ইফতেখার মাশরুর গালিব, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২২:০৩ পিএম
খোকসা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় একই সময়ে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় একই সময়ে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
খোকসা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ শুরুর প্রায় তিন মাস পেরিয়ে গেছে। তবে কাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্মাণকাজ চলাকালে যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে খোকসা থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌরসভার রিজিওনাল আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ড্রেন নির্মাণকাজও প্রায় এক সপ্তাহ ধরে চলছে। এ কাজ শেষ হতে আরও দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন নির্মাণকাজের কারণে সড়কের এক পাশ দিয়ে ভ্যান, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। পাশাপাশি ফুটপাতের বিভিন্ন স্থানে দোকানের সাইনবোর্ড ও অন্যান্য সামগ্রী রাখায় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। এতে সড়কে যানবাহনের চাপ বেড়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।
স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের সঙ্গে দুজন আনসার সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, নির্মাণকাজ চলাকালে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত করা এবং প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হলে যানজট অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খালিদ বিন মনসুর বলেন, খোকসা বাসস্ট্যান্ডে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের যে উন্নয়নকাজ চলছে, সেখানে পৌর প্রশাসনের তেমন কিছু করার নেই। তবে বাজারের মধ্যে ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় কিছুটা যানজট হওয়া স্বাভাবিক।
খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু বলেন, খোকসা বাজারে অনিয়ন্ত্রিতভাবে বড় বড় ট্রাক থেকে পণ্য ওঠানামা করা হয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভ্যানের সংখ্যাও বেড়েছে। এসব কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।
খোকসা বাজারের ব্যবসায়ী নাহিদুজ্জামান নাহিদ বলেন, ড্রেন নির্মাণের কাজ ধাপে ধাপে দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া এবং যানবাহন চালকদের শৃঙ্খলা মেনে চলাচল নিশ্চিত করা গেলে যানজট অনেকাংশে কমে আসবে।