খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি) ও মোহাম্মত আলী (রাঙামাটি)
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ০৯:২৭ এএম
সাজেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটির সাজেক ভ্যালিতে ১৬ দিনের সড়ক অবরোধে পর্যটন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকের একমাত্র সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকশূন্য হয়ে পড়েছে জনপ্রিয় এ পর্যটনকেন্দ্র। ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা, কর্মহীন হয়েছেন শ্রমিকরা। দীর্ঘ অচলাবস্থায় স্থানীয়দের মধ্যে খাদ্য ও ওষুধের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রভাব পড়েছে খাগড়াছড়ির ব্যবসা-বাণিজ্যেও। নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
ব্যাহত স্বাভাবিক জীবন
সাজেকের অচলাবস্থার পেছনে রয়েছে কয়েকটি আঞ্চলিক সংগঠনের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচি। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ চলছে। এর পাল্টা কর্মসূচি হিসেবে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। প্রথম পক্ষের অবরোধে কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের বহনকারী যানবাহনে ছাড় দেওয়া হলেও সাধারণ যান চলাচল স্বাভাবিক হয়নি। দুই পক্ষের কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে জরুরি যাতায়াত, চিকিৎসাসেবা ও নিত্যপণ্য সংগ্রহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি
সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩১ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে মাচলংয়ের কলাবুনিয়া ও কজোইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
সমঝোতার উদ্যোগেও কাটেনি অচলাবস্থা
সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করতে ২৬ অক্টোবর উজো বাজারে প্রশাসন ও অবরোধকারীদের বৈঠক হয়। এতে অবরোধকারীদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার পর চারটিতে সমঝোতা হলেও একটি দাবি অমীমাংসিত থাকে। বৈঠকে খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দুই জেলার জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক পক্ষ অবরোধ শিথিল করলেও পাল্টা কর্মসূচির কারণে সড়কে স্বাভাবিক যান চলাচল ফেরেনি।
পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা
সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন পর্যটননির্ভর শত শত শ্রমিক ও কর্মচারী। অবিক্রীত খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। যান চলাচল বন্ধ থাকায় রিসোর্ট ও কটেজে অবস্থানরত কর্মচারীদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহও ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে খাগড়াছড়ি শহরের পর্যটন ব্যবসায়ও। সড়ক অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পর্যটকেরা ভ্রমণ বাতিল করায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটকবাহী গাড়ির ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়ে উদ্বেগ
দীর্ঘদিন যান চলাচল ব্যাহত হওয়ায় সাজেকে চাল, চিনি, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মজুদ কমে আসছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় দোকানি জনসিম চাকমা জানান, তার দোকানে চাল ও চিনি শেষ হয়ে গেছে। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় নতুন করে মালামাল সংগ্রহ করা যাচ্ছে না।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, কিছু এলাকায় খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রীরও ঘাটতি দেখা দিয়েছে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, জনপ্রতিনিধিদের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানও খাদ্য সংকটের খবর পেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থগিত কঠিন চীবর দান উৎসব
সাজেকের অচলাবস্থায় ব্যাহত হচ্ছে ধর্মীয় ও সামাজিক আয়োজনও। নিরাপত্তাজনিত কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব দানোত্তম কঠিন চীবর দান স্থগিত করা হয়েছে।