গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়ের প্রভাব পড়তে যাচ্ছে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে। এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের সবাই স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তি হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে খালি থাকবে সাড়ে ৮ লাখেরও বেশি আসন। একদিকে পাসের হার কমে যাওয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে একদফা তীব্র প্রতিযোগিতার মুখে পড়বেন শিক্ষার্থীরা; অন্যদিকে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ না হওয়ায় তৈরি হচ্ছে অনিশ্চয়তা। একই সঙ্গে পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে তীব্র সংকটে পড়তে যাচ্ছে বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন অধিভুক্ত কলেজে উচ্চশিক্ষার জন্য মোট ভর্তিযোগ্য আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। অথচ ৩১ অক্টোবর প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও মোট আসনের অর্ধেকেরও বেশি বা ৮ লাখ ৪৫ হাজার ৬০৩টি পুরোপুরি ফাঁকা থাকবে।
উচ্চশিক্ষার আসনবিন্যাস
ইউজিসির হিসাব অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে স্নাতক পর্যায়ে মোট আসন রয়েছে ৬৩ হাজার ৬৫৬টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৯৫৬, বুয়েটে ১ হাজার ৩০৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৩৩ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৪৮টি আসন রয়েছে।
উচ্চশিক্ষার সবচেয়ে বড় ক্ষেত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান), পাস ও সমমান মিলিয়ে আসন রয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে ১ হাজার ৫৮৬, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ১ হাজার ৭৮৪ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ৪২০টি আসন রয়েছে।
অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪২ হাজার ৪৩৪টি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৫৫টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২ হাজার ৯০টি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ১ হাজার ৪৪০টি এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১১ হাজার ৩৬২টি আসন রয়েছে।
অন্যদিকে দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে দুই সেমিস্টার মিলিয়ে আসন সংখ্যা প্রায় ৩ লাখ ৭৪ হাজার। আর ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পর্যায়ে ভর্তির সুযোগ রয়েছে ৬ হাজার ২৭৮টি আসনে।
মানহীন প্রতিষ্ঠানে চরম শিক্ষার্থী সংকট
শিক্ষাবিদ ও ইউজিসি কর্মকর্তাদের মতে, ভালো ফল করা শিক্ষার্থীদের মূল লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে আসন সংখ্যা প্রায় ৬০ হাজারের কাছাকাছি। ফলে এসব প্রতিষ্ঠানে তুমুল প্রতিযোগিতা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহু কলেজ এবং অপেক্ষাকৃত কম মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী মিলবে না।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ধারণক্ষমতার চেয়ে বেশি আসন অনুমোদন নেওয়া হলেও সে অনুযায়ী শিক্ষক, পরীক্ষাগার ও প্রয়োজনীয় অবকাঠামো নেই। ফলে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা যেমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তেমনি শিক্ষার্থী না পেয়ে এসব প্রতিষ্ঠানের বড় অংশই আর্থিক ও পরিচালনগত সংকটে পড়বে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা আগের বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যা আগের বছরের (৬৯,০৯৭ জন) তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও ১৮ লাখ ৭ হাজার ৫১৭টি ভর্তির আসনের বিপরীতে এইচএসসি পাস করেছিল ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, ফলে সে বছরও ১০ লাখ ৮০ হাজার ৫৫৭টি আসন খালি ছিল। চলতি বছর পাসের সংখ্যা আরও কমে যাওয়ায় উচ্চশিক্ষায় আসন ও শিক্ষার্থীর ব্যবধান আরও ভয়াবহ রূপ নিয়েছে।
বিশেষজ্ঞ মূল্যায়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অতীতে পাসের হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি; বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যা এবং আসন বাড়ানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীর সক্ষমতা, আগ্রহ ও কর্মসংস্থানের বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। তবে এখনই প্রতিষ্ঠান বা আসন কমিয়ে না দিয়ে কয়েক বছরের ফলাফল, শিক্ষার্থী পাওয়ার সক্ষমতা ও শিক্ষার মান পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও শিক্ষা-সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অতীতে নেওয়া অপরিকল্পিত সিদ্ধান্তগুলোর সম্মিলিত প্রভাব এখন উচ্চশিক্ষায় আসন ফাঁকা থাকার মধ্য দিয়ে সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও সেগুলোকে বিশ্বমানের করা এবং শিক্ষার্থীদের উপযুক্ত দক্ষতায় গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ দেখা যায়নি। এ সংকট থেকে উত্তরণে রাজনৈতিক ও পরিসংখ্যান-নির্ভর দৃষ্টিভঙ্গি পরিহার করে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।