× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষীর নিরাপত্তায় স্বতন্ত্র আইন কবে হবে

মাসুদুল হাসান

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:২০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চোখের সামনে ঘটে যাওয়া ভয়ংকর কোনো অপরাধের দৃশ্য। চাইলেই আদালতে দাঁড়িয়ে সত্যটা বলে দেওয়া যায়। কিন্তু বাদ সাধে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা। প্রভাবশালী আসামিদের রক্তচক্ষু, হুমকি আর ভয়ভীতির কাছে শেষ পর্যন্ত হার মানে বিবেক। নিরাপত্তাহীনতার এই চরম সংকটে আদালতে হাজির হতে চান না গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীরা, যার ফলে দিনের পর দিন ঝুলে থাকে বিচারপ্রক্রিয়া; পার পেয়ে যায় বড় বড় অপরাধী। সাধারণ ফৌজদারি মামলার সাক্ষীদের সুরক্ষায় দেশে এখনও কার্যকর হয়নি কোনো স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ ‘সাক্ষী সুরক্ষা আইন’। গড়ে ওঠেনি প্রাতিষ্ঠানিক কোনো ‘সাক্ষী সুরক্ষা সেল’। এমন এক ভয়ংকর বাস্তবতায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ পৃথক আইন প্রণয়ন করা হবে, নাকি বিদ্যমান আইনেই সংশোধনী আনা হবে তা নিয়ে খোদ আইনজ্ঞদের মধ্যেই রয়েছে মতভেদ। তবে একটি বিষয়ে সবাই একমত, আর তা হলোÑ সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনোভাবেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের জন্য ২০১৫ সালে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও সেই যুগান্তকারী উদ্যোগ আজও চূড়ান্ত রূপ পায়নি। আদালত বিভিন্ন সময়ে নির্দিষ্ট মামলার সাক্ষী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেও, দেশে এখনও সমন্বিত আইনি কাঠামোর বড় অভাব রয়ে গেছে। ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনসহ গুম ও মানবতাবিরোধী অপরাধের মতো সুনির্দিষ্ট কিছু অপরাধের বিচারপ্রক্রিয়ায় আংশিক সুরক্ষার বিধান রয়েছে। তবে হত্যা, ডাকাতি বা নারী নির্যাতনের মতো সাধারণ ফৌজদারি মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব খণ্ডিত আইন মোটেও যথেষ্ট নয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পুলিশ সংস্কার কমিশন ও আইনসংশ্লিষ্ট সংস্থাগুলো ৩৫১ পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে সাক্ষী সুরক্ষার অভাবকে বাংলাদেশের বিচারব্যবস্থার অন্যতম বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করে দ্রুত ‘সাক্ষী সুরক্ষা আইন’ প্রণয়নের তাগিদ দেওয়া হয়।

মাঠপর্যায়ের সাম্প্রতিক চিত্র বিশ্লেষণ করলে এই তাগিদের সত্যতা মেলে। চলতি বছরের অক্টোবরের শুরুতে সাতক্ষীরার কলারোয়ায় একটি স্থানীয় মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে নৃশংস হামলার ঘটনা ঘটে। আসামিপক্ষ ও তাদের সহযোগীরা পূর্বশত্রুতা এবং সাক্ষী হওয়ার জেরে একই পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করে। অন্যদিকে, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ (লাল চাঁদ) হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া গত সেপ্টেম্বরে শুধু এ কারণেই পিছিয়ে যায় যে, নিরাপত্তাহীনতা ও ঝুঁকির আশঙ্কায় গুরুত্বপূর্ণ চাক্ষুষ সাক্ষীরা আদালতে উপস্থিত হতে সাহস পাননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবিত বিশেষ ‘সাক্ষী সুরক্ষা সেল’ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর এরই মধ্যে কাজ শুরু করেছে। হুমকির মুখে থাকা সাধারণ বেসামরিক সাক্ষীদের প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়া এবং তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে আইন কমিশনের সচিব শেখ ফারুখ হোসেন এই প্রতিবেদককে বলেছেন, সাক্ষী সুরক্ষা আইন নিয়ে অগ্রগতির কোনো তথ্য তার জানা নেই এবং কমিশনের গত কয়েকটি সভায় এ বিষয়ে আলোচনাও হয়নি। আইন মন্ত্রণালয়ে খোঁজ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তের কোনো তথ্য মেলেনি।

সাক্ষীদের সুরক্ষায় পৃথক আইন করা হবে, নাকি প্রচলিত ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইনের আওতায় সুরক্ষা দেওয়া হবেÑ এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা মনে করেন, রাজনৈতিক মামলায় সাক্ষী সুরক্ষার প্রয়োজন বিশেষভাবে দেখা দেয়। তবে পৃথক আইন প্রণয়নের নেতিবাচক দিকও রয়েছে। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, এ ধরনের আইনের সুযোগ নিয়ে কেউ কেউ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সাক্ষ্য দিয়েও রাষ্ট্রীয় সুরক্ষা পাওয়ার চেষ্টা করতে পারেন। সাক্ষীকে সম্পূর্ণ দায়মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হলে মিথ্যা সাক্ষ্যের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই শুধু একটি পৃথক আইন করলেই সমস্যার জাদুকরী সমাধান হবে বলে তিনি মনে করেন না।

সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনেক গুরুত্বপূর্ণ মামলায় অপরাধীরা বিচারের মুখোমুখি হলেও সাক্ষী সুরক্ষার অভাবে শাস্তি নিশ্চিত করা যায় না। তিনি বলেন, সাক্ষীদের সুরক্ষায় একেবারে নতুন আইন প্রণয়নের চেয়ে বিদ্যমান সাক্ষ্য আইনে সংশোধন এনেও এই ব্যবস্থা করা সম্ভব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টিকে আরও বিস্তৃত পরিসরে দেখেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাক্ষী সুরক্ষা শুধু আদালতের আদেশের বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে গুম, মানবতাবিরোধী অপরাধ ও সংঘটিত অপরাধের মামলায় সাক্ষীর ঝুঁকি মূল্যায়ন, পরিচয়ের গোপনীয়তা, নিরাপদে সাক্ষ্যগ্রহণ, শারীরিক নিরাপত্তা এবং বিচার শেষ হওয়ার পরও সুরক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন।’ তার মতে, স্বাধীন ‘উইটনেস প্রটেকশন ইউনিট’, সুনির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি), পর্যাপ্ত বাজেট ও জবাবদিহিমূলক বাস্তবায়নব্যবস্থা ছাড়া শুধু কাগজে-কলমে আইনি বিধান দিয়ে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা কঠিন। তিনি মনে করেন, সাধারণ ফৌজদারি মামলা থেকে শুরু করে গুরুতর আন্তর্জাতিক অপরাধের মামলা পর্যন্ত সাক্ষী, ভুক্তভোগী ও ঝুঁকিপূর্ণ তথ্যদাতাদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে একটি পৃথক ও সমন্বিত সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা