হবিগঞ্জ মেডিকেল কলেজ
আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:২২ পিএম
হবিগঞ্জ মেডিকেল কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী বাড়লেও কাটেনি অবকাঠামোগত সমস্যা। নেই নিজস্ব হাসপাতাল, শিক্ষার্থীদের আবাসন কিংবা পূর্ণাঙ্গ ক্যাম্পাস। জেলা সদর হাসপাতালের ভবনে অস্থায়ীভাবে চলছে কলেজের শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম।
মাত্র পাঁচটি ক্লাসরুম, পাঁচটি অফিস রুম ও একটি গবেষণাগার নিয়ে চলছে কলেজটি। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান ও ব্যবহারিক শিক্ষা।
দীর্ঘদিনের এ সংকট কাটাতে এবার হবিগঞ্জ সদরের নুরপুর উত্তর ও চতুল মৌজায় ৩০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছের আন্তরিক প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের আশা, জমির জটিলতা কাটলে শুরু হবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম এবং গড়ে উঠবে ৫০০ শয্যার হাসপাতাল।
হবিগঞ্জ মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল নেই। এতে শিক্ষার্থীদের ব্যবহারিক ও ক্লিনিক্যাল শিক্ষা কার্যক্রমের জন্য জেলা সদর হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। শিক্ষার্থীরা জানান, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক ব্যবস্থা ও নিজস্ব হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিষ্ঠার ১০ বছর পরও এসব মৌলিক সুবিধার অনেকগুলো নিশ্চিত না হওয়ায় তাদের শিক্ষা কার্যক্রম নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে জায়গা নির্বাচন নিয়ে জটিলতার বিষয়টি।
এবার সদরের নুরপুর উত্তর ও চতুল মৌজায় ৩০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়ায় আশার আলো দেখছেন অনেকেই। জানা গেছে, জেলা প্রশাসন জমি নির্ধারণ করে অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ একটি ডিও লেটার দিয়েছেন।
হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ জাবেদ জিল্লু বারী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপির প্রচেষ্টায় হবিগঞ্জ মেডিকেল কলেজকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কাজের আওতায় নেওয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য খুবই উপযোগী। দ্রুত সময়ের মধ্যে জমির সমস্যা সমাধান হবে। এরপরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছি।