জোসনা জামান
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ এএম
লোগো: সংগৃহীত
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জন্য প্রশাসনিক ভবন, মসজিদ ও ক্যান্টিন, সাবস্টেশন এবং গার্ডহাউস নির্মাণে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে পরামর্শক সেবা, স্থাপত্য নকশা, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ১৫টি খাতের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। শুধু পরামর্শক সেবা ও স্থাপত্য নকশায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা, যা প্রকল্প ব্যয়ের ৪ দশমিক ৬০ শতাংশ। ‘মডার্নাইজেশন অব ইআরএল থ্রু কনস্ট্রাকশন অব ইকো-ফ্রেন্ডলি অফিস বিল্ডিং’ শীর্ষক প্রকল্পটি নিয়ে গত ১৫ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব প্রশ্ন তোলা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেলে চলতি বছর শুরু হয়ে ২০২৮ সালের অক্টোবরে প্রকল্পটি শেষ হওয়ার কথা। বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভবন নির্মাণ প্রকল্পে সেমিনার, কনফারেন্স ও প্রশিক্ষণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে পিইসি সভায় প্রশ্ন উঠেছে। ইআরএল প্রাঙ্গণে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও পৃথক নিরাপত্তা সেবার বরাদ্দ নিয়েও আপত্তি জানানো হয়েছে। এসব খাতের কিছু ব্যয় বাদ দেওয়া ও কমানোর সুপারিশ করা হচ্ছে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরামর্শক সেবার নামে অতিরিক্ত ব্যয় কাম্য নয়। বাজারদরের সঙ্গে তুলনা করে প্রস্তাবিত ব্যয় যাচাই করা প্রয়োজন। পরিকল্পনা কমিশনের উচিত বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা।
পিইসি সভা সূত্রে জানা গেছে, প্রকল্পের রাজস্ব ব্যয়ের মধ্যে পরামর্শক সেবা গ্রহণ বাবদ ৭ কোটি ৭৫ লাখ টাকা এবং স্থাপত্য নকশা বাবদ ২৫ লাখ ২০ হাজার টাকা প্রাক্কলন করা হয়েছে। এই ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পরামর্শক সেবা গ্রহণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বিবেচনার কারণ জানতে চাওয়া হয়। একই ধরনের প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন বিবেচনা করা হয়নি, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়। এ ছাড়া বুয়েটের প্রস্তাবিত পরামর্শক ব্যয়ের মধ্যে স্থাপত্য নকশা বাবদ ৮১ লাখ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এরপরও পৃথকভাবে স্থাপত্য নকশা খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রাখার যৌক্তিকতা জানতে চায় পিইসি। তবে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
প্রস্তাবিত প্রকল্পে মোট ২০ হাজার ৪৫১ বর্গমিটার ভবন নির্মাণে ৯৯ কোটি ৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ৭ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) অন্তর্ভুক্ত। হিসাব অনুযায়ী প্রতি বর্গমিটারে গড় নির্মাণ ব্যয় প্রায় ৪৮ হাজার ৪৫৭ টাকা, যা প্রতি বর্গফুটে প্রায় ৪ হাজার ৫০৩ টাকা। এআইটি বাদে প্রতি বর্গমিটারে প্রস্তাবিত একক দর প্রশাসনিক ভবনের জন্য ৪৪ হাজার ৯৮২ টাকা, ক্যান্টিনের জন্য ৪৩ হাজার ৮০৪ টাকা এবং মসজিদের জন্য ৫১ হাজার ৮৭ টাকা। ৯ তলা প্রশাসনিক ভবনের তুলনায় ২ তলা মসজিদের একক দর প্রায় ১৪ শতাংশ বেশি হওয়ার কারণ জানতে চাওয়া হয় পিইসি সভায়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রাথমিক প্রাক্কলন এবং সমজাতীয় অন্যান্য প্রকল্পের নির্মাণ ব্যয়ের সঙ্গে তুলনা করে প্রস্তাবিত ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন, ক্যান্টিন ও গেস্ট রুমের আসবাবপত্র কেনার জন্য ৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৮০টি চার আসনের ওয়ার্কস্টেশনের জন্য ৭৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রতিটি ওয়ার্কস্টেশনের প্রস্তাবিত মূল্য ৯১ হাজার ৪ টাকা। প্রকল্পের ‘নির্মাণ এলাকার জন্য বৈদ্যুতিক সরঞ্জামাদি’ খাতে থোক বরাদ্দ হিসাবে ৪২ কোটি ৪৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ব্যয় মোট প্রকল্প ব্যয়ের ২৫ দশমিক ২১ শতাংশ এবং ভবন নির্মাণ ব্যয়ের প্রায় ৪৩ শতাংশ।
গণপূর্ত অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী প্রকল্পে ১ হাজার ৫০০ টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ১৮ কোটি, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ৮ কোটি, ১ হাজার ৫০০ কেভিএ সাবস্টেশনে ৪ কোটি ৭ লাখ, তিনটি যাত্রীবাহী ও একটি কার্গো লিফটে ৩ কোটি ৪ লাখ এবং ৬০০ কেভিএ জেনারেটরে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া বিল্ডিং অটোমেশন এবং ডিজিটাল কনফারেন্স ও পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে ১ কোটি টাকা করে প্রস্তাব করা হয়েছে।
পিইসি সভায় থোক বরাদ্দের পরিবর্তে প্রতিটি ব্যবস্থার ক্ষমতা নির্ধারণের ভিত্তি, লিফটের সংখ্যা এবং বিল্ডিং অটোমেশন সিস্টেমের বিস্তারিত বিবরণ ও কারিগরি স্পেসিফিকেশন উল্লেখের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থার ব্যয় যৌক্তিক পর্যায়ে নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রকল্পের শিরোনামে ‘ইকো-ফ্রেন্ডলি অফিস বিল্ডিং কমপ্লেক্স’ উল্লেখ থাকলেও উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) মূলত ৯ তলা প্রশাসনিক ভবন, ২ তলা ক্যান্টিন ও মসজিদ, সাবস্টেশন ভবন এবং গার্ডহাউস নির্মাণের কথা রয়েছে। পরিবেশবান্ধব ভবন বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়। ভবনকে পরিবেশবান্ধব করার কথা থাকলেও প্রস্তাবিত ব্যয়ে তার প্রতিফলন সীমিত।
কমিশন আরও বলেছে, প্রকল্পে ইআরএলের পরিশোধন সক্ষমতা বা প্রযুক্তিগত আধুনিকায়নের কোনো উপাদান নেই। ফলে শিরোনামের সঙ্গে প্রকল্পের কার্যক্রমের অসামঞ্জস্য রয়েছে। এ কারণে প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়টি পিইসি সভায় আলোচিত হয়। এ ছাড়া কোনো স্ট্রাকচারাল ডিজাইন না করায় ফ্লোর এরিয়ার ভিত্তিতে নির্ধারিত নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।
পরিকল্পনা কমিশনের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, প্রকল্পটি ‘কমলা-খ’ শ্রেণিভুক্ত। ডিপিপি অনুযায়ী ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র থাকায় নতুন করে পরিবেশগত প্রভাব মূল্যায়নের (ইআইএ) অনুমোদন প্রয়োজন নেই। তবে প্রকল্প অনুমোদনের পর পরিবেশগত ছাড়পত্র নেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির (ডিপিইসি) সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক উপসচিব নতুন করে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার পক্ষে মত দেন। সেই মতামত অনুসরণ না করার কারণও জানতে চায় পিইসি।
প্রকল্পের রাজস্ব খাতে আইন সংক্রান্ত ব্যয়ে ৫ লাখ, সেমিনার ও কনফারেন্সে ২০ লাখ ২০ হাজার, মোবাইল ভাতায় ৪ লাখ ২৫ হাজার, সম্মানীতে ১৪ লাখ ৩৫ হাজার, অভ্যন্তরীণ প্রশিক্ষণে ১ লাখ ৮০ হাজার এবং নিরাপত্তা সেবায় ৫২ লাখ ৮০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। ভবন নির্মাণ প্রকল্পে সেমিনার, কনফারেন্স ও প্রশিক্ষণ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পিইসি। ইআরএল প্রাঙ্গণে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও পৃথক নিরাপত্তা সেবার বরাদ্দ নিয়েও আপত্তি জানিয়েছে কমিশন।