× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে বাঁধ সংস্কার প্রকল্প

অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন

জোসনা জামান

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৩:০২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৩:০৪ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রকল্পের কয়েকটি কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবে মাত্র দেড় কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু করা ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়ছে প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। এই ব্যয় যৌক্তিক পর্যায়ে নামানো এবং কাজের নকশা পুনরায় যাচাই করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।

‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন’ প্রকল্পে এমন ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠেয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় ও নকশা নিয়ে আলোচনা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ৫ দশমিক ৪৫ কিলোমিটার নদীর তীর সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়ায় প্রায় ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। এই ব্যয়কেও বেশি বলে মনে করছে পরিকল্পনা কমিশন। সংস্থাটি ব্যয়ের যৌক্তিকতা পর্যালোচনা করে তা কমানোর সুপারিশ করবে।

এ ছাড়া ৮০ দশমিক ৪৬ কিলোমিটার অভ্যন্তরীণ বাঁধ উঁচু ও পুনর্বাসনে বরাদ্দ রাখা হয়েছে ১৫০ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা। এই ব্যয় প্রস্তাবও যৌক্তিকভাবে কমানোর পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের নকশা পুনরায় যাচাই করতে বলা হবে। প্রকল্পের আরেকটি খাতে ২ দশমিক ৭০ কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু ও পুনর্বাসনে ৫ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতি কিলোমিটারে এ ব্যয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। এই হিসাবও পর্যালোচনা করে ব্যয় কমানোর সুপারিশ করবে পিইসি।

পরিকল্পনা কমিশন নদীর তীর সংরক্ষণকাজে ব্যবহৃত জিও ব্যাগ ও ব্লকের পরিমাণ নিয়েও পর্যালোচনা করতে বলেছে। প্রস্তাবে এ দুটির ডাম্পিং অনুপাত ৫০:৫০ রাখা হয়েছে। এটি ৭০:৩০ অথবা ৬০:৪০ করা যায় কি না, তা পানি উন্নয়ন বোর্ডের নকশা পরিদপ্তরকে পরীক্ষা করতে বলা হবে। উপকূলীয় বাঁধের নকশা, কাজের স্থান এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর বিস্তারিত বিবরণ উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) যুক্ত করার সুপারিশও থাকবে। বাঁধ পুনর্বাসনে কত পরিমাণ মাটি লাগবে, তা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে বলা হয়েছে। এ জন্য প্রতি ২০০ থেকে ২৫০ মিটার পরপর মাটির পরিমাণ ছক আকারে উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) কবীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্পের বিভিন্ন ব্যয় প্রস্তাব যাচাই করা হচ্ছে। পিইসি সভায় সংশ্লিষ্টদের কাছে এসব ব্যয়ের ব্যাখ্যা চাওয়া হবে। এরপর সবার সম্মতির ভিত্তিতে সুপারিশ দেওয়া হবে।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৭০৪ কোটি ৩৭ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করবে। চলতি নভেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় ৮০ দশমিক ৪৬ কিলোমিটার বাঁধ উঁচু ও পুনর্বাসন, ৫ দশমিক ৪৫ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ২৪টি রেগুলেটর এবং ৩২টি ইনলেট ও আউটলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের হিসাবে, এটি বাস্তবায়িত হলে প্রায় ৯ হাজার ৮৫৫ কোটি ৫৬ লাখ টাকার স্থায়ী সম্পদ বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি প্রায় তিন লাখ মানুষ বন্যাজনিত জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

প্রকল্পের আওতায় ১ হাজার ৮২৩ হেক্টর কৃষিজমি সুরক্ষিত হওয়ার কথা রয়েছে। এতে বর্তমানে উৎপাদিত ১০ হাজার ৮২৬ দশমিক ৯০ টন ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। পাশাপাশি উৎপাদন বাড়বে আরও ১৪ হাজার ৬৫১ দশমিক ৯০ টন। এর বাজারমূল্য ধরা হয়েছে ৩৬ কোটি ৩২ লাখ ৮৫ হাজার টাকা।

এ ছাড়া ৪ হাজার ১৬০ দশমিক ৩৩ হেক্টর জমিতে উৎপাদিত প্রায় ২ লাখ ৯৫ হাজার ৭০০ টন লবণ বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। এর বাজারমূল্য ২৮০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। প্রকল্প শেষে লবণ উৎপাদন আরও ৭৩ হাজার ৯২৫ টন বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭০ কোটি ২৩ লাখ টাকা। মাছের উৎপাদনও বছরে ১৮৪ দশমিক ৯০ টন বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, পেকুয়া উপকূলীয় হওয়ায় সেখানে আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি রয়েছে। ষাটের দশকে নির্মিত পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি-এর বাঁধের বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, উচ্চ জোয়ার ও ঢেউয়ের আঘাতে বাঁধের সক্ষমতা কমেছে। ফলে জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো রক্ষায় পুনর্বাসনের প্রয়োজন দেখা দিয়েছে। প্রস্তাবিত প্রকল্পে কর্মসংস্থানেরও সম্ভাবনা দেখানো হয়েছে। বাস্তবায়নকালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩ হাজার ৫৫০ জনের কাজের সুযোগ তৈরি হতে পারে। প্রকল্প শেষ হওয়ার পর দীর্ঘ মেয়াদে আরও ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা