ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১৮ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়ের সিংহভাগ আসে হোল্ডিং ট্যাক্স থেকে। তবে এই হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে চলছে এক অভিনব ‘রফাদফা’ খেলা। হোল্ডিং ট্যাক্স বা পৌরকর ঘিরে গড়ে উঠেছে একটি শক্তিশালী মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, চসিকের মাঠপর্যায়ের কর কর্মকর্তা, অ্যাসেসর এবং দালালদের সমন্বয়ে গঠিত এই চক্রের গোপন সমঝোতা বা ‘পকেট চুক্তি’র মাধ্যমে কোটি টাকার কর নেমে আসে মাত্র কয়েক লাখ টাকায়। এর ফলে একদিকে যেমন কিছু অসাধু কর্মকর্তা ও করদাতার পকেট ভারী হচ্ছে; অন্যদিকে চসিক প্রতিবছর হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
সম্প্রতি ট্যাক্স নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে রফাদফার এমনই এক অভিযোগ উঠেছে চসিকের রাজস্ব সার্কেল-৭ এর সাবেক কর আদায়কারী মাহবুবুল আলমের বিরুদ্ধে। তিনি প্রায় চার বছর ওই সার্কেলে কর্মরত ছিলেন। বর্তমানে রাজস্ব সার্কেল-২-এ ডিটিও পদে রয়েছেন। এর আগে রাজস্ব সার্কেল-৭-এ কর কর্মকর্তা জানে আলমের অধস্তন ছিলেন মাহবুবুল। জানে আলম বর্তমানে রাজস্ব সার্কেল-৩-এ কর কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ উঠেছে, মাহবুবুল আলম সার্কেল-৭-এ দায়িত্বে থাকাকালীন হোল্ডিং ট্যাক্স আদায়ে রফাদফা করার মাধ্যমে চসিককে ঠকিয়ে নিজের পকেট ভারী করেছেন। রাজস্ব সার্কেল-৭-এ নতুন কর কর্মকর্তা একেএম সালাহ্ উদ্দীন যোগদানের পর এ তথ্য প্রকাশ পেয়েছে। কিন্তু এ তথ্য তৎকালীন কর কর্মকর্তা জানে আলমের সময় ধরা পড়ল না কেন, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সার্কেল-৭-এর কর কর্মকর্তা একেএম সালাহ্ উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর ভয়াবহ দুর্নীতির বিষয়টি সামনে আসে। যা চসিক রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। মাহবুবুল আলম ছাড়াও এতে অনেকে জড়িত। তা ছাড়া তৎকালীন কর কর্মকর্তা এর দায় এড়াতে পারেন না।
তথ্যমতে, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৭-এর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের প্রথম অংশ হোল্ডিং নং-২১৫৪/২৪০৩-এর অ্যাসেস ভ্যালু নং ৭২ লাখ ৫০ হাজার টাকা ও শিটের মধ্যে নির্ধারণ ২২ লাখ ৭০ হাজার টাকা এবং আপিলে ১৫ লাখ টাকা চূড়ান্ত, রামপুর ওয়ার্ডের হোল্ডিং নং-১০৭২/১২৬১-এর অ্যাসেস ভ্যালু নং ২ লাখ ৭০ হাজার টাকা ও শিটের মধ্যে ১ লাখ ২ হাজার টাকা এবং আপিলে ৮০ হাজার টাকা চূড়ান্ত নিষ্পত্তি করা হয়।
জানা যায়, চসিককে রাজস্বে ঠকিয়ে রফাদফা করে নিজেদের পকেট ভারীর কর্মকাণ্ডের অভিযোগ চসিকের প্রধান আইন উপদেষ্টা জেলা জজ মহিউদ্দীন মুরাদের দপ্তরে ফাইল রয়েছে। রাজস্ব হেরফেরের অভিযোগে চলতি বছর ১৮ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চসিকের হিসাব কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব আশুতোষ দে স্বাক্ষরিত চিঠিতে মাহবুল আলমকে চসিক আইন উপদেষ্টার দপ্তরে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি প্রদান করা হয়েছে।