সংসদ ভবন
দেশের উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে শীতের হাওয়া। শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সবুজ প্রান্তরে শিশির পড়ছে। শীতের আমেজে ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। শীতের আগমনী বার্তার মধ্যেই রাজনৈতিক অঙ্গন থেকে মিলছে উত্তাপের আভাস। বিশেষ করে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ড, দেশে বিদ্যমান নানা অস্থিরতা, রাজনৈতিক বৈরিতা ও কাদা ছোড়াছুড়ি। চরম আস্থার সংকটের কারণে শীতের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনটি উত্তপ্ত হয়ে উঠতে পারে মনে করছেন অনেকেই।
রাজনীতি সচেতন মহল ও বিশ্লেষকদের মতে, গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগসাজশের অভিযোগ ঘিরে আগেই উত্তপ্ত ছিল দেশের রাজনৈতিক অঙ্গন। এর সঙ্গে যুক্ত হয়েছে পোশাক শিল্প খাতকে ঘিরে নানা ষড়যন্ত্র, অস্থিরতা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে বিরোধে নতুন মাত্রা।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ নভেম্বর বেলা সাড়ে ৩টায় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের দিনক্ষণ ঘনিয়ে এলেও দুই প্রধান রাজনৈতিক শিবিরের অনমনীয় অবস্থানের কারণে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যকার টানাপড়েনে নতুন মাত্রা যোগ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের আঁতাতের অভিযোগ। গত ২০ অক্টোবর রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও বিরোধী পক্ষের একটি অংশ দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, ‘একটি পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে, আর অন্য পক্ষ এখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’ এর আগে ১ অক্টোবর ফেনীর ফুলগাজীর এক অনুষ্ঠানেও একই সুর তুলে প্রধানমন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগ ও জামায়াত আবার এক হয়ে অতীতের মতো গোপনে রাজনৈতিক সমঝোতা করছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা তোপ দেগেছে বিরোধী জোট। দুপক্ষের বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি। বিরোধী জোটের অভিযোগ, নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরই বিএনপি সরকার তাদের সংস্কারের মূল প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং কর্তৃত্ববাদী শাসনের পথ ধরেছে। ১৮ অক্টোবর ঢাকায় এক আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘এই সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ।’ তিনি বলেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটের গণরায়কে সম্মান জানালে আজ সংসদের বাইরে রাজপথে আন্দোলনের প্রয়োজন হতো না। সরকারপ্রধানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব।’ এর আগে সেপ্টেম্বর মাসে এক কর্মসূচিতে ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেছিলেন, বিরোধী জোটের তুলে ধরা আট দফা দাবি উপেক্ষা করা হলে তা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটানোর এক দফার আন্দোলনে পরিণত হতে পারে।
এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান সংশোধনের কাজ প্রচলিত সংসদীয় বিধি ও সাংবিধানিক কাঠামোর ভেতরেই করতে হবে। সংবিধানে পৃথক ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো আইনি বিধান নেই। তবে সরকারের এই যুক্তি মেনে নেয়নি বিরোধী দল। তারা সংস্কারপ্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সরকারের গঠিত বিশেষ কমিটি বর্জন করেছে এবং এর আগে সংসদ থেকে ওয়াকআউটও করেছে।
অন্যদিকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন হওয়ার প্রায় পাঁচ মাস পর সংবিধান সংস্কার ইস্যুতে পাল্টা উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এ লক্ষ্যে এ জোট ১৫ সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে। কমিটিতে ১১-দলীয় জোটের রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ কমিটি সংবিধান সংস্কারের দাবি তুলে ধরবে। পাশাপাশি সংসদ বর্জন এবং রাজপথে বড় সমাবেশসহ কঠোর কর্মসূচির বিষয়টিও বিবেচনায় রয়েছে এ ঐক্যজোটের। সংসদের আসন্ন অধিবেশনে এ ইস্যুতেও তৎপর থাকতে পারে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট।
এ ছাড়া প্রশাসনিক ক্ষেত্রে দলীয়করণ ও স্থানীয় উন্নয়ন বরাদ্দে বৈষম্য নিয়ে সোচ্চার বিরোধী দল। তাদের অভিযোগ, সরকারি দলের সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ থাকলেও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না। তা ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও সরকারি কেনাকাটায় স্বচ্ছতার প্রশ্নে সরকারের শিথিলতার বিষয়ে আসন্ন অধিবেশনে জবাবদিহি চাইতে পারে বিরোধী দল।
বিরোধী দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন অধিবেশনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার, লাগামহীন দ্রব্যমূল্য, বিদ্যুৎ-জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুগুলো নিয়ে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট। সংসদে কথা বলার সুযোগ না দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে বিরোধী মতামত উপেক্ষার অভিযোগও তারা নতুন করে তুলতে পারে। সব মিলিয়ে সমঝোতার পথ সংকুচিত হয়ে আসায় অধিবেশনজুড়ে তীব্র বাকযুদ্ধ, প্রতিবাদ ও ওয়াকআউটের মতো ঘটনা ঘটার প্রবল আশঙ্কা রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জনগুরুত্বপূর্ণ যেকোনো ইস্যুতে সংসদে কথা বলার পূর্ণ সুযোগ পাবে বিরোধী দল। সরকার সব সময়ই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। চিফ হুইপ স্মরণ করিয়ে দেন, ‘এই সংসদেই আমরা দেশের চরম বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় এক হয়ে কাজ করেছি। বিরোধী দল অন্য পথে না হাঁটলে বাকি সংকটগুলোর সমাধানও আলোচনার মাধ্যমেই সম্ভব হতো।’ রাজপথের আন্দোলন পরিহার করে জাতীয় স্বার্থে বিরোধী দলকে সংসদে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতেও তারা কথা বলার পর্যাপ্ত সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতেও তা পাবে।
এ বিষয়ে ১১-দলীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ড. এইচএম হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগামী দিনের কর্মসূচি নির্ধারণে খুব শিগগির জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সংবিধান সংস্কারের বিষয়ে ১৫ সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার আয়োজন করবে। পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনদের মতামত ও অভিজ্ঞতাও সামগ্রিক আলোচনায় তুলে ধরা হবে।’