মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ভিত্তিতে তৈরি করা চিত্রকর্ম প্রদর্শন করছেন বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণ-তরুণীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার ঘিরে। মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে রায় ঘোষণা করবেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি।
এই রায় ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলাদেশের শরণার্থীশিবিরে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তারা ফিরে পাবেন নিজেদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথও সুগম হবে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ মানুষ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবার সেই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে ১৯ নভেম্বর।
ন্যায়বিচার ও নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশা

রায়ের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তারা গণহত্যার স্বীকৃতি ও ন্যায়বিচার পাবেন। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।
রোহিঙ্গা তরুণ আলমগীর বলেন, “যুক্তরাষ্ট্র এরই মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পক্ষও এ গণহত্যার বিষয়টি স্বীকার করেছে। এখন তারা আন্তর্জাতিক বিচার আদালতের কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।”
তিনি আরও বলেন, “রোহিঙ্গা নাগরিক হিসেবে তারা চান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”
উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা আব্দুর রশীদ বলেন, ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে। তাই আইসিজের রায় তাদের পক্ষে আসবে বলে আশা করছেন তারা।
রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা মো. তৈয়ব বলেন, তারা আর বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকতে চান না। ফিরতে চান নিজ দেশ মিয়ানমারে। ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়েরের প্রত্যাশা, আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিতের পথ তৈরি হবে। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া উচিত।
যেভাবে এগিয়েছে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলা
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে অভিযানকে সন্ত্রাসবিরোধী বৈধ কার্যক্রম বলে দাবি করে আসছে।
মামলায় গাম্বিয়া মিয়ানমারকে গণহত্যা সনদের অধীন বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী ঘোষণা, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়েছে। আদালতের এখতিয়ারের ভিত্তি হিসেবে ১৯৪৮ সালের গণহত্যা সনদের নবম অনুচ্ছেদ উল্লেখ করেছে দেশটি।
২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদে বর্ণিত কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
মিয়ানমার শুরুতে আদালতের এখতিয়ার ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলেছিল। তবে ২০২২ সালের ২২ জুলাই আদালত জানান, মামলাটি শুনানির এখতিয়ার তাদের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য। পরবর্তী সময়ে উভয় পক্ষ নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
এ মামলায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ পক্ষভুক্ত হয়েছে।
প্রত্যাবাসনে কী প্রভাব পড়তে পারে
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, “রোহিঙ্গা সংকট কেবল মিয়ানমার বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি একটি বৈশ্বিক ও আন্তর্জাতিক সংকট। আইসিজেতে গাম্বিয়ার পক্ষে রায় এলে তা রোহিঙ্গা শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি মনে করেন, রায়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও বাস্তুচ্যুতির বিষয়টি আরও গুরুত্ব পাবে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি তা কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও জরুরি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, গাম্বিয়ার দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রোহিঙ্গাদের পক্ষে রায় আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় রায়ের সরাসরি প্রভাব কতটা পড়বে, তা নিশ্চিত করে বলা কঠিন বলে জানান তিনি। তবে পরোক্ষভাবে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
তার মতে, রায়ের ফলে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায় আরও সোচ্চার হতে পারে। একই সঙ্গে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের সুযোগ তৈরি হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর ১৯ নভেম্বরের রায় ঘিরে তাই নতুন আশায় দিন গুনছেন লাখো রোহিঙ্গা। তাদের কাছে এই রায় শুধু একটি মামলার ফল নয়; এটি নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার, নাগরিকত্ব, নিরাপত্তা ও হারানো মর্যাদা ফিরে পাওয়ার প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে।