বেগম রোকেয়ার জন্মভিটা
এহসানুল হক সুমন, রংপুর
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম
পরিত্যক্ত অবস্থায় পায়রাবন্দ নারী প্রশিক্ষণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বেগম রোকেয়া বাঙালি নারী জাগরণের পথিকৃৎ। রংপুরের পায়রাবন্দে তার জন্মভিটা। জন্মভিটা দেখার কৌতূহল রয়েছে অনেকের। তাই পায়রাবন্দে নির্মাণ করা হয় একটি রেস্ট হাউস। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রশিক্ষণ কেন্দ্র। দুটিই আজ পরিত্যক্ত। মাদকাসক্তদের আড্ডাস্থল।
বেগম রোকেয়ার জন্মভিটা দেখতে আসা ব্যক্তিদের এখানে থাকার সুব্যবস্থা ছিল না। তাই পায়রাবন্দের পাশে ১৯৬৮ সালে একটি রেস্ট হাউস তৈরি করা হয়।
অন্যদিকে রোকেয়ার জন্মভিটায় গড়ে তোলা হয় একটি নারী প্রশিক্ষণ কেন্দ্র। জেলা পরিষদ ১৯৯৭ সালে এটি গড়ে তোলে। স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তোলাই ছিল উদ্দেশ্য। টানা ২০০৪ সাল পর্যন্ত এটি চালু ছিল। সেলাইসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার নারী স্বাবলম্বী হয়েছেন।
নারী জাগরণের পথিকৃৎ ও অগ্রদূতের জন্মভিটাকে ঘিরে তৈরি হওয়া দুটি স্থাপনার বর্তমান যে হাল তা কেউ আশা করেনি। দেখভালের অভাবে দুটি আজ পরিত্যক্ত। দুটিতে মাদকসেবীদের নিরাপদ আড্ডার স্থান। স্থাপনা দুটি নিয়ে কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০০৪ সালের ৪ অক্টোবর রোকেয়া স্মৃতিকেন্দ্র চালু হয়। এখানে ডরমেটরিসহ থাকার ব্যবস্থা থাকায় রেস্ট হাউসের দিকে কেউ তাকায়নি। এরপর স্থাপনা দুটি জরাজীর্ণ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, রোকেয়া স্মৃতিকেন্দ্রে যাওয়ার আগে প্রধান সড়কের পাশের একটি সাইনবোর্ডে লেখা আছেÑ জেলা পরিষদ রেস্ট হাউস, পায়রাবন্দ, রংপুর। রেস্ট হাউসের চারপাশে একসময় দেয়াল দ্বারা ঘেরা থাকলেও এখন শুধু সড়কের পাশের দেয়ালটি টিকে আছে। পুরো রেস্ট হাউসের আঙিনা মেহগনিসহ নানা গাছপালায় ঘেরা। একতলা রেস্ট হাউসের দুটি কক্ষ। বন্ধ কক্ষ দুটির জানালার কাচ ভাঙা। দরজাও ভেঙে গেছে। খসে পড়েছে ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা। দরজা-জানালার বিভিন্ন স্থান মাকড়সার জালে আবৃত্ত। রোকেয়ার জন্মভিটার সামনে জেলা পরিষদের দোতলা প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থাও প্রায় একই। ভবনের পলেস্তারা খসে পড়েছে। নিচতলায় একটি দরজা ও জানালা নেই।
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জেলা পরিষদের রেস্ট হাউস ও প্রশিক্ষণ ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তা জানতে পেরেছি। কিছুদিনের মধ্যেই সেখানে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।