশেষায়িত শিশু হাসপাতাল। সাত বছরেও এটি চালু না হওয়ায় শিশু রোগীদের ভোগান্তি বেড়েছে। তবে ১০০ শয্যার হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করা আশাব্যঞ্জক উদ্যোগ। দ্রুত পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি চালুর দাবি জানান তিনি।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর প্রচেষ্টায় হাসপাতালটি সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও বাজেট দ্বিগুণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ জন নার্স যোগ দিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক চলতি সপ্তাহের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন। চিকিৎসক নিয়োগের জন্য পাঁচ থেকে ছয়জনের তালিকাও পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র এসে পৌঁছেছে। যন্ত্রপাতি কেনার কাজ করছে সিএমএসডি। বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদেরও এখানে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনতলা ভবনটি ছয়তলায় উন্নীত করার কাজ শুরু হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বহির্বিভাগের কার্যক্রম চালু করা হবে।