× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিবি হাসপাতাল

২৫০ শয্যার হাসপাতাল হলেও রোগীর চাপ অনেক বেশি

হাসনাত শাহীন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১০:২৭ এএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১২:১৭ পিএম

দেশের যক্ষ্মা ও বক্ষব্যাধি চিকিৎসার অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের যক্ষ্মা ও বক্ষব্যাধি চিকিৎসার অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘এ হাসপাতালে আজই প্রথম এলাম। শুনেছি বেশ ভালো চিকিৎসা হয়। তবে ভিড় অনেক। এজন্য সকাল ৬টার আগেই এসেছি। তারপরও লাইনে দাঁড়াতে গিয়ে দেখি আমার আগে আরও ছয়জন দাঁড়িয়েছে।’ বলছিলেন রাজধানীর রায়ের বাজার এলাকার বাসিন্দা তারিফ হোসেন। দেশের যক্ষ্মা ও বক্ষব্যাধি চিকিৎসার অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আউটডোরে কথা হচ্ছিল তার সঙ্গে। অদূরে রিপোর্ট দেওয়ার কাউন্টারের সামনে বুকের এক্স-রে রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন মানিকগঞ্জের সাটুরিয়ার বাসিন্দা লোকমান আলী। ১০ টাকার টিকিটে চিকিৎসক দেখিয়ে পরীক্ষা করানোর পর রিপোর্ট নিতে এসেছেন তিনি। কথায় কথায় বললেন, ‘এখানকার ডাক্তাররা ভালো, যত্ন করে দেখেছেন।’

চিকিৎসার জন্য প্রশংসা কুড়ালেও অগণিত রোগীর চাপ সহ্য করতে হয় এ হাসপাতালটিকে। প্রতিদিন সকালেই দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা কাশির উপসর্গযুক্ত রোগী ও স্বজনরা ভিড় জমিয়েছেন সেখানে। ফলে হাসপাতালটিকে পরিচ্ছন্ন রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, আউটডোরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৫০ জনেরও বেশি মানুষ। তা ছাড়া এখানে-ওখানেও বসে বা দাঁড়িয়ে আছে আরও অনেকে। 

হাসপাতালের ভেতরে গিয়ে ১০৮ নম্বর কক্ষের সামনে দেখা গেল অন্যরকম এক চিত্র। এক বয়স্ক নারীকে কফ পরীক্ষার পাত্র দিয়ে হাসপাতালের এক কর্মকর্তা যত্নের সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন, কী করে পরদিন সকালে খালি পেটে কফ সংগ্রহ করতে হবে। পাশাপাশি তাকে এই কর্মকর্তা এ-ও জানিয়ে দিলেন, রোগীকে আসতে হবে না। কফ সংগ্রহ করে অন্য কাউকে দিয়ে পাঠালেও হবে। কফ পরীক্ষার রিপোর্ট নিয়ে এই রুমের ডাক্তারকে দেখালে তিনি ওষুধ লিখে দেবেন।

টিবি হাসপাতালের বহির্বিভাগ থেকে ইনডোর এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, প্রায় সব স্থানেই পরিষ্কার-পরিচ্ছন্ন। তবে হাসপাতালের কর্মকর্তারা বলছেন, সেবার মান ভালো হলেও প্রতিষ্ঠানটিতে রয়েছে নানা সংকট। নামে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল; আসলে এখানে শয্যা আছে ১৫০টি। আইসিইউ কোনো রকমে সচল আছে ৪টি, কার্যকর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট নেই। ডিজিটাল ব্যবস্থাপনা ও বিনামূল্যে আধুনিক চিকিৎসার সুযোগ থাকলেও রোগী ভর্তির অবকাশ সীমিত। 

পরিকল্পনা অনুযায়ী, এ হাসপাতালে ১০ তলা ভবন নির্মাণের কথা। কিন্তু কাজ শেষ হয়েছে মাত্র চার তলার। বাকি ছয় তলার কাজ অসমাপ্ত থাকায় বড় ওয়ার্ড তৈরি ও অতিরিক্ত রোগী ভর্তির সুযোগ সীমিত।

হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, চাঁনখারপুলের তত্ত্বাবধায়ক ডা. এএসএম ফাতেহ আকরাম দোলন বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে বাকি ছয় তলা নির্মিত হলে বড় ওয়ার্ডে আরও রোগী ভর্তি করা সম্ভব হবে।’ তার হিসাবমতে, হাসপাতালে সাধারণত প্রায় ১৩০ জন রোগী ভর্তি থাকে। তবে উপপরিচালক ডা. আয়েশা আক্তারের হিসাবে এ সংখ্যা ৭০ থেকে ১১০। উপপরিচালক আরও বলেন, ‘হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার বিষয়েও আলোচনা হচ্ছে।’

১৯৬৩ সালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প হিসেবে যাত্রা করা প্রতিষ্ঠানটি ২০১৪-১৫ সালে ১ লাখ ৭ হাজার ৩৭৭ বর্গফুটের আধুনিক ভবন কমপ্লেক্সে রূপ নেয়। ই-টিকিট, ই-প্রেসক্রিপশন, ই-প্যাথলজি, ই-ভর্তি ও ই-ছাড়পত্রসহ ডিজিটাল সেবা চালু আছে এখানে। রয়েছে তথ্যকেন্দ্র ও সিসিটিভির ব্যবস্থা। তবে অবকাঠামো ও জনবলের সক্ষমতা সে অনুপাতে বাড়েনি।

চিকিৎসক ও বিশেষজ্ঞের ঘাটতি

হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ডা. দোলনের হিসাবে, বিভিন্নভাবে যুক্ত চিকিৎসক প্রায় ৪৫ জন; প্রয়োজন অন্তত ৬০ জন। বহির্বিভাগে রোগী দেখার জন্য প্রতিদিন দরকার ১২-১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। জনবল সংকটে জরুরি বিভাগ, ওয়ার্ড ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালাতে চাপ সামলাতে হচ্ছে।

রোগ নির্ণয়েও সীমাবদ্ধতা রয়েছে। এক্স-রে, সিটি স্ক্যান ও আল্ট্রাসনোগ্রাফির প্রতিবেদন তৈরির দায়িত্বে আছেন মাত্র একজন রেডিওলজিস্ট। ডা. দোলন জানান, এসব সেবা কার্যকর করতে একাধিক রেডিওলজি বিশেষজ্ঞ ও আল্ট্রাসনোগ্রাফিতে দক্ষ জনবল প্রয়োজন। উপপরিচালক ডা. আয়েশা আক্তার জানান, পরীক্ষার উপকরণ পর্যাপ্ত না থাকলে কোনো কোনো পরীক্ষা পরদিন করতে হয়। বরাদ্দ, দরপত্র ও সরঞ্জাম কেনার প্রশাসনিক প্রক্রিয়াতেও সময় লাগে।

ভেন্টিলেটরশূন্য আইসিইউ ও রেফার্ড রোগীর চাপ

হাসপাতালের চারতলায় চালু থাকা নিবিড় পরিচর্যাকেন্দ্রটি প্রকৃতপক্ষে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)। মাত্র দুটি শয্যার এই ইউনিটে কার্যকর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট নেই। গুরুতর রোগীদের জন্য অন্তত ১০ শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ, ১০টি মনিটর ও ১০টি ভেন্টিলেটরের প্রয়োজন। বর্তমানে থাকা দুটি ভেন্টিলেটরই অকেজো। ২৪ ঘণ্টা আইসিইউ চালাতে তিন থেকে চারজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও ১২ জন মেডিকেল অফিসার প্রয়োজন হলেও নিবেদিত জনবল নেই।

রাজধানীর সোহরাওয়ার্দী, শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থান থেকে হাড়, মস্তিষ্ক, কিডনি ও চোখের জটিল যক্ষ্মা রোগী এখানে রেফার হয়ে আসেন। ডা. আয়েশা আক্তার বলেন, জরুরি লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন প্রয়োজন হলে রোগীদের মহাখালী বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হয়। আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ঝুঁকিপূর্ণ ভবনে ওষুধ ও চিকিৎসাসেবা

পুরনো ভবনের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা ও কংক্রিটের স্লাব খসে পড়ার ঝুঁকি রয়েছে। অথচ সেখানে এক্স-রে কক্ষ, চিকিৎসকদের কক্ষ, ফার্মেসি ও ওষুধ সংরক্ষণের স্থান রয়েছে। ডা. দোলনের মতে, পুরনো ভবন সম্প্রসারণ অথবা ভেঙে নতুন করে নির্মাণ ছাড়া এ সংকট দূর করা কঠিন। পরিচ্ছন্নতা জোরদার করতে সম্প্রতি ৩০ জন অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ডা. আয়েশা আক্তার। তবে ভবনের আয়তন অনুযায়ী আরও জনবল প্রয়োজন। হাসপাতালে ভর্তি রোগীদের চারবেলা খাবারের দৈনিক বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। এ অর্থে পুষ্টিকর খাবার নিশ্চিত করাও কঠিন।

অগ্রগতি ঘটলেও অনেক কাজই বাকি

ডা. আয়েশা আক্তার বলেন, ২০১৫ সালের তুলনায় দেশে যক্ষ্মার প্রকোপ কমেছে। তবে প্রতিবছর প্রায় তিন লাখ বা তার বেশি মানুষ আক্রান্ত হয় এবং প্রায় ৪০ হাজারের মৃত্যু হয়। জিন এক্সপার্ট পরীক্ষায় প্রায় এক থেকে দেড় ঘণ্টায় যক্ষ্মা শনাক্ত করা সম্ভব। পরীক্ষা ও চিকিৎসা-সংশ্লিষ্ট ওষুধ এখানে বিনামূল্যে দেওয়া হয়। তবে নির্ধারিত চিকিৎসার কোর্স সম্পন্ন করা জরুরি। ডিজিটালসেবায় অগ্রসর হাসপাতালটির সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রযুক্তির সুবিধাকে কার্যকর চিকিৎসাক্ষম করে তোলা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা