সৌরভ হোসেন
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নভেম্বরের শুরু থেকেই নতুন বোরো মৌসুমকে ঘিরে ফসলের মাঠে প্রস্তুতি শুরু করেছেন দেশের কৃষকেরা। জমি চাষ, বীজতলা তৈরি ও চারা রোপণের তোড়জোড়ে মুখর গ্রামীণ জনপদ। তবে স্বপ্ন নিয়ে মাঠে নামলেও উদ্দীপনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেচ, সার ও বীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি।
মৌসুমের শুরুতেই ডিজেল ও সারের বাড়তি দামে কোণঠাসা হয়ে পড়েছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা। ফসল তুলে দিনশেষে খরচের হিসাব মেলাতে পারবেন কি না, কিংবা ঋণের জালে জড়িয়ে পড়বেন কি নাÑ তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
সম্প্রতি বাজারে ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করায় কৃষিকাজের প্রতি ধাপেই ব্যয়ের ধাক্কা এসে পড়েছে। কৃষকদের হিসাব অনুযায়ী, ডিজেলের দাম বাড়ার কারণে কেবল জমি চাষ ও সেচ খরচ বাবদই প্রতি বিঘায় বাড়তি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে।
রংপুরের কৃষক আহাদ বলেন, তাদের এলাকার চাষাবাদ পুরোপুরি গভীর নলকূপ ও সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংয়ের কারণে সময়মতো পানি পাওয়া যায় না। বিদ্যুতের সংযোগ থাকলেও উচ্চ ইউনিটের কারণে খরচ পড়ছে বেশি। আহাদের হিসাবে, বর্তমানে প্রতি মণ ধান উৎপাদনে খরচ দাঁড়ায় ৮০০ থেকে ৯০০ টাকা, কিন্তু ফসল কাটার পর তা বিক্রি করতে হয় মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায়। ফলে ফসল ফলিয়ে লাভের বদলে উল্টো পকেটের টাকা খোয়া যাচ্ছে।
জ্বালানি তেলের পাশাপাশি সারের বাজারেও চরম ভোগান্তির কথা জানিয়েছেন চাষিরা। নাটোরসহ বিভিন্ন জেলা থেকে আসা অভিযোগে জানা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি সার কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। অন্য সারগুলোতেও বস্তাপ্রতি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নিচ্ছেন অসাধু ডিলার ও খুচরা বিক্রেতারা।
অভিযোগ উঠেছে, কৃত্রিম সংকট তৈরি করে খোলাবাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। সারের জন্য গভীর রাত থেকে ডিলারের দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বহু কৃষক খালি হাতে ফিরছেন। কোথাও কোথাও হট্টগোল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃষক মো. সিদ্দিক মিয়া আক্ষেপ করে বলেন, ‘ধান রোপণের আগেই সার, বীজ ও সেচের পেছনে পানির মতো টাকা ঢালতে হচ্ছে। বোরো ধান পানির ওপর নির্ভর করে, কিন্তু এবার এত খরচে পুরো মোট সেচ দেওয়া কঠিন হয়ে পড়বে।’
ঋণের জালে বর্গাচাষি ও খাদ্যনিরাপত্তায় ঝুঁকি
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বর্গাচাষি টুকু শেখের মতে, জমি চাষের শুরুতেই এনজিও, গ্রাম্য মহাজন কিংবা দোকানদারের কাছ থেকে বাকিতে উপকরণ কিনতে হয়। ধান ওঠার পর সেই পাওনা মেটাতে গিয়ে হাত খালি হয়ে যায়।
বাংলাদেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তার বড় অংশজুড়ে রয়েছে বোরো ধান। দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৫৫ শতাংশই আসে এই মৌসুম থেকে। ফলে উৎপাদন খরচ বাড়তে থাকায় প্রান্তিক কৃষকেরা আবাদ কমিয়ে দিলে জাতীয় চাল সরবরাহে নতুন সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকেরা।
উল্টো ভাষ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
সার ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা ড. সালমা লাইজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বোরো ধান আমাদের খাদ্যনিরাপত্তার প্রধান ভিত্তি। তেলের মূল্যবৃদ্ধিতে সেচ খরচ কিছুটা বাড়লেও মাঠপর্যায়ে এখনও কৃষকের মধ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি।’
তিনি দাবি করেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সমস্যা হচ্ছে অনেক কৃষক জমিতে পরিমাণের চেয়ে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন, যা মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করছে। সারের অপচয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে কৃষকদের সুষম মাত্রা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।