× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডি সফটওয়্যার

অজ্ঞাত মরদেহের তথ্যেই মিলবে নিখোঁজের সন্ধান

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৪৬ এএম

অজ্ঞাত মরদেহের তথ্যেই মিলবে নিখোঁজের সন্ধান

সারা দেশে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সাধারণ ডায়েরির (জিডি) তথ্য স্বয়ংক্রিয়ভাবে মেলাবে বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি সফটওয়্যার। এজন্য সফটওয়্যারে নতুন মডিউল যুক্ত করা হয়েছে।

এতে মরদেহের শারীরিক বর্ণনা ও পোশাকের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তির জিডির তথ্য তুলনা করা যাবে। ফলে মরদেহের পরিচয় শনাক্ত ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া সহজ হবে বলে আশা করছে পুলিশ। নতুন মডিউলে তথ্য অন্তর্ভুক্ত ও নিয়মিত হালনাগাদের জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে আঙুলের ছাপ যাচাই করে অনেক ক্ষেত্রে পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। বিশেষ করে মরদেহ পচে যাওয়ায় আঙুলের ছাপ নেওয়া না গেলে এ পদ্ধতি কার্যকর থাকে না। এ ছাড়া অনেকের এনআইডি না থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে অনেক মরদেহ অজ্ঞাতনামা বা ওয়ারিশহীন হিসেবে দাফন করতে হয়। নতুন মডিউলে প্রতিটি অজ্ঞাত মরদেহের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে এসব তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের জিডির তথ্য তুলনা করবে। মিল পাওয়া গেলে তা সংশ্লিষ্টদের দেখানো হবে। এতে তদন্তকারী কর্মকর্তারা মরদেহের পরিচয় শনাক্তে সহায়তা পাবেন।

পুলিশ সদর দপ্তর গত ২৬ অক্টোবর সংশ্লিষ্ট ইউনিটগুলোকে চিঠি দিয়ে নতুন মডিউলে তথ্য অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। পরে ৪ নভেম্বর আরেক চিঠিতে অজ্ঞাত মরদেহের তথ্য এন্ট্রির তাগিদ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সাধারণত যে থানায় অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়, সেখানেই তথ্য সীমাবদ্ধ থাকে। অন্য থানা বা ইউনিটের কাছে স্বয়ংক্রিয়ভাবে এসব তথ্য পৌঁছানোর ব্যবস্থা নেই। কেন্দ্রীয় সমন্বিত ডেটাবেস না থাকায় অনলাইন জিডিতে থাকা নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে অজ্ঞাত মরদেহের তথ্য মেলাতে জটিলতা তৈরি হয়।

এতে আরও বলা হয়, নিখোঁজ ব্যক্তি ও অজ্ঞাত মরদেহের তথ্যে মিল পাওয়া গেলে তা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এতে তদন্তকারীদের পরিচয় শনাক্তের কাজ সহজ হবে। এজন্য সারা দেশে উদ্ধার হওয়া প্রতিটি অজ্ঞাত মরদেহের বিস্তারিত তথ্য নতুন মডিউলে অন্তর্ভুক্ত ও নিয়মিত হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সাইফুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন পদ্ধতিটি অজ্ঞাত মরদেহ শনাক্তের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সহায়তা করবে। দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের বিস্তারিত তথ্য অনলাইন জিডি সফটওয়্যারের সংশ্লিষ্ট মডিউলে অন্তর্ভুক্ত ও নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশের প্রতিটি ইউনিট যাতে ভবিষ্যতে তথ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

পরিচয় শনাক্তের অপেক্ষায় দুই মরদেহ

গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার উত্তর ছনহরা এলাকার শ্রীমতি খাল থেকে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন ময়নাতদন্ত শেষে তা আঞ্জুমান মুফিদুল ইসলামের চট্টগ্রাম শাখার কাছে হস্তান্তর করা হয়। পরে ধর্মীয় রীতিতে দাফন করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে পুলিশ। পরিচয় শনাক্তে সহায়তা চেয়ে পুলিশের সংবাদ পোর্টালে মরদেহটির ছবি প্রকাশ করা হয়। উদ্ধারের সময় মরদেহটিতে পচন ধরেছিল।

এর আগে গত ১২ আগস্ট রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ি এলাকায় প্রায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসএ খালেক সিটি এলাকায় নির্মাণাধীন ভবনের পাশে ড্রেনের পানিতে মরদেহটি অর্ধনিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। পরিচয় শনাক্তে সহায়তা চেয়ে ডিএমপি নিউজে মরদেহটির ছবি প্রকাশ করে পুলিশ।

চার বছরে ২ হাজার ১০৪ ওয়ারিশহীন মরদেহ দাফন

আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ২ হাজার ১০৪টি ওয়ারিশহীন মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি, ২০২৫ সালে ৬৪৪টি এবং ২০২৬ সালের প্রথম আট মাসে ৪০০টি।

পুলিশ সদর দপ্তর গত ৩ সেপ্টেম্বর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নিখোঁজ শিশুদের ঘটনায় সারা দেশের থানাগুলোতে ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। বাকি শিশু তখন নিখোঁজ ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা