× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ মাসে ঝরল ৬৯ প্রাণ

আবদুল্লাহ আল-মামুন, ফেনী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:৫৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের প্রথম ১০ মাসে ৮৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬৯ জন, আহত হয়েছে আরও ৯৫ জন। আগের দুই বছরের তুলনায় বাড়ছে প্রাণহানি ও আহতের সংখ্যা। অথচ দুর্ঘটনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্পিড গান ও ডোপ টেস্ট কার্যক্রম বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রে চালক শনাক্ত না হওয়ায় বিচারপ্রক্রিয়াও পড়ছে প্রশ্নের মুখে। পুলিশের নজরদারি ও নানা উদ্যোগের পরও কেন থামছে না মৃত্যুর মিছিল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

হাইওয়ে পুলিশের তথ্যানুযায়ী, ২০২৫ সালের একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিল। ওই সময়ে দুর্ঘটনা-সংক্রান্ত মামলা হয়েছিল ৪৮টি। আর ২০২৪ সালের একই সময়ে নিহতের সংখ্যা ছিল ৪৬ এবং আহত হয়েছিল ৪৩ জন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ২৩ জন, আহতের সংখ্যাও বেশি।

মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আফছার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় ৫১টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। এআই ক্যামেরা স্থাপনে স্পিড গান ব্যবহার করা হচ্ছে না। চালকদের মাদকাসক্তি শনাক্তে ডোপ টেস্ট কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে পুলিশ সদস্যদের শরীরে রয়েছে বডি ক্যামেরা। আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এদিকে নিহত ও আহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে অনেক ক্ষেত্রে গাড়ি জব্দ ও মামলা করার মধ্যেই পুলিশের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। অনেক মামলায় আসামির পরিচয় অজ্ঞাত থেকে যায়।

মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আফছার বলেন, দুর্ঘটনার পর অনেক চালক পালিয়ে যান। তাদের খুঁজে পাওয়া কঠিন হওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করতে হয়। অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় ভোগান্তির আশঙ্কায় অনেকেই মামলা করতে চান না। পুলিশ যেসব দুর্ঘটনার খবর পায়, সেসব ঘটনায় মামলা করা হয়।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন খান বলেন, সড়ক দুর্ঘটনার মামলায় সর্বাত্মক সহযোগিতা করা হয়। তবে এসব মামলার অধিকাংশ আসামি অজ্ঞাত থাকে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা জানান, চালকদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে সড়ক দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত পণ্য পরিবহন এবং বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) আল ফয়সাল বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১২ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত ২১ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুই ব্যক্তির পরিবারকে ৪ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, এলাকায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। এসব ঘটনায় ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, নয়টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং বাকি চারটি মামলার তদন্ত চলছে।

অন্যদিকে মহিপাল হাইওয়ে পুলিশের আওতাধীন এলাকায় ৫১টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৩৮টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা