পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সরকারের ১ হাজার ৪৫৪টি প্রকল্পের মধ্যে ৬৬৮টি পরিদর্শন করা হয়। ছবি: সংগৃহীত
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা এড়াতে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি নির্দিষ্ট প্রকল্প পরিচালক (পিডি) পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া এই উদ্যোগের লক্ষ্য ছিল কেবল যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পিডি নিয়োগ দেওয়া। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পেরিয়ে গেলেও আইএমইডির সেই যৌক্তিক প্রস্তাবটি এখনও ফাইলবন্দি। ফলে পুরাতন পদ্ধতিতেই চলছে নিয়োগপ্রক্রিয়া, আর অদক্ষতা ও জবাবদিহির অভাবে যথারীতি বাড়ছে প্রকল্পের ব্যয় ও সময়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সরকারের ১ হাজার ৪৫৪টি প্রকল্পের মধ্যে ৬৬৮টি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৫৫টি ছিল নিবিড় পরিবীক্ষণের আওতায়। এসব মূল্যায়নে অযোগ্য বা অনভিজ্ঞ পরিচালক নিয়োগ, পরামর্শকের ওপর অতি-নির্ভরশীলতা, অনিয়ম চিহ্নিত হওয়ার পরও ব্যবস্থা না নেওয়া এবং অযৌক্তিকভাবে সময় ও ব্যয় বৃদ্ধির মতো পুরনো রোগগুলোই নতুন করে সামনে এসেছে।
অন্তর্বর্তী সরকারের আমলে তৎকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের পরিচালনায় একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রকল্প প্রণয়নের আগে অংশীজনদের মতামত না নেওয়া, ত্রুটিপূর্ণ নকশা, সম্ভাব্যতা যাচাইয়ের ঘাটতি ও প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় আইএমইডির মতামতকে উপেক্ষা করার মতো বিষয়গুলো চিহ্নিত হয়। এসব সমস্যা সমাধানে দক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হলেও তা বাস্তবায়নে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
এক পিডির একাধিক প্রকল্প ও বদলি-ঝুঁকি
প্রকল্প বাস্তবায়নে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে পূর্ণকালীন পরিচালক নিয়োগ না দেওয়া। একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের দায়িত্ব দেওয়ায় কোনোটিতেই তিনি পর্যাপ্ত সময় ও মনোযোগ দিতে পারেন না। আবার গুরুত্বপূর্ণ পর্যায়ে পরিচালক বদলি হলে নতুন কর্মকর্তাকে কাজ বুঝে নিতেই অনেক সময় পার হয়ে যায়। এতে ঠিকাদার ও পরামর্শকদের সঙ্গে সমন্বয়হীনতা দেখা দেয়, যা ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে ইউটিলিটি সেবা স্থানান্তর ও ক্রয় পরিকল্পনা পর্যন্ত প্রতিটি ধাপে নেতিবাচক প্রভাব ফেলে।
শেষ হয়েও হয় না শেষ
প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও ব্যবস্থাপনাগত দুর্বলতা থেকে যায়। নিয়ম অনুযায়ী কাজ শেষের তিন মাসের মধ্যে আইএমইডিতে প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) জমা দেওয়ার কথা থাকলেও তা মানা হয় না। নির্মিত ভবনের ব্যবহার-অনুমোদন না নেওয়া ও উপকরণের গুণগত মান যাচাইয়ে আইএমইডির নিজস্ব পরীক্ষাগারের অভাব একটি বড় সীমাবদ্ধতা। সংস্কার প্রস্তাবে এসব ঘাটতি মেটানোর পাশাপাশি পিডি পুলের কর্মকর্তাদের সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছিল।
জবাবদিহির তাগিদ বিশেষজ্ঞের
প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, পিডি পুল গঠন করা হলেই সব সমস্যার সমাধান হবে না; বরং এর কার্যকারিতা নির্ভর করবে স্বচ্ছ নিয়োগ ও মূল্যায়নের ওপর।
এ প্রসঙ্গে প্রশাসন বিশেষজ্ঞ শেখ শেখাবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগ কেবল পদায়নের বিষয় নয়; এটি একটি পেশাগত দায়িত্ব। প্রকল্পের ধরন অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা ও পূর্ববর্তী কর্মদক্ষতা বিবেচনা করে পরিচালক নিয়োগ করা প্রয়োজন। পিডি পুল গঠন করা হলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ধারাবাহিকতা বাড়তে পারে।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘পুলকে কার্যকর করতে হলে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বাইরে থেকে নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ ও কর্মদক্ষতার মূল্যায়ন এবং ব্যর্থতার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় পুল গঠনও আরেকটি আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে।’
সিদ্ধান্ত আটকে আছে কোথায়
উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও সময়ক্ষেপণের চূড়ান্ত মাশুল গুনতে হয় রাষ্ট্র ও জনগণকে। তাই পিডি পুল গঠনের বিষয়টিকে কেবল একটি প্রশাসনিক সংস্কার হিসেবে দেখার সুযোগ নেই; এটি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সরকারের জবাবদিহির সঙ্গে সরাসরি জড়িত। নীতিনির্ধারকেরা বিষয়টিকে কতটা অগ্রাধিকার দিচ্ছেন এবং পুল গঠনের প্রক্রিয়াটি আসলে কোথায় আটকে আছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।