× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

জামায়াত ও এনসিপির ঐক্যে ফাটলের সুর

হাসান ইমন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১০:০০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে উত্তর ও দক্ষিণ সিটিতে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে সমঝোতার প্রশ্নে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এনসিপি ঢাকার দুই সিটির অন্তত একটিতে নিজেদের প্রার্থীর পক্ষে জামায়াতের সমর্থন চাইলেও দুই সিটিতেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ফলে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা দুই দলের রাজনৈতিক ঐক্য স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন পরীক্ষার মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমঝোতার আলোচনা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত একটিতে তাদের প্রার্থীর জন্য জামায়াত ছাড় দেবে। তবে জামায়াতের পক্ষ থেকে ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটি করপোরেশনে সমঝোতার আগ্রহ দেখানো হলেও রাজধানীর দুই সিটি নিয়ে ছাড় দেওয়ার বিষয়ে অনাগ্রহের কথা জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। তাদের মতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এনসিপির কাছে শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়; রাজধানীতে দলটির সাংগঠনিক সক্ষমতা, জনসমর্থন ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা যাচাইয়েরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন রাজনৈতিক দল হিসেবে নিজেদের স্বতন্ত্র অবস্থান প্রতিষ্ঠা করতে চায় এনসিপি।

দলটির নেতাদের একটি অংশ মনে করে, জাতীয় নির্বাচনের সময় জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় এনসিপির নিজস্ব পরিচিতি ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ কারণে স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়ে দলীয় শক্তি প্রদর্শন করা প্রয়োজন। বিশেষ করে ঢাকার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রে প্রার্থী দিয়ে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চায় দলটি।

এনসিপির নেতাদের ধারণা, স্থানীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়বে এবং ভোটারদের কাছে দলের নিজস্ব অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি জামায়াতের সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনায় নিজেদের দর-কষাকষির সক্ষমতা ও গুরুত্ব বাড়বে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নিতে চায়। ঢাকার দুই সিটিতে দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোথাও সমঝোতার সুযোগ থাকলে সেটি আলাদা বিষয়। তবে দলের মূল সিদ্ধান্ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়া। আমরা এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছি।

১১-দলীয় ঐক্যের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ১১-দলীয় ঐক্য রয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব এই প্রোগ্রামে যেতে পারেননি। আগামী প্রোগ্রামে যাবেন। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়নি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো এবং মাঠপর্যায়ে কর্মী-সমর্থক রয়েছে। দলটি ঢাকার দুই সিটিতেই নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে এনসিপির প্রত্যাশা অনুযায়ী অন্তত একটি সিটিতে ছাড় দেওয়া জামায়াতের জন্য সহজ সিদ্ধান্ত নয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সমাবেশে দলের শীর্ষ নেতারা অংশ নেননি, তবে লংমার্চে তারা ছিলেন। বিভিন্ন কারণে কোনো কর্মসূচিতে নেতাদের অনুপস্থিতি থাকতে পারে। তবে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে শীর্ষ নেতারা একসঙ্গে বসেন এবং সিদ্ধান্ত নেন। আহ্বায়ক বা সদস্য সচিব কোনো কর্মসূচিতে অংশ নেননি, সেটি বড় কোনো বিষয় নয়। আমরা একসঙ্গে আছি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকে আলাদাভাবে অংশ নেবে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে কি না, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান এখনও স্পষ্ট নয়। সমঝোতার প্রয়োজন হলে ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতারা বিষয়টি দেখবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা