× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার এজেন্ডা বাস্তবায়ন করছেন শ্রমিক নেতারা

মজুরি বোর্ড গঠনের পরও থামেনি বিক্ষোভ

আজিজুল ইসলাম

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২৩:০০ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২৩:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গড়ে ওঠা আন্দোলন শনিবার থেকে স্থগিত থাকবে। 

গত শুক্রবার রাতে এরকমই সিদ্ধান্ত হয়েছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে শ্রমিক পক্ষের প্রতিনিধিদের বৈঠকে। সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবারই গঠন করা হয় মজুরি বোর্ড। এরপর শ্রমিকদের কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। তবু রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পোশাক কারখানা।

সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের পরও কেন রাজপথ ছাড়ছেন না বিক্ষোভকারীরা? শ্রমিক নেতাদের আহ্বান কি আন্দোলনকারীদের কাছে পৌঁছাচ্ছে না, নাকি শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে অন্য কোনো পক্ষ নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে?

গত শুক্রবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসায় তার সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম এবং গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মোশরেফা মিশু। কিন্তু সিদ্ধান্তের পরও শ্রমিক অসন্তোষ থামেনি। এ পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাদের ভূমিকা কতটা কার্যকর রয়েছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

সিদ্ধান্তের প্রতিফলন ঘটছে না মাঠে  

শ্রমমন্ত্রীর বাসায় বৈঠকের পর শ্রমিক নেতাদের সামাজিক মাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, তাদের মধ্যে আন্দোলন নিয়ে অবস্থানগত মতপার্থক্য রয়েছে। তাই কেউ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন। আবার কারও সামাজিক মাধ্যম আইডি থেকে আন্দোলনের ভিডিও ও সংঘর্ষের চিত্র প্রচার অব্যাহত রয়েছে।

গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ফেসবুক পেজে শ্রমিক আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমিকে গ্রেপ্তারের ছবি ও ভিডিও প্রকাশ করে তার মুক্তির দাবিও জানানো হচ্ছে।

গত ১ আগস্ট রোজিনা আক্তার সুমি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আগের বার বুবুর বাসায় মিটিং হয়েছিল, এবার ভাইয়ের বাসায় মিটিং হলো। কিন্তু পার্থক্য তো কিছু বুঝতেছি না।’ পর্যবেক্ষকরা বলছেন, তার এ বক্তব্যের মধ্য দিয়ে শ্রমিক নেতাদের বৈঠক ও সিদ্ধান্ত নিয়ে মূলত প্রশ্ন তোলা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিটি ফেডারেশনের সভাপতি সরওয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্টে শ্রমিক আন্দোলনের সময় শিশু সন্তানকে কোলে নিয়ে এক মায়ের নিরাপদে বাড়ি ফেরার চেষ্টা করার ছবি প্রকাশ করা হয়। 

সেখানে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নের আন্দোলন এবং পুলিশের শৃঙ্খলা ফেরানোর চেষ্টার মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অবশ্য অন্য একটি পোস্টে শিল্পের ক্ষতি না করার আহ্বান জানিয়ে লেখা হয়, ‘যে শিল্পে রুজি, দেশের অর্থনীতি নির্ভর, দয়া করে সে শিল্প ধ্বংস করবেন না।’

কাজে ফেরার আহ্বান দুই নেতার 

মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে নাজমা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি শ্রমিকদের ঘরে ফিরতে বলেছি। এমনকি আমাদের সংগঠনকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।’

একই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের সদস্য বাবুল আখতার। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। শ্রমিকদের দাবি ও কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ 

এদিকে শ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘শ্রমমন্ত্রীর বাসভবনে গত শুক্রবার গৃহীত সিদ্ধান্তের পর শ্রমিক আন্দোলন সমাপ্ত হওয়ার কথা ছিল। শ্রমিক নেতারাও এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছিলেন। পরবর্তী সময় সবাই এই লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজও করেছেন।’ তিনি বলেন, ‘মনে হচ্ছে, এ আন্দোলনে পতিত আওয়ামী লীগ উস্কানি ও ইন্ধন জোগাচ্ছে। সরকার এ ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন ও প্রতিহত করবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা