মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ১৪ মিনিট আগে
সুন্দরবন, পাটকল, জাহাজ নির্মাণ ও চিংড়ি শিল্পের জন্য বিখ্যাত জনপদ খুলনার চেহারা পুরোটাই যেন পাল্টে গেছে। একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও মাদক কারবারে নগরজীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের একশ্রেণির নেতার আশ্রয়-প্রশ্রয়ে সক্রিয় রয়েছে অপরাধী গোষ্ঠীগুলো। পুলিশের নিষ্ক্রিয়তা ও গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়ানোর সুযোগ পরিস্থিতিকে আরও করেছে আরও জটিল।
খুলনার অপরাধজগতে অন্তত নয়টি সন্ত্রাসী গ্রুপ এখন সক্রিয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকায় রয়েছে ১৮১ সন্ত্রাসী, ৫৮৪ মাদক বিক্রেতা ও ৬৯ চাঁদাবাজ। চলতি বছরের এ পর্যন্ত মহানগরী ও জেলায় ৭৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২৫ জন নিহত হয়েছেন গুলিতে। ১১ জন রয়েছে বিএনপির নেতাকর্মী।
অপরাধজগতের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক, পলাশ, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল ও নাসিম গ্রুপ। এসব গোষ্ঠীর বিরুদ্ধে মাদক কারবার, অস্ত্রবাজি, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। লবণচরা, খালিশপুর, দৌলতপুর ও সদর এলাকায় তাদের তৎপরতা বেশি।
রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগও রয়েছে এসব গোষ্ঠীর বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটোর ছত্রছায়ায় নূর আজিমের উত্থান হয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্রেনেড বাবু নামে পরিচিত রনি চৌধুরীর বিরুদ্ধে ‘বি কোম্পানি’ নামে বাহিনী গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলা বা চাঁদাবাজির খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেরিতে। আবার মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নজিরও কম। রেস্টুরেন্ট মালিক মাসুদ হোসেন জানান, হামলার পর পুলিশ তাকে একা চলাচল না করার পরামর্শ দিয়েছে। জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেনের অভিযোগ, পুলিশ তাকে সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপক বাবুও পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করছেন, মানুষ বাইরে বের হতেও ভয় পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
অন্যদিকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ অস্বীকার করেছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তার দাবি, পুলিশের নিষ্ক্রিয়তা ও মামলার এজাহারে ত্রুটির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
কেএমপির তালিকাভুক্ত ১২৮ সন্ত্রাসীর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, তাদের মধ্যে ৭৩ জন ছয় মাস থেকে এক বছরের মধ্যে জামিন পেয়েছেন। সদর থানার সাবেক ওসি শফিকুর রহমান জানান, ৫ আগস্টের পর পলাশ গ্রুপের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হলেও তাদের অধিকাংশই জামিনে মুক্ত হয়েছেন।
কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশকে অনেক পরিশ্রম করতে হয়।
কেএমপি কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। অপরাধ দমনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী খুলনা বিভাগের প্রায় ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। নগরীর প্রায় ২০ শতাংশ মানুষ বস্তিতে থাকে। দারিদ্র্য, পারিবারিক বিচ্ছিন্নতা, নির্যাতন ও বেকারত্ব কিশোরদের অপরাধে জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। একসময় খুলনার শিল্পকারখানায় প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান ছিল। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে।
শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা শাখা সাত দফা দাবি জানিয়েছে। জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ খুলনায় সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সন্ত্রাসীদের নির্মূলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি প্রয়োজনে কারফিউ জারি করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু সন্ধ্যার পর খুলনায় কারফিউ জারির জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ও সমন্বিত অভিযান জরুরি।