নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৮ এএম
ফারুক আহমেদ। ফাইল ছবি
মহাসড়কে অপরাধী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার ব্যবহার, স্বয়ংক্রিয় জরিমানা চালু এবং পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে কার্যক্রম শুরুর প্রথম ১৫ দিনে ২৭ জন ডাকাত শনাক্ত এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৭০টি স্বয়ংক্রিয় জরিমানা করা হয়। মহাসড়কে এ কার্যক্রম এখনও চলছে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়েও উদ্যোগ নেন তিনি। হাইওয়ে পুলিশের দায়িত্বে এসব কার্যক্রমের ধারাবাহিকতার মধ্যেই তাকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
প্রায় তিন দশকের কর্মজীবনে মাঠপর্যায়ের পুলিশিং, প্রশাসনিক ব্যবস্থাপনা, অপারেশনাল কার্যক্রম ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে ফারুক আহমেদের। ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তার জন্ম ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে।
কর্মজীবনে র্যাব সদর দপ্তর (বর্তমান এসআরবি), ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, সিআইডি, বাংলাদেশ পুলিশ একাডেমি এবং ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার ও কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও দারফুরে কাজ করেছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। বগুড়ার বাসিন্দা হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তাকে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পদোন্নতি ও রদবদলের ধারায় ফারুক আহমেদও পদোন্নতি পান। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হন র্যাবে। ৪ জুন পাঁচ ডিআইজির সঙ্গে তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। পরে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে র্যাবের এডিজি পদ থেকে তাকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়।
হাইওয়ে পুলিশের দায়িত্ব নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১ হাজার ৪২৭টি ক্যামেরার মধ্যে ১ হাজার ২০০টির বেশি সচল করে নজরদারি জোরদার করেন ফারুক আহমেদ। এর মধ্যে ১৬টি ক্যামেরায় স্বয়ংক্রিয় জরিমানা চালু হয়। ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত ও সন্দেহভাজন যানবাহনের চলাচল অনুসরণ করা হয়। ঢাকা-মাওয়া মহাসড়কে নজরদারি সম্প্রসারণ, দেশের আটটি গুরুত্বপূর্ণ মহাসড়কে স্বয়ংক্রিয় জরিমানা চালু এবং উন্নয়নকাজের কারণে সৃষ্ট যানজট নিরসনেও উদ্যোগ নেন তিনি। যাত্রী হয়রানি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে সদস্যদের কঠোর নির্দেশনা দেন। স্থানীয় যাতায়াতের সুবিধায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার জন্য সার্ভিস লেন নির্মাণের প্রস্তাবও দেন।
হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মুনতাসিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফারুক আহমেদ যোগ দেওয়ার পর স্বয়ংক্রিয় জরিমানাসহ বেশ কিছু উদ্যোগ নেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থানে বাহিনীতে শৃঙ্খলার ইতিবাচক পরিবর্তন এসেছে। তার দাবি, বর্তমানে বাহিনীতে দুর্নীতি শূন্যের পর্যায়ে নেমেছে।
প্রযুক্তিনির্ভর নজরদারি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের কার্যক্রমে পরিবর্তন এনেছেন ফারুক আহমেদ। নতুন দায়িত্বেও তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কাজে লাগবে বলে আশা সংশ্লিষ্টদের।
পুলিশের আরও চার ইউনিটে নতুন প্রধান
পুলিশের আরও চারটি ইউনিটে নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে বদলি করা হয়েছে ছয় পুলিশ সুপারকে। সব মিলিয়ে পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির দায়িত্ব। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান করা হয়েছে। অন্যদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে জিএমপির কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
ছয় এসপিকে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে ছয় পুলিশ সুপারের (এসপি) বদলির কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মুন্সীগঞ্জের এসপি মেনহাজুল আলমকে নীলফামারীতে এবং এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এসপি কেএমএ মামুন খানকে বরগুনার এসপি করা হয়েছে।