× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্থিরতার নেপথ্যে কারা

আজিজুল ইসলাম

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১১:৪০ এএম

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে প্রায় ১৫ দিন ধরে বিক্ষিপ্ত আন্দোলন কর্মসূচি চলছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে প্রায় ১৫ দিন ধরে বিক্ষিপ্ত আন্দোলন কর্মসূচি চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে প্রায় ১৫ দিন ধরে বিক্ষিপ্ত আন্দোলন কর্মসূচি চলছে। ১৩ অক্টোবর থেকে রাজধানীর উত্তরা, গাজীপুর, সাভার ও মিরপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনের চাপে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক মালিক, বিপর্যস্ত হচ্ছে সড়ক যোগাযোগ ও উৎপাদন ব্যবস্থা। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও আন্দোলন থামছে না। বরং এক এলাকার আন্দোলন ছড়িয়ে পড়ছে অন্য এলাকায়।

এই আন্দোলনের নেপথ্যে কারা? শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা কি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন? আন্দোলনের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ কতটা সত্য? বিভিন্ন এলাকার শ্রমিক, স্থানীয় সূত্র, রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে আন্দোলনের পেছনে একাধিক পক্ষের ইন্ধনের অভিযোগ পাওয়া গেছে।

উত্তরায় প্রভাবশালীদের সংশ্লিষ্টতার অভিযোগ 

আন্দোলনের প্রথম দিকের বড় উত্তেজনা তৈরি হয় রাজধানীর উত্তরায়। ১৩ অক্টোবর থেকে আজমপুর, রাজলক্ষ্মী, উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়কে নামেন। ১৭ অক্টোবর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও সাউন্ড গ্রেনেড-জলকামান ব্যবহারের ঘটনাও ঘটে। এরপর প্রকাশ্য আন্দোলন থেমে গেলেও শ্রমিকদের মূল দাবিগুলোর সমাধান হয়নি। এ আন্দোলনের নেপথ্যে স্থানীয় প্রভাবশালীদের ভূমিকার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও কারখানা-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, উত্তরখানের নীপা গার্মেন্টস, দক্ষিণখানের চৈতি গার্মেন্টস ও উত্তরার ভার্সেটাইল গার্মেন্টসের শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে স্থানীয় কয়েকজন ভূমিকা রাখেন। কারখানার ভেতরে অপারেটর, ইনপুট ম্যান, ম্যানেজার ও লাইনম্যানদের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত করে কারখানা ছুটির পর সড়কে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্যে নীপা গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে নেওয়ার সমন্বয়ক হিসেবে বিমানবন্দর থানা যুবদলের দপ্তর সম্পাদক মতি ও তার অনুসারীদের নাম এসেছে। কারখানার ভেতরে সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদপ্রার্থী মো. সাদ্দাম খান। চৈতি গার্মেন্টসের ক্ষেত্রে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মারজানের নাম এসেছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগের স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। সাদ্দাম, সবুজ ও মারজান তাদের বিরুদ্ধের অভিযোগ অস্বীকার করে প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করেছিলেন তারা।

আন্দোলন বন্ধের কারণ জানতে চাইলে ভার্সেটাইল গার্মেন্টসের জুনিয়র অপারেটর জোমিলা বেগম, ফিনিশিং অপারেটর মো. তানভীর, ফিনিশিং হেলপার সুরমা আক্তার ও অন্য কয়েকজন শ্রমিকও সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি। তাদের বক্তব্য, নেতারা বিষয়টি ভালো বলতে পারবেন। তারা শুনেছেন, সরকার কমিটি গঠন করেছে, সে কারণেই আন্দোলন বন্ধ হয়েছে।

গাজীপুর: আন্দোলন ছড়িয়ে পড়ল, বাড়ল সহিংসতা

উত্তরার পর গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকায় শ্রমিক অসন্তোষ তীব্র হয়। স্থানীয় সূত্র ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সেখানে দুই সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলছিল। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং চন্দ্রায় একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যাওয়ার পথে শ্রমিকদের অবরোধের মুখে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কালিয়াকৈরে অন্তত ৩০টি এবং সাভার-গাজীপুর মিলিয়ে প্রাথমিক হিসাবে অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ সূত্র দাবি করে, গাজীপুরের শ্রমিক আন্দোলনের পেছনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ইন্ধন রয়েছে।

শ্রমিকদের দাবির আড়ালে রাজনৈতিক হিসাব?

উত্তরা, গাজীপুর ও মিরপুরের ঘটনাগুলোতে একটি বিষয় স্পষ্টÑ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে বিভিন্ন পক্ষের স্বার্থ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসছে। উত্তরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকার অভিযোগ, গাজীপুরে বহিরাগতদের অংশগ্রহণের দাবি এবং মিরপুরে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটকের ঘটনা সেই প্রশ্নকে আরও জোরালো করেছে।

অন্যদিকে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান জানিয়েছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে উত্তরায় ওই কর্মসূচি ছিল না। জাতীয় নাগরিক পার্টির উত্তরখানের আহ্বায়ক আব্দুর রহমান নাবিলও বলেছেন, তাদের কোনো কর্মসূচি ছিল না; যদিও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতার কথা তিনি শুনেছেন।

উত্তরখান থানার সভাপতি সুলতান মাহমুদ বকুল, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনও আন্দোলনে তাদের সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, স্থানীয় নেতারা শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করেছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা