সরকারের উন্নয়ন কর্মসূচি ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যাশিত গতি আনতে পারছে না প্রশাসন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজে ধীরগতি, দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তা এবং কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের শীর্ষ পর্যায়ের মূল্যায়নে উঠে এসেছে যে, প্রশাসনের একটি অংশের মধ্যে দায়িত্ব পালনের চেয়ে নিজেদের অবস্থান ধরে রাখার প্রবণতা বেশি গুরুত্ব পাচ্ছে। এতে নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সচিবদের কঠোর বার্তা দিয়েছেন সরকারের শীর্ষ দুই আমলা।
তাদের স্পষ্ট বক্তব্য, ব্যক্তিগত সম্পর্ক, পরিচিতি কিংবা সখ্য দিয়ে কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে না। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিতে পারবেন, তারাই দায়িত্বে থাকবেন। অদক্ষ কর্মকর্তাদের প্রয়োজনে সরিয়ে দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব বার্তা দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ অধিকাংশ সচিব উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টার নোটিসে ডাকা এ বৈঠকে প্রশাসনের কর্মদক্ষতা, সরকারের কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং মন্ত্রণালয়গুলোর সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রশাসনের কর্মকর্তাদের ওপর আস্থা রেখেই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এ আস্থার মর্যাদা রাখতে হবে কাজের মাধ্যমে। সরকারের অগ্রাধিকার অনুযায়ী দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে; শুধু নিয়মরক্ষার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। রাজনৈতিক বিরোধ, মতপার্থক্য কিংবা অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে অনেক সময় মাঠপর্যায়ের প্রকৃত চিত্র রাজনৈতিক নেতৃত্বের কাছে পৌঁছায় না। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের ওপর নির্ভর করেন। তাই তাদের দায়িত্বশীলতা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে।
দায়িত্বে অবহেলা করলে পদ ছাড়তে হবে
বৈঠকের আলোচনায় উঠে আসে যে, কোন কোন কর্মকর্তা রাজনৈতিক তদবিরে সচিব পদে আসীন হতে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালনে দক্ষতা দেখাতে পারছেন না। কতিপয় সচিবের প্রশাসনিক অদক্ষতায় রাজনৈতিক নেতৃত্বেও অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক নেতাদের একটি অংশ মনে করছেন, সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীও এ বার্তা পেয়েছেন।
বৈঠকে একজন সচিব মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের উদ্দেশে বলেন, ‘রাজনীতিবিদদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, প্রশাসনের কর্মকর্তারা যথাযথ নিষ্ঠার সঙ্গে কাজ করছেন না। হয়তো এ অভিযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।’
তিনি জানান, বিষয়টি কার ক্ষেত্রে প্রযোজ্য, তা তিনি জানেন না। তবে যদি সত্যিই এ রকম হয়, তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। আর যদি তা সত্য না হয়, তাহলে মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে এই ধারণা ভেঙে দেওয়া প্রয়োজন।
বৈঠকে শীর্ষ দুই আমলা সচিবদের উদ্দেশে জানান, ব্যক্তিগত যোগাযোগ বা সখ্যের ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে না। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কে কতটা কার্যকর ভূমিকা রাখছেন এবং মন্ত্রণালয়ের কাজে কতটা অগ্রগতি হচ্ছে, সেটিই হবে মূল্যায়নের প্রধান ভিত্তি। অদক্ষতা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
সূত্র জানায়, সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের ওপর আস্থা রেখেই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এ আস্থার মর্যাদা রক্ষা করতে হবে দায়িত্ব পালনের মাধ্যমে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও মা দুজনই রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও প্রশাসনের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীর স্পষ্ট ধারণা রয়েছে।’
তিনি বলেন, ‘স্থানীয় বিরোধ, রাজনৈতিক মতপার্থক্য কিংবা অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে অনেক সময় রাজনীতিবিদরা মাঠপর্যায়ের প্রকৃত চিত্র পান না বা তুলে ধরতে পারেন না। এ ধরনের পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে প্রধানমন্ত্রী আমলাতন্ত্রের ওপর নির্ভর করেন। ফলে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব আরও বেশি।’
বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের পর্যালোচনা
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের কাজে ধীরগতির বিষয়টি আলোচনায় আসে। অন্যদিকে শিক্ষা, কৃষি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের অগ্রগতির প্রশংসা করা হয়। বিশেষ করে স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নে দেরির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবকাঠামো উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ, যন্ত্রপাতি সংগ্রহ ও জনবল ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা সরাসরি জনসেবাকে ব্যাহত করে। তাই সরকারের সিদ্ধান্ত ও পরিকল্পনার বাস্তবায়নে গতি আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালকদের জবাবদিহি নিশ্চিতের নির্দেশ : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। সভায় প্রকল্প অনুমোদনের পরও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে দেরির কারণ খতিয়ে দেখতে সচিবদের নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিসভার আগেই নথি পাঠাতে হবে
প্রশাসনিক শৃঙ্খলা ও সমন্বয় বাড়াতে মন্ত্রিসভা এবং বিভিন্ন মন্ত্রিসভা কমিটির বৈঠকের নথি অন্তত দুই থেকে তিন দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও ক্রয়সংক্রান্ত নথি পাঠানোর কারণে কিংবা কোনো কোনো প্রস্তাব সরাসরি বৈঠকে উপস্থাপনের কারণে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ কমে যায়। তাই সময়মতো পূর্ণাঙ্গ নথি পাঠানো এবং প্রস্তাবের তথ্য যাচাই নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাবেক সচিব ও রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিভিল সার্ভিস অব পাকিস্তানের (সিএসপি) কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাদারত্বের প্রখর আত্মমর্যাদাবোধ ছিল। তারা এমন কোনো কাজ করতেন না, যাতে নিজেদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সময়মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানোর ক্ষেত্রেও তারা সচেতন ছিলেন। তাদের সঙ্গে কাজ করা বিসিএস কর্মকর্তারাও সেই পেশাদারত্বের চর্চা বজায় রেখেছিলেন। তবে এখন অনেক কর্মকর্তার মধ্যে পেশাদারত্বের উৎকর্ষ অর্জনের চেয়ে পদ-পদবি ধরে রাখার প্রবণতা বেশি বলে মনে করেন তিনি। এর প্রভাব পড়ছে কাজের গতি ও নথি নিষ্পত্তিতে।’