নিউরোসায়েন্স হাসপাতাল
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
হঠাৎ একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের হাত অবশ হয়ে খসে পড়ে চায়ের কাপ, সচল পা আটকে যায় মাটিতে। যে কণ্ঠ একটু আগেও সংসারের হিসাব মেলাচ্ছিল, সেই কণ্ঠ জড়িয়ে আসে অস্পষ্ট শব্দজড়তায় আর দৃষ্টিতে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম স্ট্রোক। নিভু নিভু প্রাণের সামনে দাঁড়ানো স্বজনদের কাছে এ যেন মুহূর্তে গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাওয়া। এই নিঃশব্দ ঝড়ে একটি প্রাণ যখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ায়, তখন প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে সবচেয়ে দামি। চিকিৎসকরা বলেন, ‘টাইম ইজ ব্রেইন’। মস্তিষ্কে রক্ত পৌঁছানো বন্ধ থাকা প্রতিটি মিনিটের অর্থ লাখ লাখ স্নায়ুকোষ চিরতরে হারিয়ে যাওয়া।
স্ট্রোকসহ মস্তিষ্ক ও স্নায়ুর নানা জটিল রোগের চিকিৎসায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুমূর্ষু রোগী নিয়ে স্বজনেরা ছুটে আসেন রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে, যা সবার কাছে নিউরো হাসপাতাল নামে পরিচিত। তাদের একটাই চাওয়াÑ প্রিয় মানুষটি যেন আবার কথা বলে, নিজের পায়ে হেঁটে ঘরে ফেরে। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালের দরজায় পৌঁছলেও সেখানে তাদের মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার।
সংশ্লিষ্টরা বলছেন, নিউরো হাসপাতালে স্ট্রোক চিকিৎসায় থ্রম্বোলাইসিস, নিউরোসার্জারি ও নিউরো ইন্টারভেনশনে অভাবনীয় অগ্রগতি হয়েছে। চালু হয়েছে বিশেষায়িত স্ট্রোক ইউনিট, শুরু হয়েছে রক্তজমাট গলানোর ওষুধ প্রয়োগ, বেড়েছে জটিল অস্ত্রোপচারের সক্ষমতা। কিন্তু চিকিৎসার এই অগ্রগতি সবার নাগালে পৌঁছানো সহজ হচ্ছে না। মেকানিক্যাল থ্রম্বেকটমির জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ব্যয় অনেক দরিদ্র পরিবারের সাধ্যের বাইরে। অন্যদিকে দৈনিক আড়াই হাজারের কাছাকাছি রোগীর চাপে এমআরআই পরীক্ষার জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়। এ ছাড়া প্রকট জনবল সংকট, নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হওয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনসেবার ঘাটতিও চিকিৎসার সুফলকে চরমভাবে সীমিত করছে।
রোগীর চাপে পরীক্ষা-নিরীক্ষায় দীর্ঘ অপেক্ষা
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিউরো হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী সেবা নিতে আসেন। এসব রোগীর বড় অংশেরই সিটি স্ক্যান কিংবা এমআরআই পরীক্ষার প্রয়োজন হয়। শুধু নিউরো হাসপাতালের নিজস্ব রোগী নয়, শিশু হাসপাতালসহ আশপাশের অন্যান্য চিকিৎসাকেন্দ্র থেকেও অনেক রোগী পরীক্ষা-নিরীক্ষার জন্য এখানে আসেন।
হাসপাতালে চারটি সিটি স্ক্যান ও চারটি এমআরআই যন্ত্র রয়েছে। সকাল-বিকাল দুই শিফটেই যন্ত্রগুলো সচল রাখা হয়। কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে, চারটি এমআরআই চালু থাকার পরও রোগীদের পরীক্ষার সিরিয়াল পেতে প্রায় এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফলে চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেই তৈরি হচ্ছে দীর্ঘ বিলম্ব।
পরিচালকের মতে, হাসপাতালে যন্ত্রপাতির বড় কোনো সংকট নেই, মূল সমস্যা রোগীর অতিরিক্ত চাপ। জনবল সংকট মোকাবিলায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও সেবার সক্ষমতা সীমিত থাকায় পরীক্ষা-নিরীক্ষায় দীর্ঘ অপেক্ষা পুরোপুরি দূর করা যাচ্ছে না।
দিনে আড়াই হাজার রোগী
২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে নিন্স। পরে তা ৫০০ করা হয়। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও শুরু করা যায়নি। পরিচালক বলেন, ‘মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুরোগের চিকিৎসার পাশাপাশি প্রতিষ্ঠানটি উচ্চতর শিক্ষা ও গবেষণার কাজও করে। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় নতুন ভবনের সব কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। আউটসোর্সিং নীতিমালার জটিলতা কাটিয়ে লোকবল নিয়োগ করা গেলে রোগী ভর্তি ও চিকিৎসার সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।’
স্ট্রোক চিকিৎসায় নতুন সম্ভাবনা
নিউরো হাসপাতালে চালু হওয়া বিশেষায়িত স্ট্রোক ইউনিটে উপযুক্ত রোগীর ক্ষেত্রে থ্রম্বোলাইসিস বা রক্তের জমাট গলানোর চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউরো হাসপাতালের যুগ্ম পরিচালক ও নিউরোলজি-মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. বদরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ চিকিৎসায় আরটিপিএ ব্যবহারের অনুমোদন পেতে প্রায় দুই বছর সময় লেগেছিল। বর্তমানে উপযুক্ত রোগীদের এই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। তবে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। দেরিতে হাসপাতালে আসা কিংবা পরীক্ষা-নিরীক্ষা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়।
সবার নাগালে নেই থ্রম্বেকটমি
স্ট্রোকের কিছু রোগীর রক্তনালিতে আটকে থাকা জমাট রক্ত অপসারণে যান্ত্রিক পদ্ধতি বা থ্রম্বেকটমি প্রয়োজন হয়। এ চিকিৎসায় প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা খরচ হতে পারে, যা অনেক সাধারণ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। দ্রুত চিকিৎসা জীবন বাঁচানো ও পঙ্গুত্ব কমানোর সুযোগ তৈরি করলেও ব্যয়ের কারণে সেটি সবার জন্য সমানভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
সমন্বয় ও পুনর্বাসনে ঘাটতি
স্ট্রোকের চিকিৎসায় নিউরোলজি, নিউরোসার্জারি, নিউরো ইন্টারভেনশন, জরুরি বিভাগ ও পরীক্ষা-নিরীক্ষা বিভাগের মধ্যে দ্রুত সমন্বয় জরুরি। নিউরো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রুস্তম আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা শনাক্ত করা ও বিভাগগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে অনেক সময়ই দেরি হয়। শুরুতেই সমন্বয় করা গেলে কোনো কোনো রোগীর অস্ত্রোপচার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই করা সম্ভব।
তবে স্ট্রোকের পর জীবন বাঁচানোই চিকিৎসার শেষ ধাপ নয়। চলাফেরা ও কথা বলার সক্ষমতা ফিরে পেতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রয়োজন। অধ্যাপক বদরুল আলম বলেন, ‘স্ট্রোকের চিকিৎসা ও অস্ত্রোপচারে অগ্রগতি হলেও পুনর্বাসনে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি। নিউরো হাসপাতালে রোবোটিক পুনর্বাসনসেবা চালুর পরিকল্পনা রয়েছে। তবে প্রযুক্তির পাশাপাশি প্রশিক্ষিত জনবল ও দীর্ঘমেয়াদি পরিচর্যা জরুরি।’
দ্রুত হাসপাতালে পৌঁছানো, সময়মতো পরীক্ষা, চিকিৎসার দ্রুত সিদ্ধান্ত, ব্যয় বহনে সরকারি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনÑ সবকিছু নিশ্চিত করা গেলেই রোগীর জীবন বাঁচানো ও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা বাড়বে।