হাসনাত শাহীন
প্রকাশ : ৭ ঘণ্টা আগে
নীরবে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। প্রথমদিকে অনেকের শরীরে দেখা যায় না তেমন কোনো উপসর্গও। অথচ অজান্তেই ক্ষতিগ্রস্ত হতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ। একসময় দেখা দেয় হৃদরোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হারানো কিংবা স্নায়ুর সমস্যা। কারও জীবনে নেমে আসে দীর্ঘমেয়াদি চিকিৎসার বোঝা, কারও কমে যায় স্বাভাবিক কর্মক্ষমতা।
এমনকি প্রাণঘাতী জটিলতাও তৈরি হতে পারে। উদ্বেগজনক বিষয় হলো- দেশে এই নীরব ঘাতকের বিস্তার এখন ভয়ংকর রূপ ধারণ করেছে। কিন্তু আক্রান্তদের একটি বড় অংশ জানেনই না যে তাদের শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সর্বশেষ প্রকাশিত (আইডিএফ) ২০২৫ সালের ১১তম ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য বলছে, বাংলাদেশে ২০১১ সালে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৮৪ লাখ ৬ হাজার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজারে। অর্থাৎ মাত্র ১৩ বছরে রোগী বেড়েছে প্রায় ৫৪ লাখ ৭২ হাজার বা ৫৫ শতাংশ। রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। একই সময়ে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিসের বয়স-সমন্বিত হার ১০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। ২০১১ সালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ কোটি ৬০ লাখ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৮৭ লাখে। বৃদ্ধির হার প্রায় ৬১ শতাংশ। তবে বিশ্ব গড়ের তুলনায় বাংলাদেশে ডায়াবেটিসের বয়স-সমন্বিত হার বেশি।
আইডিএফএর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছতে পারে।
এমনই বাস্তবতায় সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আজ শনিবার পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫’। এবারে এ দিবসটির প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি সামনে রেখে বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসা সম্প্রসারণ যথেষ্ট নয়; প্রয়োজন প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
এদিকে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। নিজেদের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রত্যেককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।
জীবনযাত্রার পরিবর্তনে বাড়ছে নীরব মহামারি
ডায়াবেটিসের বিস্তারের পেছনে জীবনযাত্রার পরিবর্তনকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিজুক্ত খাবার, ফাস্টফুড, মিষ্টি পানীয়, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত শারীরিক ওজন এ রোগের ঝুঁকি বাড়ায়। এর সঙ্গে যুক্ত হচ্ছে নগরায়ণ, মানসিক চাপ ও অপर्याप्त ঘুম।
স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের জাতীয় অসংক্রামক রোগের ঝুঁকি বিষয়ক জরিপ অনুযায়ী, দেশের ১৬ দশমিক ২ শতাংশ মানুষ প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ ফলমূল ও শাকসবজি গ্রহণ করেন না। প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ মানুষের শারীরিক পরিশ্রম সুপারিশকৃত মাত্রার চেয়ে কম। প্রায় ১৭ শতাংশ মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি বা তারা স্থূলতায় আক্রান্ত।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা রোগতত্ত্ব ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জীবনযাত্রার ধরন বদলে যাওয়ায় দেশে ডায়াবেটিসের বিস্তার বাড়ছে। নগরায়ণের প্রভাবে বিশেষ করে শিশু-কিশোরদের শারীরিক পরিশ্রম ও খেলাধুলার সুযোগ কমে গেছে। খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, হাঁটার রাস্তা ও পার্কের সংকট তৈরি হচ্ছে। অন্যদিকে খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির উপস্থিতি বাড়ছে।
তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধে শিশু-কিশোর বয়স থেকেই সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাঁটা, খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের সুযোগ নিশ্চিত করতে হবে। খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও প্রাণিজ চর্বি পরিহার করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি মানসিক চাপমুক্ত থাকা, পর্যাপ্ত ঘুম এবং তামাক বর্জন জরুরি।
নারী ও কর্মক্ষম জনগোষ্ঠীর ঝুঁকি বেশি
দেশে ডায়াবেটিসের বিস্তারে উদ্বেগ বাড়াচ্ছে নারী ও তরুণ জনগোষ্ঠীর পরিস্থিতি। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ২৩ শতাংশ। একই বয়সী পুরুষদের মধ্যে এ হার ১৯ শতাংশ। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যেও ডায়াবেটিসের উপস্থিতি রয়েছে। এ বয়সী নারীদের ৯ শতাংশ ও পুরুষদের ৮ শতাংশে এ রোগ আক্রান্ত।
শহরাঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিডিএইচএসের তথ্য অনুযায়ী, শহরের নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ২৪ শতাংশ, গ্রামে ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে শহরে ১৭ শতাংশ এবং গ্রামে ১৩ শতাংশ। নগরাঞ্চলে শারীরিক পরিশ্রমের অভাব, হাটচলার সুযোগ সংকুচিত হওয়া, দীর্ঘ সময় বসে থাকা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এ ঝুঁকি বাড়াচ্ছে। ডায়াবেটিস থেকে নানা রোগের জন্ম : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিয়র, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিণতি হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এসব জটিলতার ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে।
অজান্তেই ডায়াবেটিস নিয়ে ঘুরছেন ৫৪ লাখ মানুষ
ডায়াবেটিসের বিস্তারের পাশাপাশি রোগ শনাক্তে বড় ঘাটতি রয়েছে। আইডিএফএর সর্বশেষ প্রকাশিত তথ্য হয়েয়েছে ২০২৪ সালে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশ জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। সংখ্যায় তা প্রায় ৫৪ লাখ ২৬ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৯ জনই রয়েছেন রোগ শনাক্তকরণের বাইরে। বিডিএইচএসের সর্বশেষ প্রকাশিত তথ্যে শনাক্তকরণের দুর্বলতা ফুটে উঠেছে। ২০২২-এর এই তথ্যে দেখা যায়, ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে অবগত ছিলেন না। জরিপ দুটির পদ্ধতি আলাদা হলেও উভয় তথ্য দেশেই ডায়াবেটিস শনাক্তকরণে বড় ঘাটতির ইঙ্গিত দেয়।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ডায়াবেটিস প্রতিরোধের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ব্যবস্থা জোরদার করতে হবে। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে গ্লুকোমিটারের মাধ্যমে রক্তের গ্লুকোজ পরীক্ষার সুযোগ থাকা দরকার। বয়স কম হোক বা বেশি, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা থাকলে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব। তখন জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
তিনি আরও বলেন, ডায়াবেটিস একবার হলে তা দীর্ঘমেয়াদি রোগ হিসেবে থেকে যায়। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলে আক্রান্ত ব্যক্তিও স্বাভাবিক ও দীর্ঘ জীবনযাপন করতে পারেন।
সরকার কিছু উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয় উল্লেখ করে ডা. মুশতাক হোসেন বলেন, বিশেষ করে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভাব রয়েছে। ডায়াবেটিস প্রতিরোধে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়সহ সব পক্ষকে যুক্ত হতে হবে। শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ, হাঁটার রাস্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। খাবারের মান এবং অতিরিক্ত চিনি-লবণের ব্যবহার নিয়ন্ত্রণেও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে।
চিকিৎসার পাশাপাশি প্রতিরোধে জোর
ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসাসেবা সম্প্রসারণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সমিতির তথ্য অনুযায়ী, বারডেম, বিআইএইভিস এবং ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের ৩২টি কেন্দ্র ও ৯৫টি অধিভুক্ত সমিতির মাধ্যমে দেশজুড়ে সেবা দেওয়া হচ্ছে। সমিতির আওতায় নিবন্ধিত রোগীর সংখ্যা প্রায় ৬৯ লাখ। এছাড়া চিকিৎসাসেবা সম্প্রসারণে প্রায় ২০ হাজার ৪৬৪ জন সাধারণ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে ৪০০ কাজীকে প্রশিক্ষণ দিয়ে বিবাহপূর্ব স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা তৈরি রযেছে সমিতি। এছাড়া সারা দেশে ৫৪টি গর্ভধারণ-পূর্ব সেবাকেন্দ্র থেকেও নারীরা সেবা পাচ্ছেন। পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে মসজিদভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধ কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শনিবার বারডেম হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা, রোড শো ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
তবে বিশেষজ্ঞদের মতে, এক দিনের সচেতনতামূলক কর্মসূচিতে এ সংকটের সমাধান হবে না। প্রয়োজন বহুজুড়ে প্রতিরোধ কার্যক্রম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সাশ্রয়ী চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি।