× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকটে জৈব সারে ঝুঁকছেন কৃষক

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২২:৪৫ পিএম

প্রয়োজনের সময় সরকারি দামে রাসায়নিক সার না পেয়ে বিকল্প হিসেবে জৈব সারের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের অনেক কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রয়োজনের সময় সরকারি দামে রাসায়নিক সার না পেয়ে বিকল্প হিসেবে জৈব সারের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের অনেক কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার চলমান সার সংকট ও অনিয়মের প্রভাব পড়েছে কৃষি খাতে। প্রয়োজনের সময় সরকারি দামে রাসায়নিক সার না পেয়ে বিকল্প হিসেবে জৈব সারের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের অনেক কৃষক।

গরুর গোবর, কম্পোস্ট ও অন্যান্য জৈব উপাদান ব্যবহার করে শীতকালীন সবজি চাষ করছেন তারা। কৃষকদের দাবি, জৈব সার ব্যবহারে ফসলের ফলনও ভালো হচ্ছে। এতে একদিকে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে, অন্যদিকে সার সংগ্রহের ভোগান্তি থেকেও কিছুটা রেহাই মিলছে।

অনুসন্ধানে জানা গেছে, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে জেলার সার সংকটকে কেন্দ্র করে প্রায় প্রতিটি উপজেলায় আন্দোলন-বিক্ষোভ হয়েছে। সকাল থেকে ডিলারের দোকান ও গুদামে অপেক্ষা করেও সার পাননি অনেক কৃষক। কোথাও কোথাও সার না পাওয়ার ক্ষোভে বিক্ষোভ ও গুদামে ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় একাধিক কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে হয়রানি ও আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সময়মতো ফসলের পুষ্টি চাহিদা পূরণ করতে জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন তারা।

ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের কৃষক মোত্তালেব, আমির হোসেন ও মনসুর আলীর সঙ্গে কথা বলে জানা যায়, পর্যাপ্ত রাসায়নিক সার না পাওয়ায় বাধ্য হয়ে তারা জৈব সার ও ম্যাগনেসিয়াম ব্যবহার করছেন। কেউ কেউ ইউরিয়ার বিকল্প হিসেবে ডিএপি সারও ব্যবহার করছেন। তাদের মতে, সঠিকভাবে জৈব সার প্রয়োগ করলে ফসলের উৎপাদন ভালো হয়।

একই চিত্র রৌমারী, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এসব এলাকার কৃষকের অভিযোগ, সরকারি নির্ধারিত দামে চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। ফলে হয়রানি এড়াতে খোলাবাজার থেকে প্রয়োজনের তুলনায় কম সার কিনে জমিতে প্রয়োগ করছেন তারা। এতে ফসলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে জৈব সারের ওপর নির্ভরতা বাড়ছে।

এদিকে চলতি মাসে কুড়িগ্রাম জেলায় ইউরিয়া ৪ হাজার ৪০৬ টন, টিএসপি ২ হাজার ১৬০ টন, ডিএপি ৪ হাজার ১০০ টন এবং এমওপি ৩ হাজার ৩৪৩ টন সার বরাদ্দ রয়েছে। এর বাইরে অতিরিক্ত ৫০০ টন করে টিএসপি, ডিএপি ও এমওপি বরাদ্দ পেয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, শীতকালীন ফসল উৎপাদনের জন্য জেলায় মোট ১৫ হাজার ৫০৯ টন সার বরাদ্দ পাওয়া গেছে। এ বরাদ্দ কুড়িগ্রামের চাহিদার তুলনায় যথেষ্ট। তবে ফসল উৎপাদনে জৈব সারের গুরুত্ব অপরিসীম। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা