আজিজুল ইসলাম
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ০৯:২৮ এএম
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর আবারও আলোচনায় এসেছে তুরাগ নদের রাজাবাড়ি ঘাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর আবারও আলোচনায় এসেছে তুরাগ নদের রাজাবাড়ি ঘাট। এর আগে এই নদ থেকে উদ্ধার হয়েছে কিশোর, শিশু ও অজ্ঞাতপরিচয় মানুষের মরদেহ। কখনও মরদেহের পরিচয় মিলেছে, কখনও দীর্ঘ সময় অজানাই থেকেছে নাম-পরিচয়। নদীর বাঁকে আটকে থাকা মরদেহ দেখতে দেখতে বড় হয়েছেন উত্তরখান ও টঙ্গীর সীমান্তবর্তী রাজাবাড়ি গুদারাঘাটের পাশে মসজিদুল হুদার ইমাম আব্দুল গনি। রাজাবাড়ি ঘাট যেন ‘লাশের ডাম্পিং স্টেশন’।
দীর্ঘ ১৭ বছর মসজিদটিতে ইমামতি করছেন তিনি। এর আগে তার বাবা ছিলেন এই মসজিদের ইমাম। কয়েক দশক ধরে এই ঘাটে মরদেহ ভেসে আসার ঘটনা দেখেছেন বাবা-ছেলে দুজনই। আব্দুল গনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখানে মাঝেমধ্যেই লাশ ভেসে আসে। আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। সেই ছোটবেলা থেকেই এসব দেখে আসছি। অনেক সময় লাশের গন্ধে এখানে থাকাও কঠিন হয়ে যায়। একসময় স্রোতও বেশি ছিল, লাশ বাঁকে আটকে থাকলে আমরা বাঁশ দিয়ে ঠেলে দিতাম, ভেসে অন্যত্র চলে যেত। এ এলাকা যেন লাশের ডাম্পিং স্টেশন হয়ে উঠেছে।’
শুধু পুরুষ নয়, নারী ও শিশুর মরদেহও দেখেছেন বলে জানান আব্দুল গনি। এমনকি সদ্যোজাত ভ্রূণ পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, আগের সরকারের সময়ও মাঝেমধ্যে মরদেহ ভেসে আসত, তবে এখন তুলনামূলকভাবে কম।
এলাকাটিতে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন মো. মাসুদুর রহমান মিলন। স্থানীয় একটি লেবেল কারখানায় চাকরি করেন তিনি। তারও স্মৃতিতে গেঁথে আছে এ নদে ভেসে আসা মরদেহের অনেক ঘটনা। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যেসব মরদেহ ভেসে আসত, সেগুলোর অনেকের পেট ফেটে যেত, চেহারা বিকৃত হয়ে থাকত। কাদামাখা এসব মরদেহ পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যেত। বেশিরভাগ মরদেহ থেকেই তীব্র দুর্গন্ধ ছড়াত।’
নদীর বাঁকে আটকে থাকে মরদেহ
ঢাকার পশ্চিম ও উত্তর-পশ্চিমাংশের গুরুত্বপূর্ণ জলাধার তুরাগের উৎপত্তি কালিয়াকৈর এলাকায় বংশী-ঘাটাখালি মোহনা থেকে। গাজীপুর ও আশুলিয়া হয়ে নদটি ঢাকার মিরপুর ও আমিনবাজারের কাছে মিলিত হয়েছে বুড়িগঙ্গার সঙ্গে। নদটির বিভিন্ন বাঁক ও তীরবর্তী এলাকায় মাঝেমধ্যে ভেসে আসে মরদেহ।
আব্দুল্লাহপুর থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে উত্তরখান ও টঙ্গী থানার সীমান্তবর্তী এলাকায় রাজাবাড়ি গুদারাঘাট। স্থানীয়দের ভাষ্য, নদে বাঁকের কারণে বিভিন্ন সময়ে ভেসে আসা মরদেহ এখানে আটকে যায়। ঘাটের পাশের মসজিদুল হুদার ইমাম-মুসল্লিরা এসব ঘটনার দীর্ঘদিনের সাক্ষী।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তুরাগের আব্দুল্লাহপুর অংশ থেকে রাজাবাড়ি ঘাট এলাকায় অন্তত ১১টি মরদেহ উদ্ধারের খবর সংবাদপত্রে প্রকাশ হয়েছে। ২০২৫ সালের ২ ডিসেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মমিন খান শাকিলের মরদেহ উদ্ধার করা হয় তুরাগ নদ থেকে। ২০২৬ সালের ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রনি মোল্লার মরদেহ উদ্ধার করা হয়; একই দিন তুরাগ নদ থেকে আরিফ হাসান রাকিবের মরদেহও উদ্ধার করে নৌ পুলিশ। ২৫ জুন রাতে আশুলিয়া বাজারসংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় ১৭ বছর বয়সী সুমনের মরদেহ। ২১ আগস্ট অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়; একই দিন উদ্ধার করা হয় আনুমানিক ১৭ বছর বয়সী অজ্ঞাতপরিচয় আরেক কিশোরের মরদেহ। ১ অক্টোবর রেলওয়ে ব্রিজের নিচ ও আশপাশের এলাকা থেকে পৃথক অভিযানে উদ্ধার করা হয় দুই শিশু আবু ইউনুস ও নিরবের মরদেহ। এরপর ১৯ অক্টোবর রাতে উদ্ধার করা হয় আনুমানিক ৫১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ। সবশেষ ২৮ অক্টোবর রাজাবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ। নৌ পুলিশের টঙ্গী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজাবাড়ি ঘাট গুরুত্বপূর্ণ এলাকা। এ কারণে সেখানে নিয়মিত পর্যবেক্ষণ থাকে। ঘাটে নৌ পুলিশের বোট ও স্পিডবোটও রাখা হয়।
মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন
রাজাবাড়ি ঘাটে মরদেহ উদ্ধারের ঘটনাগুলোর সব কটির মৃত্যুর কারণ এক নয়। এমনকি সবগুলোর কারণ জানাও যায়নি। কোনো ঘটনায় পানিতে ডুবে মৃত্যুর কথা বলা হয়েছে, কোনো ঘটনায় মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষা করতে হয়েছে। আবার মরদেহের পরিচয় ও মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্নও রয়েছে। তাই শুধু মরদেহ উদ্ধারের সংখ্যা দিয়ে হত্যাকাণ্ডের প্রবণতা কিংবা কোনো নির্দিষ্ট পক্ষের সংশ্লিষ্টতা নির্ধারণ করাও যায় না। আবার সবগুলো স্বাভাবিক দুর্ঘটনা বলেও প্রতীয়মান হয় না।
অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিতর্কিত ‘বন্দুকযুদ্ধ’ হওয়ার পর কিছু ক্ষেত্রে মানুষ হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেওয়ার প্রবণতা দেখা গেছে। টঙ্গী ও মুন্সীগঞ্জের নাম বিভিন্ন গণমাধ্যমে আলোচনায়ও এসেছে। আবার অপরাধীরা আলামত নষ্ট করতে মরদেহ নদীতে ফেলে দিতে পারে। এ কারণে ঢাকার আশপাশের নদীগুলোতে টহল বাড়ানো প্রয়োজন।”
তিনি এটাও বলেন, তবে রাজাবাড়ি ঘাটে উদ্ধার হওয়া প্রতিটি মরদেহের ক্ষেত্রে এমন অভিযোগ প্রযোজ্যÑ এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো সুযোগ বা তথ্য নেই। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত, অপমৃত্যু বা হত্যা মামলার নথি ও তদন্তের ফলাফল আলাদাভাবে পর্যালোচনা জরুরি।
২৮ অক্টোবর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজাবাড়ি ঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না বলেও জানান তিনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একই নদ, একই ঘাট কিন্তু প্রতিটি মরদেহের পেছনে আলাদা প্রেক্ষাপট, আলাদা পরিবার ও মৃত্যুর আলাদা কারণ। আব্দুল গনির মতো স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর এসব ঘটনার সাক্ষী হয়ে থাকলেও মরদেহের পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ উদঘাটিত হয় ও তদন্তের ফলাফল কতটা জনসমক্ষে আসে সে বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।