শ্রমিক আন্দোলন
আজিজুল ইসলাম
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১০:২৫ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১০:২৬ এএম
শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলারাক্ষাকরী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় অন্তত ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত মিরপুরে অর্ধশতাধিক, গাজীপুরে ২৮, সাভার-আশুলিয়ায় ৩০ ও নারায়ণগঞ্জে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেজন্য তথ্য-উপাত্ত যাচাই করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গাবতলী থেকে মো. আবু হানিফ (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মিরপুর-১০ এলাকায় শ্রমিকদের বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। তার বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তিনি মিরপুরের শাহ আলীবাগ বৌবাজার এলাকায় বসবাস করতেন।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
শিল্পপুলিশের প্রধান মো. ইসরাইল হাওলাদার বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি শনাক্তের পাশাপাশি গোয়েন্দা তথ্যও যাচাই করা হচ্ছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে নির্দেশনা রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাইদ বলেন, নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এড়াতে ভিডিও ফুটেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অনেক স্থানে ক্যামেরা না থাকায় গোয়েন্দা তথ্যের ওপরও নির্ভর করতে হচ্ছে।
গাজীপুরে ৯ মামলায় গ্রেপ্তার ২৮
গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নয়টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শ্রমিক আন্দোলনে কারা ইন্ধন দিয়েছেন এবং সহিংসতায় উস্কানি দিয়েছেন, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি শিল্পাঞ্চলে বিভিন্ন মন্ত্রণালয়, শ্রমিক সংগঠন, সিবিএ ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রমও নজরদারিতে রাখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
সাভার-আশুলিয়ায় ৮ মামলা, গ্রেপ্তার ৩০
সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি ও সহিংসতার অভিযোগে আটটি মামলা হয়েছে। এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বহিরাগত ও উস্কানিদাতারাও রয়েছেন। এর আগে কারখানা ভাঙচুর, মারধর ও বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় অন্তত ২ হাজার ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে শ্রমিকদের নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকদের আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।
নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারবিরোধী উস্কানির ঘটনা ঘটে। আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা রয়েছেন।