× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন: বিএনপিতে অস্বস্তি

মোশাররফ বাবলু

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৪৪ এএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ এএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে সর্বপর্যায়ে একক প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে বহুমুখী টানাপড়েন ও অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তৃণমূলের বিভেদ ঠেকাতে ও আইনি জটিলতায় প্রার্থিতা বাতিলের ঝুঁকিতে ‘বিকল্প প্রার্থী’ প্রস্তুত রাখার পাশাপাশি একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করার কৌশল নিয়েছে দলটি। তবে একই পদে একাধিক প্রভাবশালী নেতার প্রার্থিতার ঘোষণায় প্রতিটি নির্বাচনী ইউনিটে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে অস্থিরতা। চার মানদণ্ড ও তদারকি কমিটি গঠন করা হলেও স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) পছন্দের প্রার্থী ও ত্যাগী নেতাদের বিরোধ সামলে সর্বজনগ্রহণযোগ্য একক প্রার্থী নির্বাচন করাই এখন হাইকমান্ডের মূল চ্যালেঞ্জ।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনÑ সবস্তরের নির্বাচনেই ইতোমধ্যে একটি পদের বিপরীতে ৮-১০ জন করে বিএনপি নেতা নিজেদের দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন। যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তবু দলীয় সমর্থন পাওয়ার লড়াইয়ে জ্যেষ্ঠ ও স্থানীয় নেতারা সরব। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়ায় কোন্দল আরও উস্কে উঠছে। নির্বাচন ঘনিয়ে এলে এই বিরোধ বড় রূপ নিতে পারেÑ এমন আশঙ্কায় আগেভাগেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে দলটি।

জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, দীর্ঘদিন রাজনৈতিক জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাদের যেমন বাদ দেওয়া যাচ্ছে না, তেমনি নির্বাচনে জয়ের সম্ভাবনা ও জনসমর্থনের বিষয়টিও গুরুত্ব দিতে হচ্ছে। দুটি বিষয়ের সমতা রক্ষা করা হাইকমান্ডের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

চার মানদণ্ড ও কেন্দ্রীয় তদারকি

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে বিএনপি প্রধানত চারটি বিষয়কে মানদণ্ড হিসেবে ধরেছেÑ স্বচ্ছ ভাবমূর্তি, স্থানীয় জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও অবদান এবং নির্বাচনে জয়লাভের সক্ষমতা। পুরো প্রক্রিয়া তদারকি করতে চার সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ ও বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।

মহানগর, জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করে তৃণমূল থেকে প্রাথমিক প্রার্থী তালিকা ও জনমতের তথ্য চাওয়া হয়েছে। স্থানীয়ভাবে মতবিরোধ মেটাতে না পারলে তা বিভাগীয় টিম বা কেন্দ্রের মাধ্যমে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি স্থানীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের সঙ্গে সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা ও দলীয় নেতাকর্মীদের সমর্থন বিবেচনায় নিতে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। একই এলাকায় যেন একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ত্যাগীদের মূল্যায়ন ও ‘বিকল্প প্রার্থী’র সমীকরণ

দীর্ঘদিন হামলা-মামলা সহ্য করে দলে টিকে থাকা ত্যাগী নেতাদের বাদ দিলে তৃণমূলে ক্ষোভ ও হতাশা তৈরি হতে পারে। আবার শুধু দলীয় পরিচয়ের কারণে বা এমপির পছন্দের দুর্বল প্রার্থীকে সমর্থন দিলে নির্বাচনী ফলাফলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে সিদ্ধান্তের কারণ স্পষ্ট করার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

এক্ষেত্রে প্রার্থী বাছাই এবং আইনি ঝুঁকির বিষয়টি সামনে এনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিকল্প প্রার্থী রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেছেন, কোনো কারণে নির্বাচন কমিশন একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে বিকল্প প্রার্থী প্রয়োজন হতে পারে। অর্থাৎ বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা এবং চূড়ান্তভাবে এক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করাÑ এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করতে হচ্ছে।

এমপিদের ভূমিকা ও শরিকদের সমন্বয়

প্রার্থী বাছাইয়ের যে কাঠামো তৈরি করা হয়েছে, তাতে স্থানীয় সংসদ সদস্যদের একচ্ছত্র কর্তৃত্ব দেওয়ার সুযোগ রাখা হয়নি। মূলত স্থানীয় নেতৃত্ব, জেলা কমিটির সুপারিশ ও কেন্দ্রীয় তদারকির সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত পছন্দের চেয়ে মাঠপর্যায়ের জনমত ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া না হলে মনোনয়নবঞ্চিতদের অসন্তোষ পুরো নির্বাচনের মাঠকেই প্রভাবিত করতে পারে।

অন্যদিকে জাতীয় রাজনীতিতে মিত্র দলগুলোর সঙ্গে সমঝোতা থাকলেও স্থানীয় নির্বাচনে সর্বত্র জোটবদ্ধ প্রার্থী দেওয়ার সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে একই এলাকায় বিএনপি ও শরিক দলের একাধিক প্রার্থী থাকলে ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নমনীয় সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিচ্ছেন নীতিনির্ধারকরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা