হাসান ইমন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৯:১০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ এএম
লোগো: সংগৃহীত
দেশের বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন ও অভ্যন্তরীণ কোন্দল মেটাতে হিমশিম খাচ্ছে, তখন সম্পূর্ণ ভিন্ন চিত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তফসিল ঘোষণার অনেক আগে সুকৌশলে দেশের বেশিরভাগ এলাকায় তারা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। এসব প্রার্থী বিলবোর্ড, ব্যানার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কমান্ড, কঠোর সাংগঠনিক শৃঙ্খলা আর আগাম প্রস্তুতির মাস্টারপ্ল্যানে একক প্রার্থী বাছাইয়ে স্বস্তিতে রয়েছে জামায়াত।
সাধারণত যেকোনো নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়। আর এ সময় দলের কোন্দল চলে আসে প্রকাশ্যে। বিশেষ করে বড় দলগুলোতে একাধিক যোগ্য বা প্রভাবশালী প্রার্থী থাকায় বিদ্রোহ ও কোন্দল সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে জামায়াত এবার প্রথাগত ধারার বাইরে গিয়ে অনেক আগে থেকেই তাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
দলীয় সূত্র ও মাঠপর্যায়ের তথ্যে জানা গেছে, জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের অধিকাংশ স্থানে তাদের একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে। বড় রাজনৈতিক দল বিএনপি যখন দলীয় কোন্দল এড়াতে নির্বাচনী তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ বা বাছাইয়ে ‘ধীরে চলো’নীতি গ্রহণ করছে, তখন জামায়াত তাদের সম্ভাব্য প্রার্থীদের সবুজসংকেত দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। ইতোমধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ১২ সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করেছে তারা। দেশের পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীও প্রায় চূড়ান্ত করেছে দলটি। বিশেষ করে নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দফার ইউপি নির্বাচনের সব প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে তারা। মনোনীত প্রার্থীরা বাজারে-হাটে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন দিবস উপলক্ষে বিলবোর্ড ও ব্যানার সাঁটিয়ে নির্বাচনী শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে অনানুষ্ঠানিক গণসংযোগ ও তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছেন। আগেভাগেই প্রার্থী চূড়ান্ত হওয়ায় জামায়াতের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন।
দলের শীর্ষ নেতারা জানান, জামায়াতের একক প্রার্থী নির্বাচনে মূল ভিত্তি হলো কঠোর দলীয় শৃঙ্খলা। যেকোনো নির্বাচনে কেন্দ্র বা স্থানীয় পর্যায় থেকে একজনের নাম চূড়ান্ত করার পর তার বিরুদ্ধে বা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। আর কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হয়।
জানা গেছে, রাজনৈতিক কৌশল হিসেবে জামায়াত এবার প্রাথমিকভাবে ‘একলা চলো’ অর্থাৎ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার নীতি গ্রহণ করেছে। বিগত দিনে জোটবদ্ধ রাজনীতির কারণে অনেক আসনে শরিকদের ছাড় দিতে হলেও, এবার তারা নিজেদের প্রকৃত জনসমর্থন ও সাংগঠনিক শক্তি যাচাই করতে চায়। জামায়াত নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে বিপুল সংখ্যক পদে প্রার্থী বাছাই এবং সমঝোতা করা কঠিন। তাছাড়া স্থানীয় পর্যায়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সাংগঠনিক শক্তি ও আঞ্চলিক হিসাব গুরুত্ব পেয়ে থাকে। তাই কেন্দ্রীয়ভাবে আসন ভাগাভাগি না করে স্থানীয় নেতৃত্বের ভিত্তিতে নির্বাচন করতে চায় দলটি।
তারা বলছে, অতীতে বিএনপির সঙ্গে জোটে থাকার সময়ও স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয়ভাবে আসন ভাগাভাগি হয়নি। ২০১৪ সালের উপজেলা ও ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে কোথাও বিএনপি জামায়াতকে, কোথাও জামায়াত বিএনপিকে ছাড় দিয়েছিল। সেসব সমঝোতা হয়েছিল স্থানীয় পর্যায়ে।
জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলিত দল। নির্বাচনী প্রার্থী বাছাই ও সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রের নিয়মে খুবই কঠোরতা অবলম্বন করা হয়। দলীয় নির্দেশনা না মানলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইউপি নির্বাচনে আমাদের বেশিরভাগ প্রার্থী চূড়ান্ত হয়েছে। অল্প কিছু বাকি রয়েছে, সেগুলো দ্রুতই চূড়ান্ত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা, আর্থিক লেনদেন এবং এলাকায় জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়। জোট মূলত জাতীয় নির্বাচন ও রাজপথের আন্দোলনের লক্ষ্যেই গঠিত হয়েছিল। জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক ভিত্তি ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থেই তারা স্থানীয় নির্বাচনগুলোতে স্বতন্ত্র ও এককভাবে অংশ নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন।