তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন ঘিরে কঠোর অবস্থানের দিকে যাচ্ছে সরকার। ছবি: সংগৃহীত
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন ঘিরে কঠোর অবস্থানের দিকে যাচ্ছে সরকার। শ্রমিকদের দাবি পর্যালোচনায় নিম্নতম মজুরি বোর্ড গঠন করার পরও ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষ অব্যাহত থাকায় সরকার এই অবস্থান নিতে চলেছে। ইতোমধ্যেই গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন সদস্য। ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে চলছে পরিস্থিতি পর্যবেক্ষণ।
সরকার ও শিল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের প্রকৃত দাবিদাওয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্য কোনো পক্ষ আন্দোলন পরিচালনা করছে কি না, তা নিয়েও অনুসন্ধান করছে সরকারের একাধিক সংস্থা। অনুসন্ধান করে দেখা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারী বিভিন্ন শ্রমিক সংগঠন কিংবা শিল্পমালিকদের কোনো অংশ আন্দোলনকে উস্কে দিচ্ছে কি না। গত সোমবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এমন আভাসও দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও গাজীপুর, সাভার-আশুলিয়া ও মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করতে হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ প্রেক্ষাপটে সরকারের অবস্থানও ক্রমেই কঠোর হচ্ছে।
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শ্রমিকদের মজুরি বাস্তবায়নের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ডকে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবির প্রতি আন্তরিকতা রয়েছে বলেও জানান তিনি। তার মতে, বোর্ডের কার্যক্রম শুরুর সুযোগ না দিয়ে আন্দোলন অব্যাহত রাখা যৌক্তিক নয়।
শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। বাহিনীটির তথ্য অনুযায়ী, গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। আশুলিয়া ও মিরপুরসহ অন্যান্য সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে প্রযুক্তির ব্যবহার। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও সংবেদনশীল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে সংযুক্ত বডিওর্ন ক্যামেরার ফুটেজও সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় মনিটরিং সেল। সেখান থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজিবির তথ্যমতে, জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারি পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পেতে সহায়ক হলেও আইনশৃঙ্খলা রক্ষার নামে অপ্রয়োজনীয় বলপ্রয়োগের সুযোগ নেই। যেকোনো পরিস্থিতিতে স্বচ্ছতা, আনুপাতিক বলপ্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
মজুরি বোর্ডের সভার তারিখ নির্ধারণ হয়নি
পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত রবিবার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে। নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে আসিফ আইয়ুব ও আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বোর্ড গঠনের দুই দিন পার হলেও এখনও সভা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে উদ্বেগ রয়েছে। উল্লেখ্য, অতীতে মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপনের দেড় মাস পর প্রথম সভা হয়েছিল এবং পুরো প্রক্রিয়া শেষ করতে ছয় থেকে সাত মাস সময় লেগেছিল। পর্যবেক্ষকরা বলছেন, এবার হয়তো তেমন দেরি হবে না।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মজুরি পুনর্নির্ধারণের জন্য আনুষ্ঠানিক বোর্ড গঠন করায় আলোচনার মাধ্যমে দাবি নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। তাই বোর্ডকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ এ অবস্থায় সড়ক অবরোধ, ভাঙচুর ও কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রমিক ও মালিক উভয় পক্ষেরই ক্ষতি হবে। সরকারও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।