এল নিনোর প্রভাব
এল নিনোর প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি ও খরার ঝুঁকি বাড়তে পারে। ছবি: রয়টার্স
প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। চলতি অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।
এর প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি ও খরার ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশের জন্য আশঙ্কার জায়গা হলো, এরই মধ্যে বন্যা, আকস্মিক পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে হয়েছে বড় ধরনের ক্ষতি। সামনে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, সেচের পানির সংকট ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি একসঙ্গে দেখা দিলে আরও জটিল হতে পারে পরিস্থিতি।
তবে আবহাওয়াবিদদের সতর্কতা হলো, এল নিনো বাংলাদেশের সাম্প্রতিক সব দুর্যোগের কারণ না হলেও চলতি বছরের বন্যা ও ফসলহানির পেছনে অতিবৃষ্টি, উজানের ঢল ও স্থানীয় পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এল নিনো মূলত আগামী মৌসুমগুলোর আবহাওয়াগত ঝুঁকি নতুন করে বাড়াতে পারে।
ঘূর্ণিঝড়ের মৌসুমে বাড়তি সতর্কতা
অক্টোবর-নভেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির গুরুত্বপূর্ণ সময়। চলতি অক্টোবরের প্রথমার্ধে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মাসটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়। এদিকে ২৭ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বঙ্গোপসাগরে শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রভাব ভারতে যতটা পড়েছে বাংলাদেশে তেমন না পড়লেও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে।
সামনে যেসব ঝুঁকি বাড়তে পারে
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশিত দক্ষিণ এশিয়ার মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে এ অঞ্চলের অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রয়েছে। দক্ষিণ এশিয়ার কিছু অংশে বৃষ্টিপাত কম হতে পারে। তবে বাংলাদেশের সব অঞ্চলে একই ধরনের আবহাওয়া দেখা যাবে, এমন নিশ্চয়তা নেই। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের বিশ্লেষণেও এল নিনোর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের পরিবর্তনের সম্পর্ক উঠে এসেছে। পাঁচটি উপকূলীয় জেলার ১৯৫১-২০১৭ সালের তথ্যভিত্তিক একটি গবেষণায় এল নিনোর বছরগুলোতে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বছরের তুলনায় প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ও বৃষ্টিপাত কম থাকার তথ্য মিলেছে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে গেলে আমন ধানের বৃদ্ধি ও ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। শীতকালীন সবজি, গম ও ভুট্টা চাষেও সেচের প্রয়োজন বাড়তে পারে। অন্যদিকে হঠাৎ অতিবৃষ্টি বা বন্যা হলে ফসল ডুবে যাওয়া ও জমিতে জলাবদ্ধতার ঝুঁকি। ভূগর্ভস্থ পানির ওপর সেচের নির্ভরতা বাড়লে কৃষকের ডিজেল, বিদ্যুৎ ও সেচ ব্যয় বাড়তে পারে। খাল-বিল ও জলাশয়ে পানির ঘাটতি দেখা দিলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। অতিবৃষ্টি ও বন্যায় পুকুর উপচে মাছ ভেসে যাওয়ার আশঙ্কাও থাকবে।
এ ছাড়া অতিরিক্ত গরমে গবাদিপশুর খাবার গ্রহণ ও দুধ উৎপাদন কমতে পারে। হাঁস-মুরগির খামারে তাপজনিত মৃত্যুঝুঁকি বাড়তে পারে। খরা বা বন্যায় ঘাস, খড় ও অন্যান্য পশুখাদ্যের সরবরাহ ব্যাহত হলে খামারিদের ব্যয় আরও বাড়বে। শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে গেলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি আরও ভেতরে প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। এতে ধান, সবজি, মিঠাপানির মাছ এবং গবাদিপশুর নিরাপদ পানির জোগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
খাদ্যনিরাপত্তায় বাড়তি চাপ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মোট ধান উৎপাদন প্রায় ৬ কোটি ১৯ লাখ টন হতে পারে, যা গড় উৎপাদনের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। তবে সংস্থাটির হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে। এর পেছনে উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস ও কিছু এলাকায় বন্যার প্রভাব রয়েছে। এ অবস্থায় এল নিনোর কারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রতিকূল পরিবর্তন ঘটলে কৃষি উৎপাদনের ব্যয় বাড়তে পারে।
এল নিনোর প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা নির্ভর করে এর সময় ও শক্তির ওপর। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী ড. রাশেদ চৌধুরী বলেন, ২০২৬ সালের মৌসুমি বৃষ্টিপাতে এর প্রভাব মাঝারি মাত্রার হতে পারে। তার মতে, এল নিনো যদি গ্রীষ্মের শুরু বা মৌসুমের ঠিক আগে তৈরি না হয়ে পরে গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের ওপর এর প্রচলিত তীব্র প্রভাব যেমনÑ ভয়াবহ খরা বা বড় ধরনের মৌসুমি ব্যর্থতা নাও দেখা যেতে পারে।
সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের পরিচালক গোলাম রব্বানী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এল নিনো থাকলে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ ও খরাসদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে স্বল্প সময়ে অতিবৃষ্টি হয়ে আকস্মিক বন্যার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। যার সরাসরি প্রভাব পড়বে কৃষি, মৎস্য ও প্রাণিজ খাতে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব কুমার সাহা বলেন, এল নিনো থামানো সম্ভব নয়, কিন্তু এর অভিঘাত ব্যবস্থাপনা করা সম্ভব।
অর্ণবের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অর্ণব উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ ও পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছে। আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ক্রমে দুর্বল হয়ে বিলীন হতে পারে। একই সময়ে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে।