জোসনা জামান
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১১:০৩ এএম
পাঁচ বছরে তিস্তা প্রকল্পের অগ্রগতি ৭২ শতাংশ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকায় পুনর্বাসন ও সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। সাড়ে তিন বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য থাকলেও পাঁচ বছরের বেশি সময় পার হয়েছে। তবু বাস্তব অগ্রগতি ৭২ দশমিক ৫০ শতাংশ। আর্থিক অগ্রগতি আরও কম, ৬০ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে একটি বড় কাজের জন্য ৫৭৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ থাকলেও সেখানে এখনো কোনো অর্থ ব্যয় হয়নি। ফলে প্রকল্পের বাকি কাজ নির্ধারিত বর্ধিত মেয়াদে শেষ করা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বাস্তবায়নাধীন পানিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পের মেয়াদ প্রথমে ধরা হয়েছিল ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কাজের ধীরগতির কারণে ব্যয় না বাড়িয়ে মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ বর্ধিত সময়েও প্রকল্পটি শেষ করতে পারলে বাস্তবায়নে মোট সময় লাগবে সাড়ে সাত বছর।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রকল্পের প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় বাস্তবায়নের অগ্রগতি ও বিভিন্ন কাজের অবস্থা তুলে ধরা হয়। সভার তথ্য অনুযায়ী, প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৮৮১ কোটি টাকা। মোট বরাদ্দের তুলনায় আর্থিক অগ্রগতি ৬০ দশমিক ৭২ শতাংশ।
সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়া একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। সময় বাড়লে প্রকল্পের ব্যয়ও বাড়ার ঝুঁকি থাকে। পাশাপাশি প্রকল্পের সুফল পেতেও দেরি হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে যে অর্থনৈতিক ও সামাজিক সুবিধা পাওয়া যেত, বিলম্বের কারণে স্থানীয় মানুষ তা থেকে বঞ্চিত হন। তিস্তা প্রকল্পের কাজ কেন ধীরগতিতে চলছে, তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার মতে, বাকি সময়ে শতভাগ কাজ শেষ করা নিয়েও সংশয় রয়েছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা। রংপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচের পানি সরবরাহ করাই এর মূল লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই এলাকার ফসলের নিবিড়তা ২৩১ শতাংশ থেকে বেড়ে ২৬৮ শতাংশে পৌঁছানোর কথা। ধানের উৎপাদন বাড়বে ১ লাখ টন। পাশাপাশি অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন বাড়বে ৫ দশমিক ২৭ লাখ টন। এসব অতিরিক্ত খাদ্যশস্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। এর সুফল পাওয়ার কথা প্রকল্প এলাকার প্রায় ৩০ লাখ মানুষের।
তবে প্রকল্পের বিভিন্ন অঙ্গের কাজে অগ্রগতির চিত্র এক রকম নয়। সেকেন্ডারি সেচ খালের ডাইক পুনর্বাসন ও শক্তিশালীকরণ এবং ১১১ দশমিক ৩৭ কিলোমিটার খালে লাইনিং করার লক্ষ্য রয়েছে। এ অংশের জন্য বরাদ্দ ১৭৪ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে ৮১ দশমিক ১০ কিলোমিটার কাজ শেষ হয়েছে। অগ্রগতি ৭২ দশমিক ৮২ শতাংশ।
টারশিয়ারি সেচ খালের ডাইক পুনর্বাসন, শক্তিশালীকরণ, খালে লাইনিং এবং আরসিসি সেচখাল নির্মাণের কাজেও অগ্রগতি হয়েছে। এ অংশে ১৮২ দশমিক ২ কিলোমিটার কাজ শেষ হয়েছে। অগ্রগতির হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে বুড়ি তিস্তা প্রধান সেচ খালের ডাইক শক্তিশালীকরণের কাজে এখনও কোনো অর্থ ব্যয় হয়নি। এ কাজের জন্য বরাদ্দ রয়েছে ৫৭৭ কোটি ৪০ লাখ টাকা। ২০টি রেগুলেটর নির্মাণের অগ্রগতি ৪২ দশমিক ১ শতাংশ। বুড়ি তিস্তার জলাশয় পুনঃখননের কাজ হয়েছে মাত্র ৫ দশমিক ৬২ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য বরাদ্দ রয়েছে ১৭৯ কোটি ৯১ লাখ টাকা। অর্থবছরের প্রথম তিন মাসে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। এ সময়ে আর্থিক অগ্রগতি ১ দশমিক ০৩ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ২ দশমিক ৫০ শতাংশ।
এদিকে প্রকল্পটি প্রথমবারের মতো সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাপাউবো সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) দাখিলের প্রস্তুতি চলছে। সংশোধনের পর্যায়ে নকশা পরিবর্তন ও ব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।