× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

ঝুঁকি নিয়েই চলছে শিশুদের চিকিৎসা

হাসনাত শাহীন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ২১:০৪ পিএম

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছবি: উইকিপিডিয়া

শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।

হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও সেখান থেকে চিকিৎসাসেবা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কারণ এই ব্লকেই রয়েছে ৪টি আইসিইউ, ডেঙ্গু ও হাম ওয়ার্ড এবং অধিকাংশ অপারেশন থিয়েটার। ভূমিকম্পে ফাটল ধরা আর শর্ট সার্কিটের ভয়ংকর ঝুঁকিতে থাকা ভবনটিতে একটু বড় ধরনের কোনো দুর্যোগ হলেই ঘটতে পারে ভয়াবহ প্রাণহানির ঘটনা। শুধু অবকাঠামোগত ঝুঁকিই নয়Ñ রোগীর ক্রমবর্ধমান চাপ, প্রকট অর্থসংকট, সিটি স্ক্যানসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং জনবলসংকটে ধুঁকছে দেশের শিশু চিকিৎসার এই শীর্ষ প্রতিষ্ঠান।

পরিত্যক্ত ভবনে চিকিৎসা

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, ১৯৭২ সালে অধ্যাপক তোফায়েল আহমেদের উদ্যোগে ২০ শয্যার ছোট পরিসরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বর্তমান জায়গাটি বরাদ্দ দেন। পরে এ, বি ও সি ব্লকের মাধ্যমে হাসপাতালের পরিসর বাড়ানো হয়। বর্তমানে শয্যাসংখ্যা ৭০৪। নতুন ‘সি’ ব্লকের কাজ শেষ হলে যুক্ত হবে আরও প্রায় ১১০টি শয্যা।

তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো প্রায় পাঁচ দশক আগে নির্মিত ‘এ’ ব্লক। অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, “আমাদের বেশিরভাগ রোগী এই ব্লকে থাকেন। এখানে পিআইসিইউ, এনআইসিইউ, সার্জিক্যাল আইসিইউ ও মেডিসিন আইসিইউ রয়েছে। ডেঙ্গু ও হাম ওয়ার্ড এবং অধিকাংশ অপারেশন থিয়েটারও এখানে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নিরুপায় হয়ে আমাদের এখানেই চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে। আমাদের দরকার এই ব্লকটিকে সম্পূর্ণ পরিত্যাগ করে নতুন হাসপাতাল কমপ্লেক্স তৈরি করা”।

ভবনটির সমস্যা কেবল জরাজীর্ণতা নয়; পরিচালকের দাবি, পাশের পঙ্গু হাসপাতালের (নিটোর) পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যায় শিশু হাসপাতালেও পানি উপচে পড়ে। ছাদ ও বিভিন্ন ফাটল চুইয়ে পানি ঢুকে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি করে। পুরনো তারের সঙ্গে আইসিইউ ও এসির বাড়তি বিদ্যুতের চাপ পরিস্থিতি আরও জটিল করেছে। 

পরিচালক বলেন, “আমি এখানে অন্তত তিন থেকে চারবার শর্ট সার্কিটের মুখোমুখি হয়েছি। হঠাৎ আগুন ধরে গেলে দৌড়ে গিয়ে নেভাতে হয়েছে। ২০২৪ সালের মার্চে শর্ট সার্কিটের আগুনে আমাদের কার্ডিয়াক আইসিইউ পুড়ে যায়”।

এ ব্লকে একসঙ্গে প্রায় ৪০০ রোগী, তাদের মা-বাবা এবং ২০০ জন চিকিৎসাকর্মী থাকেন। ফলে ভবনটির নিরাপত্তাহীনতা এখন একটি টিকটিক করা বোমার মতো। এ সংকট নিরসনে নতুন ‘সি’ ব্লক নির্মাণের কাজ ২০২৮ সালের জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। 

রোগীর চাপ বাড়ছে

প্রতিষ্ঠানটির আর্থিক বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। বছরে প্রতিষ্ঠানের মোট ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা। এর বিপরীতে সরকার থেকে পাওয়া যায় মাত্র ২৮ কোটি টাকা। হাম-ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, “সরকার থেকে যে টাকা পাই, তা দিয়ে আমাদের দুই-তিন মাসের বেতনও হয় না। বাকি টাকা ল্যাবরেটরির পরীক্ষা, ফার্মেসির আয় এবং দান-জাকাতের টাকা থেকে জোগাড় করে রোগীদের পেছনে ব্যয় করতে হয়”।

প্রতিদিন প্রায় ২৫০ শিশু ও ২৫০ জন মাকে তিন বেলা খাবার দিতে হয়। মাসে বিদ্যুৎ বিলই আসে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এত বড় প্রতিষ্ঠানে এখনও নিজস্ব কোনো সিটি স্ক্যান মেশিন নেই, যা একটি বড় সীমাবদ্ধতা। প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী আসেন এবং ভর্তি রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়ে যায়। রোগীদের ভিড় ও দীর্ঘ অপেক্ষা কমাতে শিগগিরই অটোমেশন চালুর পরিকল্পনার কথা জানান পরিচালক।

বিশেষায়িত চিকিৎসায় সীমিত সক্ষমতা

হাসপাতালে প্রায় ৭০ জন ডেঙ্গু রোগী ও ১০০ জন হামে আক্রান্ত শিশু চিকিৎসাধীন। হামের রোগীদের জটিল নিউমোনিয়ার চিকিৎসার জন্য ১৪ শয্যার একটি বিশেষ আইসিইউ চালু করা হয়েছে, যেখানে ভেন্টিলেটর ও হাই-ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। তবে নিবিড় পরিচর্যার এই সক্ষমতা চাহিদার তুলনায় খুবই সীমিত। পরিচালক জানান, শিশুদের জটিল হৃদরোগ ও নিউরোসার্জারির জন্য পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার এবং বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তোলা জরুরি।

স্বজনদের প্রত্যাশা ও উদ্বেগ

হাসপাতালে চিকিৎসাধীন ঝালকাঠির এক ডেঙ্গু রোগী ও হাম আক্রান্ত আরেক শিশুর অভিভাবক আল আমীন ও তাইবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “দেশের নানা প্রান্ত থেকে আমরা নিশ্চিন্তে চিকিৎসা পাওয়ার আশায় এখানে আসি। কিন্তু চিকিৎসাসেবা নিতে এসে যদি ঝুঁকিপূর্ণ ভবন আর নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে তো এটি মড়ার উপর খাঁড়ার ঘা। চিকিৎসকদেরও যদি শিশুদের জীবন বাঁচানোর পাশাপাশি নিজেদের জীবন রক্ষার কথা ভাবতে হয়, তবে চিকিৎসাসেবার মান ব্যাহত হওয়াটাই স্বাভাবিক”।

রোগীদের প্রচণ্ড ভিড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া, পরীক্ষা করা ও শয্যাসংকট ছাড়া চিকিৎসাসেবা নিয়ে অবশ্য তাদের বড় কোনো অভিযোগ নেই। তারা চান, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন ঝুঁকিপূর্ণ ভবন থেকে হাসপাতালটিকে সরিয়ে নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা