দুপুরের খাবার শেষে কারখানায় ফিরছেন কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হলে ক্ষতি শুধু মালিকের হয় নয়; যে শ্রমিক পোশাক উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকেন, দিনশেষে তার আয়-উপার্জনও বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ে পণ্য জাহাজে পাঠাতে না পারলে বিপাকে পড়েন রপ্তানিকারক। এর প্রতিক্রিয়ায় বিদেশি ক্রেতা বিকল্প দেশ থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নিলে তার প্রভাব পড়ে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানে। অর্থাৎ একটি কারখানার অস্থিরতা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন এমনই এক পরিস্থিতির মুখোমুখি। শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় ও নিরাপত্তাজনিত উদ্বেগে কারখানা বন্ধ রাখছেন মালিকরা। এই বিরোধে প্রশ্ন উঠেছে, আন্দোলনের খেসারত শেষ পর্যন্ত কে দিচ্ছেনÑ শ্রমিক, মালিক, নাকি পুরো বাংলাদেশ?
বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে এই আয় দিয়ে সংসার চালানো কঠিন। খাবার, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার খরচ মেটাতে গিয়ে মাসের শেষ দিকে অনেক শ্রমিককেই ধারদেনা করতে হয়; যা পরিশোধ করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।
গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। এই দাবির পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা। অনেক শ্রমিকের মাসিক আয় ওভারটাইমসহ ১৬ হাজার টাকার কাছাকাছি হলেও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। আর্থিক সংকটে কেউ কেউ স্ত্রী-সন্তান নিয়ে কারখানা এলাকায় বসবাস করতে পারেন না। অনেকের সন্তানের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।
তাই মজুরির দাবিকে শুধু আন্দোলনের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি শ্রমিকের জীবনযাপন, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। তবে দাবির যৌক্তিকতা থাকলেও ভাঙচুর কিংবা অন্য শ্রমিকদের কাজে বাধা দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এসব ঘটনায় শেষ পর্যন্ত শ্রমিকদের কর্মসংস্থানই ঝুঁকিতে পড়ে।
কারখানা বন্ধ হলে ক্ষতি শ্রমিকেরও
গাজীপুরে গতকাল রবিবার আরও ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সাভার ও আশুলিয়ার ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় কাজ করেন প্রায় তিন লাখ শ্রমিক। কারখানা বন্ধ থাকলে শ্রমিকের নিয়মিত আয় ব্যাহত হয়। যাদের সঞ্চয় নেই, তাদের জন্য কয়েক দিনের কর্মবিরতিও বড় আর্থিক সংকট তৈরি করতে পারে। বাড়িভাড়া, খাবার ও চিকিৎসার খরচ তো আর কারখানা বন্ধ থাকার কারণে থেমে থাকে না।
মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কিছু কারখানা বন্ধ রেখেছে। এ ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে কারখানা বন্ধ রাখার সুযোগ রয়েছে এবং সংশ্লিষ্ট শ্রমিকদের মজুরি না দেওয়ার বিধানও আছে। কিন্তু প্রশ্ন হলোÑ কারখানা বন্ধ করে আয় বন্ধ রাখলে শ্রমিকদের অসন্তোষ কমবে, নাকি আরও বাড়বে? বিরোধের স্থায়ী সমাধান ছাড়া এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে।
মালিকের ক্ষতি কি শুধু উৎপাদন বন্ধ
কারখানায় উৎপাদন বন্ধ থাকলে শুধু এক দিনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় না। রপ্তানি আদেশের সঙ্গে যুক্ত থাকে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন পরিকল্পনা, পণ্য পরিবহন ও জাহাজীকরণের নির্দিষ্ট সময়সূচি। তাই উৎপাদন পিছিয়ে গেলে পুরো পরিকল্পনায় চাপ তৈরি হয়।
সময়সীমার মধ্যে পণ্য পাঠাতে না পারলে ক্রেতার কাছে জবাবদিহি করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি পরিবহন ব্যয় বহন করতে হয়। আবার ক্রেতার আস্থা কমে গেলে ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখা জরুরি
বাংলাদেশের পোশাক শিল্পের বড় শক্তি আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক ধরে রাখতে শুধু পণ্যের মান ও দাম যথেষ্ট নয়; সময়মতো সরবরাহও জরুরি। উদ্যোক্তারা জানিয়েছেন, কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের কারখানার উৎপাদন ও চালান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছে। অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশি ক্রেতাদের হাতে বিকল্প বাজার রয়েছে। ফলে দেশের কারখানায় উৎপাদনের ধারাবাহিকতা নষ্ট হলে প্রতিযোগী দেশগুলো সুযোগ নিতে পারে। এর প্রভাব শুধু উদ্যোক্তাদের ব্যবসায় নয়, দেশের রপ্তানি আয় ও শ্রমিকের কর্মসংস্থানেও পড়বে।
সমাধান আলোচনার টেবিলেই
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, পোশাক শিল্প গ্যাস-বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ক্রয়াদেশ কমে যাওয়ার চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে শ্রমিক সংগঠনের নেত্রী নাজমা আক্তার মনে করেন, আন্দোলন দীর্ঘায়িত হলে শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা বাড়বে। তাই শ্রমিকদের কাজে ফিরে এসে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা উচিত।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের মতে, কারখানায় অস্থিরতা শ্রমিক, মালিক ও রপ্তানিÑ কোনো পক্ষের জন্যই ভালো নয়। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি তাদের অন্যান্য অভিযোগও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় ও কারখানার আর্থিক সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে উৎপাদনশীলতা, প্রযুক্তি ও ব্যবস্থাপনার উন্নয়নে জোর দিতে হবে।
১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। এখন প্রয়োজন এমন একটি মজুরি কাঠামো, যা শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করবে এবং শিল্পের সক্ষমতাও ধরে রাখবে। পাশাপাশি কারখানার নিরাপত্তা, শ্রমিকদের অভিযোগ জানানোর ব্যবস্থা এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর প্রক্রিয়া গড়ে তুলতে হবে।
শেষ পর্যন্ত শ্রমিক ন্যায্য মজুরি পেলেন কি না, মালিক উৎপাদন চালিয়ে যেতে পারলেন কি না এবং বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ধরে রাখতে পারল কি না, সেটিই আসল। এই তিনটি লক্ষ্য একসঙ্গে অর্জন করতে না পারলে আন্দোলনের খেসারত দিতে হবে সবাইকে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন সেই শ্রমিকরা, যারা ন্যায্য জীবনের আশায় আন্দোলনে নেমেছিলেন।