× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী হাসপাতাল

অপেক্ষা করাটা যেন চিকিৎসারই অংশ

হাসনাত শাহীন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৫১ এএম

অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন দুই হাজার একশরও বেশি। সে অনুপাতে বাড়েনি অবকাঠামো, জনবল ও অন্য সুযোগ-সুবিধা। এর ওপর প্রায় ছয় বছর ধরে অচল হয়ে পড়ে আছে এমআরআই যন্ত্র। ফলে চিকিৎসা নিতে আসা মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন বিভাগ। রোগীর তুলনায় সীমিত শয্যা, জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মিলিয়ে সরকারি এই হাসপাতালের সেবাব্যবস্থায় বহুমাত্রিক সংকট তৈরি হয়েছে।

গত দুই-তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘুরে এই করুণ চিত্র চোখে পড়ে। এক সপ্তাহ ধরে ভর্তি থেকেও পিত্তথলির অস্ত্রোপচার করাতে না পারার অনিশ্চয়তা, এমআরআই যন্ত্র নষ্ট থাকায় বাইরে পরীক্ষা করানোর দুশ্চিন্তা ও বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাÑ এসবই এখানকার নিত্যদিনের দৃশ্য।

বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। চিকিৎসকের পরামর্শে বাবার এমআরআই পরীক্ষা করানো জরুরি হলেও হাসপাতালের যন্ত্রটি প্রায় ছয় বছর ধরে অচল। অসুস্থ বাবাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার মতো শারীরিক বা আর্থিক সামর্থ্য নেই তার। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘একদিকে বাবার চিকিৎসা নিয়ে উদ্বেগ, অন্যদিকে পরীক্ষা করাতে না পারার অনিশ্চয়তাÑ সব মিলিয়ে অসহায় বোধ করছি।’

অন্যদিকে জ্বর নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সাভারের এক রোগী জানান, সকাল ৭টায় হাসপাতালে পৌঁছেও টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে এক ঘণ্টা। এরপর চিকিৎসক দেখানো ও রক্ত পরীক্ষার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে তাকে। হাকিম বিশ্বাস নামের আরেক রোগীর অভিজ্ঞতা হলো, টিকিট পেতে দুই ঘণ্টা, চিকিৎসক দেখাতে তিন ঘণ্টা ও রক্ত পরীক্ষা করাতে আরও দুই ঘণ্টা সময় লেগেছে তার। সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পাওয়ার আশায় আসা অনেকের জন্য এই দীর্ঘ অপেক্ষা শারীরিক কষ্টের পাশাপাশি বাড়তি সময় ও অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শয্যার চেয়ে রোগী বেশি, খাবারে রেশনিং

৪ অক্টোবর হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. মীর্জা গোলাম সারওয়ার। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শয্যার সংকট সামাল দিতে অনেক রোগীকে মেঝে, করিডোর ও বারান্দার খোলা জায়গায় থাকতে হচ্ছে। রোগীর তুলনায় সীমিত অবকাঠামো ও সুযোগ-সুবিধা দিয়ে সেবা চালিয়ে যাওয়ার এই পরিস্থিতি বেদনাদায়ক।’

অতিরিক্ত রোগীর চাপের প্রভাব পড়ছে খাবার সরবরাহেও। পরিচালকের ভাষ্য মতে, হাসপাতালের খাদ্য ও নিয়মিত খাতের বাজেট বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ৩৫০ রোগীর হিসাব ধরে। সীমিত বরাদ্দ দিয়ে অতিরিক্ত রোগীর খাবারের চাহিদা মেটাতে গিয়ে রেশনিং করতে হয়। অনেক সময় নির্ধারিত বাজেট আগেই শেষ হয়ে যায়। তখন পরবর্তী বরাদ্দ থেকে অর্থ নিয়ে কিংবা পরবর্তী বাজেটের সঙ্গে সমন্বয় করে খাবার সরবরাহ সচল রাখতে হয়।

জরুরি ও বহির্বিভাগে বিপুল রোগীর চাপ

 হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজন হলে রুটিন সিরিয়ালে থাকা রোগীদের অস্ত্রোপচার পিছিয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। হাসপাতালটিতে সাতটি অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জরুরি ও সংকটাপন্ন রোগীদের জন্য ২০টি আইসিইউ, ১০টি এইচডিইউ, পাঁচটি পিআইসিইউ ও ২৪টি এনআইসিইউ শয্যা রয়েছে। কিন্তু রোগীর চাপের কারণে এসব শয্যা প্রায় সব সময় পূর্ণ থাকে। বহির্বিভাগে প্রতিদিন নতুন ও পুরনো মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। বিপুলসংখ্যক রোগীর চাপে টিকিট সংগ্রহ, চিকিৎসকের পরামর্শ নেওয়া ও পরীক্ষা-নিরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও সহায়কের ঘাটতি

হাসপাতালে চিকিৎসক ও ফ্যাকাল্টি সদস্য রয়েছে প্রায় ৪০০ জন। পরিচালক জানান, হাসপাতালের সেবা নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রায় ১ হাজার ২০০ নার্স প্রয়োজন হলেও কাগজে-কলমে আছেন মাত্র ৭০০ থেকে ৭৩৯ জন। ছুটি ও প্রশিক্ষণের কারণে সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, ফলে ঘাটতি রয়েছে অন্তত ৫০০ নার্সের।

বর্তমানে ৪৮ জন মেডিকেল টেকনোলজিস্ট চারটি ল্যাবসহ বিভিন্ন পরীক্ষা ও ইমেজিং যন্ত্র পরিচালনা করেন। সহায়ক জনবলের সংকট মেটাতে অতিরিক্ত ৮৫ জন কর্মী নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে প্রায় এক হাজার বাথরুমের বিপরীতে পরিচ্ছন্নতাকর্মী রয়েছে মাত্র ৭০ জন। একটি বাথরুম দিনে ২০০ থেকে ৩০০ মানুষ ব্যবহার করলে সেটি বারবার পরিষ্কার রাখা কঠিন বলে জানান পরিচালক।

অনলাইন টিকেটিং চালুর পরিকল্পনা

বহির্বিভাগে দীর্ঘ সারি কমাতে এক সপ্তাহের মধ্যে অনলাইন টিকেটিং চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ডা. মীর্জা গোলাম সারওয়ার। তিনি বলেন, ‘চিকিৎসা নিতে আসা প্রায় ৭০ শতাংশ মানুষের স্মার্টফোন রয়েছে। তারা ঘরে বসেই টিকিট কাটতে পারবেন। তবে যারা স্মার্টফোন ব্যবহারে দক্ষ নন, তাদের জন্য কাউন্টার সেবা চালু থাকবে।’ এতে টিকিটের লাইনে চাপ অন্তত অর্ধেক কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

নতুন যন্ত্রপাতি, পরিচ্ছন্নতা ও জনবল বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ঘাটতি দূর করার ওপরও জোর দিচ্ছেন নতুন পরিচালক। তিনি মনে করেন, বিদ্যমান সম্পদ ও সুযোগ-সুবিধা দিয়েই সেবার মান অন্তত ৩০ শতাংশ উন্নত করা সম্ভব। অসুস্থ মানুষ যে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেখানে তার প্রথম অভিজ্ঞতা যেন দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়ত্ব না হয়Ñ সেই নিশ্চয়তা দেওয়াই এখন হাসপাতালটির বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা