গ্রাফিক্স: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই নির্বাচন কমিশনের (ইসি) বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লক্ষণীয়, এবার এ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ‘নির্দলীয় প্রার্থী’ মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোনো কোনো দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জটিল হয়ে ওঠার আশঙ্কাও করা হচ্ছে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ১১ অক্টোবরের সভা থেকে বলা হয়েছে, ‘এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়; তাই অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় রয়েছে।’
এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষক-বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করাই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে এমপি-মন্ত্রীসহ প্রভাবশালীদের দাপট, অবৈধ অস্ত্রের ব্যবহার, পেশিশক্তির নিয়ন্ত্রণ, নির্বাচনী সহিংসতা ঠেকানো, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইসিকে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২১-২২ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। সাত ধাপে অনুষ্ঠিত ওই নির্বাচনী সংঘাত ও হানাহানিতে সারা দেশে ১০১ জন নিহত হয়। এমন অবস্থার পুনরাবৃত্তি রোধে শুরু থেকেই ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। তাদের মতে, কোনো ধরনের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। অভিযোগ নিষ্পত্তিতে দেরি হলে কমিশনের ওপরও আস্থার সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু করে ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি প্রায় ৮০০ ইউপিতে ভোট নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইসি।
যা বলছেন নির্বাচন বিশেষজ্ঞ
এ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলিম গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা করা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। প্রার্থীরা বা বিভিন্ন গোষ্ঠী নিজেদের অনুকূলে ফলাফল নিতে অবৈধ পথ বেছে নেওয়ায় অতীতেও পরিস্থিতির অবনতি ঘটেছে। স্থানীয় সরকার নির্বাচনে সংসদীয় নির্বাচনের তুলনায় সাধারণত অনেক বেশি সহিংসতা ঘটতে দেখা যায়। বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় ইসি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিক বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।’ তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সতর্কবার্তার পর নিরাপত্তা বাহিনী আরও বেশি সতর্ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি ও সঠিক কর্মপন্থা গ্রহণই একমাত্র কার্যকর সমাধান।’
বিরোধী দলের অসন্তোষ
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না।’ সম্প্রতি জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, অথচ তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়! তার মানে, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এরকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।’ জামায়াত নেতা আরও বলেন, ‘নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশ নেব। আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সেই ক্ষমতায় যাবে।’
নির্বাচন কমিশনের অবস্থান
তবে নির্বাচনে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইসি। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি এবং প্রয়োজনে প্রার্থিতা বাতিলের মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সব কাজেই চ্যালেঞ্জ থাকে, তবে এটিকে অতিরিক্ত চ্যালেঞ্জ মনে করছে না ইসি। পরিস্থিতি অনুযায়ী আরও ভালো ভোট ও সুন্দর পরিবেশের জন্য যা যা প্রয়োজন হবে সব পদক্ষেপই নেওয়া হবে। বিশেষ করে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। ভোটের প্রথম ধাপের পরিবেশ দেখে দ্বিতীয় ধাপের নির্বাচন থেকে সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে।’