× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাবতলীর ভিএইচটি প্লান্ট

দিনে প্রক্রিয়াজাত হবে ১২ টন আম, রপ্তানিতে নতুন সম্ভাবনা

ফসিহ উদ্দীন মাহতাব ও তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১০:৪৭ এএম

দিনে প্রক্রিয়াজাত হবে ১২ টন আম, রপ্তানিতে নতুন সম্ভাবনা

বাংলাদেশের আমের অনন্য স্বাদ ও ঘ্রাণের সুনাম রয়েছে বিদেশেও। কিন্তু ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ, ফলের সংরক্ষণকাল, পরিবহন-ব্যবস্থা এবং আমদানিকারক দেশের কঠোর উদ্ভিদ স্বাস্থ্যবিধি পূরণÑ এসব চ্যালেঞ্জের কারণে রপ্তানির সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এবার সেই বাধা কাটানোর ব্যবস্থা নিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাজধানীর গাবতলীতে স্থাপন করেছে বাষ্প-তাপ শোধন বা ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) প্লান্ট। এ প্লান্টে একবারে তিন টন আম বা সবজি প্রক্রিয়াজাত করা যাবে। দিনে চার দফায় প্রক্রিয়াজাত করার সক্ষমতা ১২ টন। গত ৬ জুলাই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ প্লান্টটি উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, যথাযথভাবে এ প্রযুক্তি ব্যবহার করা গেলে আমের ভেতরে থাকা ফ্রুট ফ্লাইয়ের ডিম ও লার্ভা ধ্বংস করার পাশাপাশি ফলের উপরিভাগের ক্ষতিকর জীবাণু নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। এতে রপ্তানিযোগ্য আমের মান বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়তে পারে। আমের পাশাপাশি উপযোগী অন্যান্য ফল ও সবজি রপ্তানিতেও কাজে লাগানো যাবে এ অবকাঠামো।

প্রক্রিয়াজাতকরণে বাড়বে সম্ভাবনা

ভিএইচটি প্লান্টে নির্ধারিত তাপমাত্রায় বাষ্প প্রয়োগের পর ফল ধোয়া, ঠান্ডা করা ও শুকানোর ধাপ অনুসরণ করা হয়। প্রকল্পের বর্ণনায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট তাপ প্রয়োগ এবং পরবর্তী সময়ে ৩০ মিনিট পানি দিয়ে ধোয়ার কথা বলা হয়েছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, যথাযথভাবে ভিএইচটি করার পর ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণে আমের স্থায়িত্ব ১০ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব। রপ্তানির ক্ষেত্রে এ সুবিধা গুরুত্বপূর্ণ। কারণ উৎপাদন এলাকা থেকে সংগ্রহের পর প্যাকেজিং, পরিবহন, শুল্ক ও কোয়ারেন্টাইন পরীক্ষা শেষে বিদেশের বাজারে পৌঁছাতে সময় লাগে। এই দীর্ঘ প্রক্রিয়ায় ফলের সতেজতা ও গুণগত মান বজায় রাখা ছিল রপ্তানিকারকদের অন্যতম চ্যালেঞ্জ, যা এখন অনেকটাই সহজ হবে।

সাত দেশের বাজারে আম পাঠানোর উদ্যোগ

বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে আম রপ্তানি হয়ে আসছে। এ ছাড়া সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বাংলাদেশের আমের বাজার রয়েছে। গত বছর চীনে সীমিত পরিমাণ আম রপ্তানি হয়েছিল। গাবতলীর প্লান্ট স্থাপনের পর চলতি বছর কয়েকজন রপ্তানিকারক এখান থেকে আম ভিএইচটি করে কাতার, আয়ারল্যান্ড, ডেনমার্ক, হংকং, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্যের বাজারে পাঠিয়েছেন। কয়েকজন উদ্যোক্তা প্রক্রিয়াজাত আম স্থানীয় বাজারেও সরবরাহ করেছেন। 

আমের বাইরেও বিস্তৃত হতে পারে কার্যক্রম

প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন বলেন, এ প্লান্টের সম্ভাবনা শুধু আমে সীমাবদ্ধ নয়। প্রকল্পের আওতায় কমলা, মাল্টা, লেবু, বরই, লিচু, আনারস, পেয়ারা ও ড্রাগন ফলের মতো সতেজ কৃষিপণ্য এবং আলু, পেঁপে, টমেটো, শসা ও কুমড়াজাতীয় সবজি রপ্তানির উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রকল্পে অটো কনভেয়ার প্যাকেজিং লাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে হট ওয়াটার ট্রিটমেন্টের সুবিধা। তবে সব ফল ও সবজির জন্য একই তাপমাত্রা কিংবা একই সময়ের প্রক্রিয়াকরণ উপযোগী নয়। পণ্যের ধরন, পরিপক্বতা এবং আমদানিকারক দেশের উদ্ভিদ স্বাস্থ্যবিধি অনুযায়ী পৃথক পদ্ধতি নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পরীক্ষিত প্রটোকল অনুসরণ করেই এসব সুবিধা ব্যবহার করা প্রয়োজন।

এ বিষয়ে কৃষি সচিব মো. সেলিম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সেগুলোর গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি। রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ, উদ্ভিদ স্বাস্থ্যবিধি এবং আমদানিকারক দেশের শর্ত পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএডিসির এ ধরনের উদ্যোগ কৃষিপণ্য রপ্তানির কারিগরি সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করতে সরকারি সংস্থা, রপ্তানিকারক ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা