হাসান ইমন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ০৯:০২ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ০৯:১২ এএম
গ্রাফিক্স: সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও তিনি সহসাই ফিরবেন বলে মনে করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতাদের মতে, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক বা সমঝোতা নেই। তবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা বা আঁতাত হলে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হতে পারে। এমন রাজনৈতিক সমীকরণের দিকে নজর রাখার পাশাপাশি সরকারকে চাপে রাখতে রাজপথের আন্দোলনও অব্যাহত রাখতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। সবশেষ লংমার্চের পর এবার নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জোটটি।
জামায়াত নেতারা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কেবল তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা নেই বলে দাবি দলটির। ফলে শেখ হাসিনার ফেরার পেছনে জামায়াতের কোনো ভূমিকা থাকার প্রসঙ্গটি নাকচ করছেন তারা। বরং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য সমঝোতাকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। তাদের মতে, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আঁতাত করে, তাহলে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হতে পারে। তবে এমন সমঝোতা দেশের জনগণ মেনে নেবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে দলটির। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক আলোচনার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান। ফলে দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন জামায়াত নেতারা।
এদিকে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও জাতীয় রাজনৈতিক ইস্যুতে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে ১১-দলীয় ঐক্য। সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থেকে সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে চায় জোটটি। জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এর আগে কর্মসূচি পালন করেছে তারা।
সবশেষ শনিবার সাত দফা দাবিতে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচি শেষ করেছে ১১-দলীয় ঐক্য। এরপর নতুন কর্মসূচি নিয়ে জোটের শরিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। পরবর্তী কর্মসূচিতে কোন দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হবে, আন্দোলনের ধরন কী হবে এবং কবে তা ঘোষণা করা হবে, এসব বিষয় নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিবেচনায় রেখেই নতুন কর্মসূচি চূড়ান্ত করতে চায় ১১-দলীয় ঐক্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের পেছনে অন্তর্নিহিত রহস্য ও ষড়যন্ত্র থাকতে পারে। দেশের অভ্যন্তরীণ রাজনীতির কেউ কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে শেখ হাসিনা আসতে চাইলে আসুক। দেশে সরকার আছে, আইন ও বিচারব্যবস্থা রয়েছে। সর্বোপরি দেশের জনগণ রয়েছে।
১১-দলীয় ঐক্যের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গতকালই (শনিবার) মাত্র একটি লংমার্চ শেষ হয়েছে। সামনে কর্মসূচি আসবে। তবে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নেবেন। জনগণের চাহিদা বুঝেই কর্মসূচি নির্ধারণ করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শেখ হাসিনার নিয়ন্ত্রণে সেনাবাহিনী, এসএসএফ, ডিজিএফআই, এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত বড় স্পেশাল ফোর্স ছিল। সেখানেও তিনি থাকতে পারেননি। আর এখন একটি জায়গা থেকে অনিরাপদ দেশে আসবেন, সেটা একদমই অসম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি সরকার যদি শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এবং দেশে আসার পর তাকে নিরাপত্তা দেয়, তাহলে ভিন্ন বিষয়। যদিও বিএনপি সরকার এটা করে, সেটাও জনগণ মানবে কি না, তা দেখার বিষয়। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে এতগুলো তাজা প্রাণ শহীদ হয়েছেন। সেই শহীদদের পরিবার, আত্মীয়স্বজন ও দেশের জনগণ বিষয়টি মেনে নেবে না।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে একই ধরনের মত দিয়েছেন।