গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বস্ত্র খাতের আয়কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুমোদনের জন্য পাঠিয়েছে সংস্থাটি। অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এনবিআরের এই উদ্যোগ কার্যকর হলে সুতা ও কাপড় উৎপাদনসহ বস্ত্র খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় কম হারে আয়কর দিতে হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানির অনিয়মিত সরবরাহ, ঋণের উচ্চ সুদ এবং রপ্তানি প্রণোদনা কমে যাওয়ার কারণে চাপে থাকা বস্ত্রকলগুলোর আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর আয়কর আইনের ৭৬(১) ধারার ক্ষমতাবলে করহার কমানোর সুপারিশ করেছে। সংস্থাটির মতে, রপ্তানি ও কর্মসংস্থান ধরে রাখা এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বস্ত্র খাতের জন্য কম করহার বহাল রাখা প্রয়োজন।
এনবিআরের তথ্য অনুযায়ী, এই সুবিধার আওতায় সুতা উৎপাদন, সুতা রং করা, সুতা প্রক্রিয়াজাতকরণ, কোনিং, কাপড় রং করা, ছাপাসহ বস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম রয়েছে।
এর আগে ২০১৫ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বস্ত্র খাতের এসব প্রতিষ্ঠানের আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ওই সুবিধার মেয়াদ ছিল ১০ বছর। ২০২৫ সালে প্রজ্ঞাপনের মেয়াদ শেষ হলে প্রতিষ্ঠানগুলোর আয়কর আবার ২৭ দশমিক ৫ শতাংশে ফিরে যায়। ফলে আগের তুলনায় বেশি করের বোঝা বহন করতে হচ্ছে বস্ত্রকলগুলোকে।
চলতি বছরের মে মাসে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বস্ত্র খাতের আয়কর ১০ শতাংশে নামিয়ে ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব দিয়েছিল। সংগঠনটির যুক্তি ছিল, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে আয়কর ১২ শতাংশ। অথচ পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহকারী বস্ত্র খাতকে এর চেয়ে বেশি হারে কর দিতে হচ্ছে।
তবে চলতি অর্থবছরের বাজেট প্রণয়নের আগে এনবিআর বিটিএমএর ওই প্রস্তাব বিবেচনায় নেয়নি। এবার সংস্থাটি নিজেই ১৫ শতাংশ করহারের প্রস্তাব তৈরি করেছে। যদিও ব্যবসায়ীদের চাওয়া ১০ শতাংশের তুলনায় প্রস্তাবিত হার বেশি, বর্তমান ২৭ দশমিক ৫ শতাংশের চেয়ে তা অনেক কম।
শিল্পের ওপর বাড়তি চাপ
বস্ত্র খাতের আয়কর কমানোর উদ্যোগের পেছনে সাম্প্রতিক কয়েকটি পরিস্থিতিও কাজ করছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আমদানি করা সুতার সঙ্গে দেশীয় মিলগুলোর প্রতিযোগিতা।
এনবিআরের ৫ নভেম্বর অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে এসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। একই সঙ্গে সরবরাহে ঘাটতি ও অনিয়মিত পরিস্থিতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যাংকঋণের উচ্চ সুদ, রপ্তানি প্রণোদনা কমে যাওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপও বাড়ছে।
এনবিআরের প্রস্তাবে বলা হয়েছে, গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ত এবং অনিয়মিত সরবরাহের কারণে অধিকাংশ বস্ত্রকল তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারছে। এতে উৎপাদন ব্যয় ও কার্যক্রম পরিচালনার চাপ বাড়ছে। পাশাপাশি কার্যকরী মূলধনের সংকট তৈরি হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে না পারায় কারখানাগুলোর স্থায়ী ব্যয়ের চাপও থেকে যাচ্ছে। অন্যদিকে ব্যাংকঋণের সুদ বেশি হওয়ায় ব্যবসা পরিচালনার খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে আয়কর কমানো গেলে প্রতিষ্ঠানগুলোর হাতে তুলনামূলক বেশি অর্থ থাকবে, যা চলতি ব্যয় ও উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়ক হতে পারে।
আমদানি নীতিতেও অস্থিরতা
দেশীয় বস্ত্রকলগুলোর প্রতিযোগিতার ক্ষেত্রে আমদানি করা সুতা ও কাপড়ের বিষয়টিও এনবিআরের প্রস্তাবে উঠে এসেছে। সংস্থাটি বলেছে, প্রতিবেশী দেশগুলো থেকে ভর্তুকি পাওয়া সুতা ও কাপড় আমদানি হওয়ায় স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
সম্প্রতি বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে তৈরি পোশাক প্রস্তুতকারকদের আপত্তির পর ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়।
এ সিদ্ধান্তকে ঘিরে বস্ত্রকল ও তৈরি পোশাক খাতের মধ্যে কাঁচামাল আমদানি এবং সরবরাহব্যবস্থা নিয়ে মতপার্থক্য সামনে আসে। তৈরি পোশাক শিল্পের উৎপাদনের জন্য দেশীয় বস্ত্রকল থেকে সুতা ও কাপড় সংগ্রহের পাশাপাশি আমদানিও করা হয়। ফলে আমদানি নীতি ও দেশীয় উৎপাদন সক্ষমতার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি এ খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এনবিআরের প্রস্তাবিত করহার কার্যকর হলে বস্ত্রকলগুলো কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারে। তবে জ্বালানি সরবরাহের ঘাটতি, উচ্চ সুদ এবং উৎপাদন ব্যয়ের মতো সমস্যার সমাধান না হলে শুধু কর কমিয়ে শিল্পের সব চাপ সামাল দেওয়া সম্ভব হবে না।
প্রস্তাবটি এখন অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হলে ২০৩০ সালের জুন পর্যন্ত বস্ত্র খাতের জন্য ১৫ শতাংশ আয়কর বহালের সুযোগ তৈরি হতে পারে। এতে দেশীয় বস্ত্রকলগুলোর উৎপাদন ও রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে কিছুটা সহায়তা মিলতে পারে।