প্রতীকী ছবি।
রাজধানীর মহাখালীর বাসিন্দা নিম্নমান সহকারী আহসান কবির এক যুগের চাকরিজীবনে প্রথম দিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে নিয়মিত মাংস, ইলিশ মাছ ও পোলাও খেতেন। পরিবারের সঙ্গে সাপ্তাহিক এ আয়োজন ঘিরে থাকত একটা উৎসবের আবহ। কিন্তু তিন-চার বছর ধরে এসব খাবারের আয়োজন দু-তিন মাসে একবার করতেই হিমশিম খান তিনি। বাচ্চাদের কথা চিন্তা করে মাঝে মাঝে ছোট ইলিশ কেনেন। প্রতিদিনের বাংলাদেশের কাছে আক্ষেপ করে বলেন, ‘কী দিন আসলো ভাই, ছুটির দিনেও ভালোমন্দ খাব, তার উপায় নাই।’ শুধু আহসান কবির নন, একটা সময় নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তের ছুটির দিন শুক্রবার শুরু হতো গরুর মাংস, পোলাও রান্নার উৎসবের আমেজে। সঙ্গে লোভনীয় ইলিশ মাছের উপস্থিতি যোগ করত বাড়তি আনন্দ। ইলিশের গন্ধ ছড়িয়ে পড়ত বাড়িময়। আর এখন বাড়ির কর্তা পারতপক্ষে এড়িয়ে যান মাংস আর ইলিশের দোকান। বিকল্প খুঁজে নেন চাষের কই, পাবদা, টেংরা কিংবা চাষের পাঙ্গাশ ব্যাগে ভরে।
ম্লান হতে শুরু করেছে সাপ্তাহিক ছুটি ঘিরে আনন্দ, কমছে সাত দিনে এক দিন ভালো খাওয়ার সুযোগও। বছরের বড় উৎসব ছাড়া গরুর মাংস কিংবা ইলিশ বাড়ির চৌকাঠ পেরোতে পারে না। সাপ্তাহিক পারিবারিক আয়োজনে ভালো খাওয়ার সামর্থ্যে টান পড়েছে স্বল্প আয়ের মানুষের।
কেন মাংসের দাম নাগালের বাইরে
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালের এপ্রিলে প্রাণিসম্পদ অধিদপ্তরের জারি হওয়া আমদানিনীতি আদেশে মানুষের খাওয়ার উপযোগী পশুর মাংস আমদানির ক্ষেত্রে পূর্বানুমতির বিষয়টি আইন হিসেবে সামনে আসে। এরপর থেকে মাংস আমদানির অনুমতি দেওয়া হয় না। এর আগে ২০১৪ সালে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করে। এ পরিস্থিতিতে বর্তমানে বাজারে গরুর মাংস ৮০০-৮৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এর আগে ২০১৯ সালে রোজার মাসের জন্য ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন গরুর মাংসের দাম কেজিপ্রতি ৫২৫ টাকা বেঁধে দেয়। ২০২১ সালের একই সময়ে দাম ছিল ৫৬০ থেকে ৬০০ টাকা। ২০২২ সালে গরুর মাংস বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকা দরে। কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে নিত্যপণ্যের মূল্যতালিকায় ২০২৬ সালের ২ নভেম্বর গরুর মাংসের কেজি ৭৪৩ থেকে ৭৭৫ টাকা উল্লেখ করা হয়েছে। বাস্তবে ৮০০ টাকার নিচে গরুর মাংস পাওয়া যায় না।
ইলিশ কেনার সামর্থ্য নেই সবার
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, ২০১৪-২০১৬ সাল পর্যন্ত ১ কেজি ওজনের ইলিশের গড় দাম ছিল ১ হাজার টাকার মধ্যে। ২০২৩ সালে এর দাম বেড়ে হয় ১২০০ টাকার বেশি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সমীক্ষা অনুযায়ী, ২০২৪ সালে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ১ হাজার ৮০০ টাকায়। ২০২৫ সালের আগস্টে এক–দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ২০২৬ সালের নভেম্বরে এসে সে দাম আরও বেড়েছে। নিম্নবিত্ত-নিম্ন-মধ্যবিত্ত নিয়মিত এ মাছ কেনার সামর্থ্য হারিয়েছে। বিকল্প হিসেবে সস্তায় চাষের কই, রুই-পাঙ্গাশের দিকে ঝুঁকছে। সাধ আর সাধ্যের লড়াইয়ে খাবারের মেন্যু গেছে বদলে।
পোলাওয়ের চালের দাম প্রায় দ্বিগুণ
১৩০ টাকার পোলাওয়ের চালের দাম এখন কয়েক বছরে ২৩০ টাকায় পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর যদিও দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পোলাওয়ের চাল রপ্তানির অনুমোদিত পরিমাণ অর্ধেক কমিয়ে দিয়েছে সরকার। তবে এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্তের পরে পোলাওয়ের চালের উচ্চমূল্য আর কমেনি।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মাংস আমদানির ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় নীতিনির্ধারক, আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই।’ দেশের পর্যাপ্ত গরুর মাংস, সুগন্ধি চাল উৎপাদন, ইলিশ মাছ ধরা পড়ছে কি নাÑ এসংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভেজষ চিকিৎসক ডা. ফরহাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, সরকার এই খাদ্যপণ্যগুলোর দাম নির্ধারণ করে দিতে পারে। পাশাপাশি গরুর মাংস আমদানি করার বিষয় নতুন করে ভাবতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহম্মেদ উল্লাহ বলেন, গরুর মাংস আমদানির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে নীতিমালা তৈরি করছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়া আমরা মাংস আমদানির বিষয়ে ছাড়পত্র দিতে পারি না।
তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গরুর মাংস আমদানির নীতিমালার বিষয়ে কোনো কার্যক্রম নেওয়া হয়নি। তিনি বলেন, অতিরিক্ত ইলিশ আহরণের কারণে ইলিশের উৎপাদন কমে গেছে। তিনি জানান, শুধু বরিশাল অঞ্চলে প্রায় ২ কোটি মানুষ ইলিশ মাছ আহরণে যুক্ত। এই অতি আহরণ বন্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থান করতে হবে। সরকারও এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে।
পোলাওয়ের চাল বিষয়ে নওগাঁর চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, সরকার কয়েক মাস পূর্বে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়ায় পোলাওয়ারে চালের দাম বেড়ে যায়। তার ভাষ্য অনুযায়ী, এক মণ চালের উৎপাদন খরচ ৫ হাজার ৪৪০ টাকা, বিক্রি হচ্ছে প্রতি মণ ৭ হাজার ২০০ টাকা। মিল গেটে প্রতি মণে প্রায় ২ হাজার টাকা লাভ করছেন মালিকরা। আর ১৩৬ টাকার উৎপাদন হওয়া চাল ভোক্তা পর্যায়ে খোলা ও প্যাকেটজাত হয়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা দরে। দিনাজপুর চালকল মালিক সমিতির নেতা মোসাদ্দেক বলেন, সরকার বড় পরিমাণ চাল রপ্তানির সুযোগ দেওয়া বাণিজ্যিক কোম্পানিগুলো চাল সংগ্রহ করে ফেলেছে। তাই এই মুহূর্তে বাজারে চালের সংকট রয়েছে। ধানের উৎপাদন মৌসুম না আসা পর্যন্ত দাম কমবে না।