× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে বিলুপ্তির পথে লাক্ষা, কমছে আহরণ

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ৯ মিনিট আগে

লাক্ষা মাছ। ছবি: সংগৃহীত

লাক্ষা মাছ। ছবি: সংগৃহীত

একসময় বঙ্গোপসাগরে জেলেদের জালে নিয়মিত ধরা পড়ত লাক্ষা মাছ। কক্সবাজারের পশ্চিমে কুতুবদিয়ার ডাউনে ফিশিং করতে গেলেই জেলেদের জালে অহরহ মিলত এই মাছ। লাক্ষা মাছের গ্রাউন্ড খ্যাত বঙ্গোপসাগরের উপকূলীয় ওই অঞ্চলে এখন আর সেই দৃশ্য নেই। মাঝেমধ্যে অল্প কিছু ধরা পড়লেও সেটি আগের তুলনায় অনেক কম। সাইজেও অনেক ছোট। বাণিজ্যিক ফিশিং জাহাজে মাছ আহরণের গত তিন অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে লাক্ষা মাছ আহরণ শূন্যের কৌটায় নেমে এসেছে। গবেষকরা বলছেন, নির্বিচারে আহরণ, প্রজনন ও বংশবিস্তারের পরিবেশ সংকুচিত হওয়ায় ক্রমশ কমছে মাছটির প্রাপ্যতা।

শুধু লাক্ষা নয়, বেহুন্দি জাল দিয়ে অনিয়ন্ত্রিত মাছ ধরার কারণে বিপন্ন হচ্ছে হাঙর, শাপলাপাতা মাছসহ অন্তত ৪০ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে লাক্ষার অস্তিত্ব রক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। এ অবস্থায় লাক্ষার প্রজনন বাড়াতে জালের ফাঁসের আকার বাড়ানো, মাছ ধরার চাপ কমানোসহ দ্রুত কার্যকর সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জার্নাল অব মেরিন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ ২০২২ সালের ৪ মার্চ ‘ইস্টিমেশন অব স্টক স্টাটাস ইউজিং দ্য এলবিবি অ্যান্ড সিএমএসওয়াই মেথডস ফর দ্য ইন্ডিয়ান স্যালমন ইন দ্য বে অব বেঙ্গল বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ২১ বছরের তথ্য বিশ্লেষণ করে বঙ্গোপসাগরে লাক্ষা মাছের মজুদ ভয়াবহভাবে কমে যাওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকরা। গবেষণায় দেখানো হয়, মাছটির বর্তমান জৈবভর টেকসই আহরণের উপযোগী মাত্রার মাত্র ১১ শতাংশ। ২০১৯ সালে মাছটির আনুমানিক মজুদ ছিল মাত্র ১ হাজার ৬২০ টন, যেখানে টেকসই আহরণের জন্য প্রয়োজনীয় জৈবভর ১৫ হাজার ৬০০ টন। অন্যদিকে মাছ ধরার চাপ টেকসই মাত্রার ৫ দশমিক ৬৬ গুণ। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে মাছটি বাণিজ্যিকভাবে বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

গবেষকদের সেই আশঙ্কায় এখন যেন বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে। গবেষণাপত্রটি প্রকাশের পর গত তিন অর্থবছর ধরেই বাণিজ্যিক ফিশিং জাহাজে মাছ আহরণে মিলছে না লাক্ষা মাছ।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১০ সালের পর থেকে ধারাবাহিকভাবে দেশে লাক্ষা মাছ আহরণ কমছে। আগের বছরের তুলনায় ৩ হাজার ২১২ টন কমে ওই বছর আহরণ হয় ৪ হাজার ৫২১ টন। এরপর দীর্ঘমেয়াদে কমেছে লাক্ষা মাছের আহরণ। ২০১০ সাল থেকে কমতে কমতে ২০১৫ সালে তা নেমে আসে মাত্র ৮৯৫ টনে। এরপর আরও কমে ২০১৯ সালে আহরণ হয় মাত্র ১৭৭ টন। পরবর্তী বছরগুলোতেও এ নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে। ২০২১ ও ২০২২ সালে আহরণ ছিল যথাক্রমে ১৯৯ ও ২০০ টন। ২০২৩ সালে তা আরও কমে দাঁড়িয়েছে মাত্র ১১৫ টনে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে আহরণ হয়েছে মাত্র ৯৩ টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরেও একই অবস্থা। ওই বছর বাণিজ্যিক ফিশিং জাহাজে লাক্ষা মাছ আহরণ শূন্য দেখানো হয়েছে। একই সময়ে আগের বছরের তুলনায় আর্টিসনাল ট্রলারেও কমেছে আহরণ।

এ সম্পর্কে জানতে চাইলে লাক্ষা মাছ গবেষক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ ডিপার্টমেন্টের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা শামসুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বঙ্গোপসাগরে লাক্ষা মাছের মজুদ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ অতিরিক্ত আহরণ। দীর্ঘদিন ধরে নির্বিচারে মাছ ধরার ফলে এ প্রজাতির মজুদের ওপর চাপ তৈরি হয়েছে। এর বাইরে আবাসস্থলে দূষণ, লবণাক্ততা ও তাপমাত্রার পরিবর্তন লাক্ষা মাছের জীবনচক্র ও বংশবিস্তারে প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই এটি বিলুপ্ত হয়ে যেতে পারে তিনি জানান।

অধ্যাপক মোহাম্মদ মোস্তফা শামসুজ্জামান বলেন, লাক্ষা মাছের এই বিলুপ্তির ধারা রোধ করতে হলে মাছ ধরার জালের ফাঁসের আকার, আহরণ করা মাছের দৈর্ঘ্য, পরিপক্বতা অর্জনের আগেই মাছ ধরা এবং প্রজননক্ষম মাছের অনুপাত বিবেচনায় নিয়ে আহরণ নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে বাংলাদেশের জলসীমায় লাক্ষা মাছের প্রজনন ক্ষেত্র, পোনা বেড়ে ওঠার স্থান এবং পূর্ণাঙ্গ পরিপক্বতা অর্জনের বয়স নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। মাছটির প্রজনন মৌসুম, লিঙ্গ অনুপাত, ডিম উৎপাদনের সক্ষমতা এবং বছরে কতবার ডিম ছাড়ে, সেসব বিষয়েও নির্ভরযোগ্য তথ্য প্রতিষ্ঠা করা গেলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাছটি প্রজনন আবার বাড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা