× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যঝুঁকিতে দেশের প্রাণিসম্পদ

জোসনা জামান

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মানুষের খাদ্য জোগানের অন্যতম উৎস প্রাণিসম্পদই এখন খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যঝুঁকির শিকার। একদিকে আমদানিনির্ভর খাদ্যের কারণে পশুখাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা, অন্যদিকে কঠিন হয়ে পড়েছে এই ঝুঁকিপূর্ণ খাদ্যের দামও নিয়ন্ত্রণে। প্রাণিসম্পদের খাদ্যে প্রচুর অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়াচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) চ্যালেঞ্জ। অথচ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সাধারণ ওষুধের বিরুদ্ধে কতটা শক্তিশালী হয়ে উঠছে, তা নিয়মিত ল্যাবরেটরি পরিক্ষা মাধ্যমে ট্র্যাক করার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়নি এখনও। এসব কারণে প্রাণিসম্পদও মানুষের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি করা পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনায় (ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান) এসব বিষয় তুলে ধরা হয়েছে। সমস্যা সমাধানেও বলা হয়েছে নানা পরিকল্পনার কথা। 

এ প্রসঙ্গে জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রাণিসম্পদ ও পোল্ট্রি উপখাত বাংলাদেশের কৃষি অর্থনীতির দ্রুততম ক্রমবর্ধমান উপাদান। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৩ দশমিক ০৮ শতাংশ প্রকৃত সিএজিআর (কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট) হারে পশুপালন খাত ২০২৪ অর্থবছরে প্রকৃত জিডিপিতে ৫৯২ বিলিয়ন টাকা অবদান রেখেছে। অর্থবছরের কৌশলগত পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে পশুপালন খাতের প্রকৃত সিএজিআর ৩ দশমিক ৯৭ শতাংশ হবে। যা বৃহত্তর কৃষি খাতের গড়ের ঊর্ধ্বে। ফ্রেমওয়ার্কের লক্ষ্য হলো প্রায় ৫ শতাংশ প্রকৃত সিএজিআর অর্জন করা। এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।’ 

ফ্রেমওয়ার্কে জিইডি বলেছে, ‘দেশের প্রাণিসম্পদের ক্ষেত্রে খাদ্যের খরচই প্রধান কাঠামোগত সীমাবদ্ধতা। কেননা পোল্ট্রি উৎপাদন খরচের ৬০-৭০ শতাংশই হলো খাদ্য, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই আমদানি করা ভুট্টা ও সয়াবিন মিল। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ব্যবস্থাপনার চ্যালেঞ্জটিও সমান গুরুত্বপূর্ণ। দেশের প্রাণিসম্পদ খাতে পশুপালনে ব্যাপকভাবে অ্যান্টিবায়োাটিক ব্যবহৃত হয় এবং নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের আগে একটি ভিত্তি হিসেবে এএমআর নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। প্রাণিসম্পদ অধিদপ্তর বর্তমানে একটি প্রতিরোধমূলক নজরদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার পরিবর্তে প্রধানত একটি প্রতিক্রিয়াশীল চিকিৎসা সংস্থা হিসেবে কাজ করে। এটি এমন একটি মডেল, যা ক্রমবর্ধমান বাণিজ্যিক পোল্ট্রি ও দুগ্ধ খাতকে টিকিয়ে রাখতে পারে না। তবে এ ক্ষেত্রে সমবায় সমিতি গঠন করে ১৫ লাখ অংশগ্রহণকারীর কাছে পৌঁছানো ক্ষুদ্র নারী পোল্ট্রি ক্লাস্টার কর্মসূচিটি কৃষি অধ্যায়ের সবচেয়ে সরাসরি লিঙ্গভিত্তিক হস্তক্ষেপ। সরকারি ভর্তুকির সদ্ব্যবহার হচ্ছে না। সার ও যান্ত্রিকীকরণ খাতে বার্ষিক ৩০ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি দিচ্ছে সরকার। কিন্তু ক্ষুদ্র কৃষক সুবিধাভোগীদের কাছে এই ভর্তুকির সুবিধা পৌঁছাচ্ছে না।

জিইডি বলেছে, ভূগর্ভস্থ পানির সংকট থাকায় ফসল ও প্রাণিসম্পদের জন্য পানির ঘাটতি তৈরি করছে। উত্তর-পশ্চিম বরেন্দ্র অঞ্চলে বোরো ধান চাষের ফলে ভূগর্ভস্থ জলস্তর অস্থিতিশীল হারে কমছে। এটি একটি জাতীয় সম্পদ সুরক্ষার বিষয়, যার জন্য আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তত্ত্বাবধান করা হবে। ২০৩১ অর্থবছর নাগাদ কৃষি খাতের প্রকৃত বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৫ শতাংশ করা হবে। ২০৩১ অর্থবছরের মধ্যে ৫৬০ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া সুনির্দিষ্ট উপকরণ সরবরাহ এবং জাতের উন্নয়নের মাধ্যমে ধানের ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৫৫ টন থেকে বাড়িয়ে ৩ দশমিক ৭৫-৪ টন করা হবে। ফ্রেমওয়ার্কের তৃতীয় বছরের মধ্যে ন্যূনতম ৬০ লাখ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রয়োজন। যদি ভুট্টার উৎপাদন এই সীমার নিচে নেমে আসে, তবে গবাদি পশু বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ থেকে কমিয়ে আনতে হবে প্রায় ৪ শতাংশে। 

জিইডি আরও বলেছে, পশুখাদ্যের মূল্য স্থিতিশীল করতে হবে। প্রথম পর্যায়ের একটি সম্ভাব্যতা সমীক্ষায় পশুখাদ্যের মূল্য স্থিতিশীলকরণ ব্যবস্থার নকশা মূল্যায়ন করা হবে। এর বাস্তবায়ন দ্বিতীয় পর্যায়ে করা হবে। এ ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো হলোÑপশুখাদ্যের খরচ ও আমদানিনির্ভরতা কমানো। এদিকে জাতীয় নজরদারির ভিত্তি ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের বাজেট প্রধানত প্রতিক্রিয়াশীল চিকিৎসার জন্য কমিয়ে রোগপ্রতিরোধমূলক নজরদারি মডেল কার্যকরে ব্যবহার করতে হবে। 

এদিকে প্রদর্শনী খামার, মৌসুমি নিষেধাজ্ঞা, প্রজাতি ও সরঞ্জাম সীমাবদ্ধতা, উন্মুক্ত জলাশয়ের পোনা অবমুক্তকরণ ইত্যাদি কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ছাড়া পারিবারিক পুকুরে ব্যবহারের উপযোগী করে মৎস্যজীবী সম্প্রদায়কে একটি সম্পূরক উৎপাদনের উৎস হিসেবে প্রজনন ও চাষ প্রযুক্তির বিকাশ ঘটানো হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবহার করা হবে। বঙ্গোপসাগরে গভীর সমুদ্রের টুনা এবং পেলাজিক মাছ ধরার ক্ষমতা বাড়ানো হবে। চিংড়ির ক্ষেত্রে ইইউতে প্রত্যাখ্যানের হার একটি বাজার প্রবেশের প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। রপ্তানিকারকদের মধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা নীতি পালন সর্বজনীন করা হবে। চ্যালেঞ্জ থাকলেও সামুদ্রিক প্রজাতিকে রপ্তানি মূল্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা