গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঋণ জালিয়াতি, চুক্তি লঙ্ঘন, জামানত ছাড়া অর্থ বিতরণ এবং ঋণ আদায়ে ব্যর্থতার অভিযোগে সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ঋণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানটির পুরনো কর্মসূচিগুলোতে বিপুল পরিমাণ ঋণ বকেয়া। কোনো কোনো কর্মসূচিতে শ্রেণিবদ্ধ ঋণের হারও অনেক বেশি। এমন পরিস্থিতিতে নতুন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারের নতুন রুফটপ সোলার কর্মসূচিতে যৌথভাবে অর্থায়ন করবে ইডকল ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। এ জন্য প্রতিষ্ঠান দুটিকে মোট ১ হাজার কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি হয়েছে। ইডকলের দাবি, অতীতে অনিয়মের অভিযোগ ওঠা প্রতিষ্ঠানগুলোকে নতুন কর্মসূচিতে ঋণ দেওয়া হবে না। বরং সুনাম রয়েছে, এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইডকলের তথ্য অনুযায়ী, সোলার হোম সিস্টেম (এসএইচএস) কর্মসূচিতে ৪৪টি সহযোগী প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ২৪২ কোটি টাকা ঋণ দেওয়া হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচিতে বকেয়া ছিল ১ হাজার ৩৮১ কোটি টাকা। ঋণ আদায় বাড়াতে সুদের হার ৩ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়। পাশাপাশি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৮৯ কোটি টাকা মওকুফের অনুমোদন দেওয়া হয়। এরপরও অবশিষ্ট বকেয়া ঋণের শতভাগ শ্রেণিবদ্ধ রয়েছে। সোলার ইরিগেশন পাম্প কর্মসূচির ৬৭ শতাংশ এবং বায়োগ্যাস কর্মসূচির ৭৯ শতাংশ ঋণও শ্রেণিবদ্ধ হয়েছে। এসব কর্মসূচির কিছু ঋণ অবলোপন করা হয়েছে।
১৩৩ কোটি টাকার ঋণে অনিয়মের অভিযোগ
২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯৭টি কিস্তিতে হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থাকে ১৩৩ কোটি ৬৩ লাখ টাকার বেশি ঋণ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, সুদসহ এ ঋণের দায় ১৪৯ কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ঋণ বিতরণে অনিয়ম ও জালিয়াতির তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানা গেছে।
নথি অনুযায়ী, ২০০৯ সালের চুক্তিতে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণসীমা ছিল প্রায় ৭ কোটি ৭৭ লাখ টাকা। অথচ এ সময়ের মধ্যে ৬২টি কিস্তিতে ছাড় করা হয় ৩৬ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার বাইরে ছাড় করা হয় প্রায় ২৮ কোটি ৪৬ লাখ টাকা। পরবর্তী সময়ে ২০১২ সালের চুক্তিতে ঋণসীমা নির্ধারণ করা হয় ৪৬ কোটি ২৩ লাখ টাকা। তবে নতুন বৈধ চুক্তি বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ২০১৪ সাল পর্যন্ত অর্থ ছাড়ের অভিযোগ রয়েছে। ইডকলের দাবি, সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
সোলার সিস্টেম পরিদর্শন ও জামানত নিয়ে প্রশ্ন
নিয়ম অনুযায়ী, বিক্রি করা সোলার সিস্টেমের অন্তত ১০ শতাংশ সরেজমিনে পরিদর্শন করতে হয়। কিন্তু ৩ হাজার ৩৬২টির মধ্যে পরিদর্শন করা হয়েছে মাত্র ১৭১টি বা প্রায় ৫ শতাংশ। অথচ পরিদর্শনের কথা ছিল অন্তত ৩৩৬টি। এ ছাড়া গ্রাহকের পরিচয়, ঠিকানা, সিস্টেমের সিরিয়াল নম্বর ও ডাউন পেমেন্টের তথ্যেও ঘাটতির অভিযোগ রয়েছে।
ইডকলের ১২৯তম ও ১৬৩তম বোর্ড সভায় সম্পত্তি বন্ধক, পরিচালকদের ব্যক্তিগত ও তৃতীয় পক্ষের করপোরেট গ্যারান্টি এবং জমি মর্টগেজ রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সংশোধিত চুক্তিতে অধিকাংশ জামানত বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। অবশিষ্ট জামানত গ্রহণ ও নিবন্ধনের প্রমাণও নেই বলে অভিযোগ উঠেছে। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, বার্ষিক মূল্যায়ন ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে।
অর্থ ছাড়ের প্রত্যয়ন নিয়ে প্রশ্ন
ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান এনামুল করিম পাভেল অর্থ ছাড়ের আগে সব শর্ত পূরণের প্রত্যয়ন দিয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। তবে একই নথিতে জামানত, ব্যবসায়িক পরিকল্পনা ও মাঠপর্যায়ের পরিদর্শনে ঘাটতির তথ্য উঠে এসেছে। এ বিষয়ে পাভেল গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থ উদ্ধারে আদালতে মামলা চলছে। তার দাবি, ব্যাংকিং খাতের তুলনায় ইডকলের খেলাপি ঋণের হার অনেক কম। বিষয়টি দেখভালে প্রতিষ্ঠানটির একটি শক্তিশালী আইনি দল রয়েছে।
ঠিকাদারি কাজ বণ্টনেও অভিযোগ
নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০১ মেগাওয়াট সক্ষমতার ৭৬টি রুফটপ সোলার প্রকল্পে ঋণ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৯১ মেগাওয়াট সক্ষমতার ২৩টি প্রকল্পের ইপিসি ঠিকাদার ছিল স্কিউব টেকনোলজিস লিমিটেড। অর্থাৎ মোট অনুমোদিত সক্ষমতার প্রায় ৩০ শতাংশ। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুমোদিত প্রকল্পগুলোর ৪১ শতাংশের বেশি কাজও পেয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তাদের অভিযোগ, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে উৎসাহিত করা হতো। অন্য প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দিলে ঋণ অনুমোদনে বিলম্বের আশঙ্কা থাকত। একই প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতা ও স্বাধীন প্রকৌশলী হিসেবে নিয়োগের অভিযোগও রয়েছে। এ ছাড়া ২৩৭টি সোলার সিস্টেমে দ্বৈত অর্থায়ন এবং সিরিয়াল নম্বর বদলে একই সিস্টেমের বিপরীতে একাধিকবার অর্থায়নের দাবি তোলার তথ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০২৪-২৫ অর্থবছরে ইডকলের শ্রেণিবদ্ধ ঋণের হার ছিল প্রায় ১২ শতাংশ। অটোবি, ক্লিকবিডিসহ কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ অবলোপনের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।
বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইডকল মূলত একটি অর্থায়নকারী প্রতিষ্ঠান। একে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব দেওয়া যুক্তিসঙ্গত নয়। এসএইচএস কর্মসূচি আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করলেও ঋণ ফেরত ও অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। জ্বালানি নিরাপত্তার স্বার্থে নবায়নযোগ্য জ্বালানির জন্য স্বতন্ত্র বিভাগ বা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেন তিনি।
ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, ইডকলের ঋণ ব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে দায়দায়িত্ব নির্ধারণ এবং অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। নতুন কর্মসূচিতেও স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রয়োজনে ইডকলের সক্ষমতা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।