জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নের প্রতিশ্রুতি অনেক, কিন্তু সেই অর্থ বাস্তবে পৌঁছাচ্ছে না। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রধান অভিযোগ এখন এটিই। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহের আলোচনা শেষে অর্থায়ন, অভিযোজন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রশ্নে গভীর মতপার্থক্য সামনে এসেছে।
৯ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলনের প্রথম সপ্তাহে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক শেষ হয়েছে। এখন চলছে মন্ত্রী ও আলোচকদের দরকষাকষি। ১৪ নভেম্বর পর্যন্ত বেশকিছু উদ্যোগ ও প্রস্তাব সামনে এলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চূড়ান্ত ঐকমত্য হয়নি। ফলে সম্মেলনের সাফল্য নির্ভর করছে প্রতিশ্রুতিকে কীভাবে বাস্তব কর্মসূচি ও অর্থায়নে রূপ দেওয়া যায়Ñ তার ওপর।
বাংলাদেশের জন্য এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে ১০-১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। অথচ নিজস্ব বাজেট থেকে প্রতিবছর প্রায় সাড়ে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা না বাড়লে অভিযোজন, অবকাঠামো সুরক্ষা ও জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমের চাহিদা পূরণ কঠিন হবে।
১৩ নভেম্বর বাংলাদেশ প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হলেও বাস্তবে অর্থছাড়ের ক্ষেত্রে সেই অগ্রগতি দেখা যাচ্ছে না। বাংলাদেশ চায় আন্তর্জাতিক তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ হোক, অনুদান বাড়ুক এবং অর্থ দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সহায়তার অর্থ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন।
অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলারের দাবি
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের দাবি উঠেছে। এ অর্থায়ন কীভাবে হিসাব করা হবে এবং কোন ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য, ধনী দেশগুলোর দায়িত্বের অর্থ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কিংবা বেসরকারি বিনিয়োগের হিসাব দেখিয়ে পূরণ করা যাবে না।
বাংলাদেশও আন্তর্জাতিক জলবায়ু অর্থের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অভিযোজন তহবিল থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে ঢাকা। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনাকে বাস্তব প্রকল্পে রূপ দিতে অর্থদাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্লাটফর্ম গঠনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।
ক্ষয়ক্ষতি তহবিলেও অর্থের ঘাটতি
জলবায়ু পরিবর্তনের কারণে অপূরণীয় ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ নিয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। প্রতিনিধিদলের বক্তব্য, বিভিন্ন দেশের জমা দেওয়া প্রকল্প প্রস্তাবের তুলনায় তহবিলের অর্থ অপর্যাপ্ত। অর্থছাড়ের প্রক্রিয়া সহজ করা, সরাসরি অর্থপ্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও সাংস্কৃতিক ক্ষতির মতো অনার্থিক ক্ষতিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। এদিকে বাংলাদেশসহ পাঁচটি দেশকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের প্রথম পর্যায়ে ৩০ মিলিয়ন ডলার করে অর্থায়নের উদ্যোগে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে। উপকূলীয় অবকাঠামো ও জলবায়ু সহনশীল কৃষি এ অর্থায়নের সম্ভাব্য অগ্রাধিকার খাত।
জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্য নেই : সম্মেলনের অন্যতম বড় বিরোধের জায়গা জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ। দ্রুত তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের পক্ষে বেশকিছু দেশ। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি দেশ নির্দিষ্ট জ্বালানি উৎসকে লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়ার বিরোধিতা করছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানিয়েছেন এবং এ ধরনের উদ্যোগ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে কপ-৩১-এর আলোচনায় জীবাশ্ম জ্বালানির রূপান্তর নিয়ে এখনো কোনো সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি। একইভাবে কার্বনবাজার, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং জলবায়ু বিষয়ক বাণিজ্যনীতি নিয়েও মতপার্থক্য রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের মতো ব্যবস্থার কারণে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প নতুন চাপে পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে প্রতিনিধিদল। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল অর্থায়ন বিষয়ক উচ্চপর্যায়ের সংলাপে বলেছেন, জলবায়ু অর্থায়নকে ঋণ, দুর্যোগ ও উচ্চ মূলধন ব্যয়ের দুষ্টচক্র থেকে দেশগুলোকে বেরিয়ে আসতে সহায়তা করতে হবে। তার মতে, অর্থায়ন হতে হবে সহজলভ্য, সাশ্রয়ী এবং সংশ্লিষ্ট দেশের নিজস্ব অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের সামনে সুযোগ, অনিশ্চয়তাও রয়েছে
কপ-৩১ থেকে বাংলাদেশের অর্থায়ন নিশ্চিত হলে উপকূলীয় বাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ পানি এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিনিয়োগ বাড়ানো সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণেও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ এবং ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেছে। তবে সম্মেলনের প্রথম সপ্তাহের অর্জন এখনও মূলত দাবি, প্রস্তাব, রাজনৈতিক অঙ্গীকার ও কিছু অর্থায়ন উদ্যোগের মধ্যে সীমিত। অভিযোজন অর্থায়নের ১২০ বিলিয়ন ডলারের দাবি, ক্ষয়ক্ষতি তহবিলের অর্থ বৃদ্ধি কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তরÑ কোনোটিতেই এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি।