হাসিনাকে ফেরত পাঠানো
মোশাররফ বাবলু
প্রকাশ : ১৫ মিনিট আগে
আপডেট : ১৫ মিনিট আগে
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রশ্নে ভারতের কথিত দুই শর্ত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। বিশেষ করে শেখ হাসিনাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়ার এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে আগ্রহী নয় ঢাকা।
সরকারের অবস্থান হলো, শেখ হাসিনাকে ফিরতে হলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই আসতে হবে। দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও আদালতের রায় অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য কোনো দেশের চাপে বিচারিক প্রক্রিয়া পরিবর্তন বা আগাম নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। তবে তাকে ভারতের কাছ থেকে কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে আলোচনার পথ খোলা রয়েছে। সরকারের নীতিনির্ধারক সূত্র জানাচ্ছে, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য, বিচারিক সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়েই এগোবে ঢাকা।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন। তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এই প্রক্রিয়া আকাশ কিংবা স্থল যেকোনো পথেই হতে পারে। বাংলাদেশ কোনো সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে কিংবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও তাকে দেশে নিয়ে আসার জন্য গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশকে এই নিশ্চয়তা দিতে হবে যে, ফেরার পর শেখ হাসিনা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন, জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় তার বিচারপ্রক্রিয়া নতুন করে পরিচালনা করা হবে। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব শর্ত ঘোষণা করেনি। দুই সরকারের পক্ষ থেকেও তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করা হয়নি।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রথম শর্তটির সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হলেও দ্বিতীয়টি আইনি ও রাজনৈতিকভাবে জটিল। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। তার প্রত্যাবর্তনের পর আইনি প্রক্রিয়া দেশের আইন ও বিচারিক ব্যবস্থার আওতায় নির্ধারিত হবে। আপিল বা পুনর্বিচারের বিষয়ে আগাম নিশ্চয়তা দিতে সরকারের অনাগ্রহ রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরা ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তার বিরুদ্ধে যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে। আইনের আওতায় তার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।’
অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। তার প্রত্যর্পণের বিষয়ে আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সবই করা হয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। ভারত সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়। ১৯৭৩ সালের আইনের ৪৭(৩) ধারায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এ প্রসঙ্গে জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের বিষয়টি আইন অনুযায়ী বিবেচিত হবে। তার মতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই। তবে আপিল ও দণ্ড কার্যকরের চূড়ান্ত বিষয় আদালত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
নীতিনির্ধারকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কে সরকার দীর্ঘমেয়াদি অস্থিরতা চায় না। দুই দেশের বাণিজ্য, জ্বালানি, সীমান্ত, পানি বণ্টন, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইআইএসএসের গত ১২ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণেও শেখ হাসিনার অবস্থান নিয়ে মতপার্থক্য থাকলেও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।