× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ভেতর রাজনীতির শিকড়ের সন্ধানে এসবি

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১০:৪৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ পাঁচ ধরনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এজন্য জেলা পর্যায়ের বিশেষ শাখা সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের কাছে নির্দিষ্ট ছকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। এক সপ্তাহের মধ্যে তথ্যের সফট কপি ই-মেইলে এবং হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, অতীত কর্মকাণ্ড ও পেশাগত নিরপেক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক প্রেক্ষাপটে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর আগেও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন সময়ে এ ধরনের তথ্য সংগ্রহ ও তদন্ত করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক অতিরিক্ত ডিআইজি নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তথ্য সংগ্রহের খবরটি সঠিক। মাঠপর্যায়ে কর্মরত ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী সাব-ইন্সপেক্টরদের (এএসআই) অনেকে নিষ্ক্রিয় রয়েছেন। তাদের কেউ কেউ বিগত সরকারের সময় সুবিধা নিয়েছেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন। এখন অবস্থান পরিবর্তন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এতে তাদের পেশাদারত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সদস্যকে চিহ্নিত করতেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ সদস্যদের তথ্য সংগ্রহের বিষয়টি গোপনীয়। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত অক্টোবরের শেষ দিকে ‘ভেটিংকরণ প্রসঙ্গে’ শিরোনামে পুলিশের বিশেষ শাখা (এসবি) দেশের সব জেলার পুলিশ সুপার (ডিএসবি) ও মহানগর এলাকার বিশেষ পুলিশ সুপারদের (সিটি এসবি) কাছে চিঠি পাঠায়। এতে নির্ধারিত ছকে পাঁচ ধরনের তথ্য চাওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর সংশ্লিষ্ট ইউনিটপ্রধান অধীনস্থ থানাগুলোতে চিঠি পাঠান। এরপর থেকে তথ্য সংগ্রহ চলছে। ছকে প্রার্থীর নাম ও স্থায়ী ঠিকানা যাচাইয়ের পাশাপাশি তার বাবা-মা, ভাই-বোন, মামা ও চাচাদের নাম, পেশা, পদবি ও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রজীবনে প্রার্থীর রাজনৈতিক সম্পৃক্ততা এবং বর্তমানে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন কি না, তা উল্লেখ করতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন-২০২৪ চলাকালে অতিরিক্ত বল প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘন কিংবা বিগত সরকারের আমলে কোনো সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে কি না, তা-ও যাচাই করতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্য সম্পর্কে সার্বিক মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে ছকে।

সূত্র জানায়, সদস্যদের অতীত কর্মজীবনের ইতিহাস এবং ভালো-মন্দ কাজের বিবরণ (পিসি/পিআর) যাচাই করে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলেছে এসবি।

এদিকে গত ১ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ ও আনসার) ক্যাডারের নবীন কর্মকর্তাদের পরিচিতি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রজীবনে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে এর প্রভাব থাকা চলবে না। আইন প্রয়োগে সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে গত ২৯ অক্টোবর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে। তিনি বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্ব একটি বাহিনীর শক্তির ভিত্তি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে জনগণকে নতুন অভিজ্ঞতা দিতে হবে।

২০২৪ সালের শেষ দিকে পুলিশ সংস্কার কমিশনের ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপে বাহিনী সম্পর্কে জনসাধারণের প্রত্যাশা উঠে আসে। জরিপে ৮৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান। বিক্ষোভ মোকাবিলা ও বিরোধী দল-মত দমনে অতিরিক্ত বল প্রয়োগকারী সদস্যদের শাস্তি চান ৭১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া ৯৫ শতাংশ ভুয়া ও গায়েবি মামলার অবসান, ৭৭ দশমিক ৯ শতাংশ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি বন্ধ এবং ৭৪ দশমিক ৯ শতাংশ গুম ও বিচার-বহির্ভূত হত্যার ঘটনায় দায়ী সদস্যদের জবাবদিহি ও শাস্তি চান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা