শেরেবাংলা নগরে সচিবালয় নির্মাণের প্রতিবাদে রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয় স্থানান্তরের সরকারি পরিকল্পনা ঘিরে সংকট তৈরি হয়েছে। শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ৩১ দশমিক ৫৮ একর জমিতে ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করে ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু জমিটি নিজেদের পুরনো গবেষণার মাঠ দাবি করে এর দখল ও ব্যবহারাধিকার ফেরত চেয়ে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে, ১৯৬১ সালে স্বাধীনতার পূর্বে এটি আইয়ুব নগরের (পরিবর্তিত নাম শেরেবাংলা নগর) জন্য অধিগ্রহণ করা হয়েছিল। তখন এই জায়গাটিকে সচিবালয়ের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে নকশায় রেখেছিলেন স্থপতি লুই আই কান।
একদিকে প্রশাসনিক কার্যক্রম এক জায়গায় এনে সচিবালয়ের স্থান সংকট নিরসন ও আধুনিক অবকাঠামো নির্মাণের সরকারি পরিকল্পনা এবং অন্যদিকে কৃষিশিক্ষা ও গবেষণার জন্য জমি সংরক্ষণের দাবির কারণে এখন দেখা দিয়েছে জটিল এক পরিস্থিতি। শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও সংকটাপণ্ন হয়ে পড়েছে। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ও ধারণাগত স্থাপত্য নকশা অনুমোদন পায়। ২৭ অক্টোবর গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে মাটি পরীক্ষার কাজ শুরু হয়। কিন্তু আন্দোলনকারীরা সে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি পরীক্ষার যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। পরদিন মেলা প্রাঙ্গণের প্রবেশ গেট ও নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে মামলা করেছে মেলা কর্তৃপক্ষ। ২৭ অক্টোবর থেকে টানা সড়ক অবরোধের কারণে আগারগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনভোগান্তি দেখা দিয়েছে।
যা করতে চায় সরকার
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয় ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর নির্মিত। সেখানে ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। পুরনো ভবনগুলোর কয়েকটি ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং একটি ১৯৪৭ সালে নির্মিত। এসব ভবন ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। ফলে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বর্তমান সচিবালয়ে প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট অফিস স্পেস রয়েছে। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত জায়গার চাহিদা এবং সচিবালয় কমপ্লেক্সের বাইরে থাকা দপ্তরগুলোকে এক জায়গায় আনতে আরও ১০ লাখ বর্গফুটের বেশি জায়গা প্রয়োজন বলে জানিয়েছে সরকার। বর্তমানে ১৬টি মন্ত্রণালয় মূল সচিবালয় ভবনের বাইরে কার্যক্রম পরিচালনা করছে। এই সংকট সমাধানে শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নকশা অনুযায়ী ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে মোট ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট অফিস স্পেস থাকবে। তিনটি বেজমেন্ট ও ভূ-উপরিস্থ মিলিয়ে ৩ হাজার ৮০০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। এর মধ্যে ২০০টি পার্কিং হবে ভূমির ওপরে। এ ছাড়া থাকবে মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতার দুটি বহুমুখী হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখার পরিকল্পনা রয়েছে। স্থাপত্য অধিদপ্তর লুই আই কানের মূল মাস্টারপ্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ধারণাগত নকশাটি তৈরি করেছে। সচিবালয়ের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভূগর্ভস্থ সড়ক ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। সরকারের লক্ষ্যমাত্রা, ২০২৯ সালের মধ্যে নতুন কমপ্লেক্সে সচিবালয়ের কার্যক্রম শুরু করা। তবে জমি নিয়ে বিরোধ, প্রকল্পের বিস্তারিত নকশা, ব্যয় নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও বাকি থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
জমির মালিকানা নিয়ে মুখোমুখি দুই পক্ষ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, পুরনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি। আশির দশকে তৎকালীন সরকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য সাময়িকভাবে জমিটি ব্যবহার করেছিল। কিন্তু মেলা আয়োজনের জন্য ব্যবহারের পর জমিটি আর বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়নি। ২০২২ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পর জমিটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি আরও জোরালো হয়। শিক্ষার্থীদের ভাষ্য, গবেষণার জায়গার সংকটের মধ্যে এই জমি হারালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেছেন, জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্ত অধিদপ্তরের নামে রয়েছে। তবে শিক্ষার্থীরা কেন জমির মালিকানা দাবি করছেন, সেটি খতিয়ে দেখা হবে।
ঐতিহাসিকভাবেই এটি গণপূর্তের জমি
এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৯৬১ সালে প্রশাসনিক নগরী গড়ে তোলার জন্য এই জমি অধিগ্রহণ করা হয়। ঐতিহাসিকভাবেই এটি গণপূর্ত অধিদপ্তরের নামে অধিগ্রহণকৃত জমি। ওই এলাকায় নির্মিত সকল স্থাপনাই গণপূর্ত অধিদপ্তর নির্মাণ করেছে। মূল মাস্টারপ্ল্যানে সংরক্ষিত জায়গাতেই সরকার সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো মূল্যে সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।’
ঐতিহাসিক প্রেক্ষাপট
ঢাকার শেরেবাংলা নগরের আদি নাম ছিল আইয়ুব নগর, যা তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আইয়ুব খানের নামানুসারে রাখা হয়েছিল। ১৯৬০-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য একটি বিকল্প বা দ্বিতীয় রাজধানী হিসেবে এখানে এই প্রশাসনিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়। এর অংশ হিসেবে ১৯৬১ সালে এখানে একটি কৃষি খামারের খালি জমিতে নতুন প্রশাসনিক নগরী গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির মূল দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কানকে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর নামকরণ করা হয় শেরেবাংলা নগর।
স্থপতি লুই আই কানের ১৯৬৩ সালের প্রথম মাস্টারপ্ল্যানে মূল পরিকল্পনাটি তিনটি ভাগে বিভক্ত ছিল। অ্যাসেম্বলি দুর্গের অংশে মূল জাতীয় সংসদ ভবন এবং পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে আসা সাংসদ, মন্ত্রী ও সচিবদের সাময়িক থাকার জন্য তিনটি হোস্টেল। দ্বিতীয়াংশে ছিল ইনস্টিটিউশন দুর্গ। সংসদের ঠিক বিপরীত পাশে সুপ্রিম কোর্ট, একটি জাতীয় লাইব্রেরি, স্পোর্টস স্টেডিয়াম, জিমনেশিয়াম, স্কুল, হাসপাতাল এবং একটি উন্মুক্ত বাজার বা বাজার এলাকা রাখার পরিকল্পনা ছিল। তৃতীয় ভাগে ছিল সচিবালয় পরিকল্পনা। লুই কানের মূল নকশার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই কেন্দ্রীয় সচিবালয়। বর্তমান সরকার সেই মাস্টারপ্ল্যান অনুসরণ করে পুরান ঢাকা থেকে সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।