আবারও ভাঙছে জাতীয় পার্টি। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারীর রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তাদের রাজনৈতিক দূরত্ব এতই বেড়েছে যে, রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন, শামীম হায়দার পাটওয়ারীর নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি গঠন হতে পারে। দলীয় নেতৃত্ব, রাজনৈতিক অবস্থান ও পরস্পরবিরোধী সাম্প্রতিক বক্তব্যের কারণে তাদের মধ্যে এ দূরত্ব দেখা দিয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের স্ত্রী শেরীফা কাদেরের অযাচিত ও অনাকাঙ্ক্ষিত অতিমাত্রার খবরদারি তাদের এ দ্বন্দ্বের আগুনে ঘি ঢালছে।
ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী পদত্যাগ বা নতুন দল গঠনের বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য দেননি। তবে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে তিনি স্বীকার করেছেন, চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে তার মতদ্বৈধ ঘটেছে। তা ছাড়া চেয়ারম্যানের বিভিন্ন বক্তব্য ও কার্যক্রম নিয়ে দলের ভেতর অস্বস্তি ও ভিন্নমত রয়েছে। তাকে দল থেকে বাদ দেওয়া হলে নতুন রাজনৈতিক দল বা আরেকটি জাতীয় পার্টি গঠন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দেশের বাইরে রয়েছি। আগামী ৩১ অক্টোবর দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে নেতৃত্বের দ্বন্দ্বে বিপর্যস্ত জাতীয় পার্টি বারবার ভাঙনের মুখে পড়েছে। যে কারণে এর আগে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে পৃথক রাজনৈতিক বলয়ও গড়ে উঠেছে। নতুন করে মহাসচিবের সঙ্গে চেয়ারম্যানের বিরোধের কারণে দলটিতে আবারও সাংগঠনিক সংকট দেখা দিয়েছে এবং তা ভাঙন অব্দি গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
বিরোধের বিভিন্ন কারণ
সম্প্রতি জাতীয় পার্টির দলীয় কর্মসূচিতে ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী ও তার সহযোগীদের অংশগ্রহণ এবং উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এবং তার সহযোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ নিয়ে প্রশ্নও তুলেছেন। বিষয়টি মহাসচিবের সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছে বলে জানা গেছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে গণমাধ্যমে দেওয়া জিএম কাদেরের স্বীকারোক্তিও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারীসহ অনেককে ক্ষুব্ধ করেছে। উল্লেখ্য, এ বিষয়ে জাপা চেয়ারম্যান গণমাধ্যমে বলেন, ‘আমি শেখ হাসিনার সঙ্গে কথা বলি। আমরা মাঝে মাঝে কথা বলি। তিনি (শেখ হাসিনা) সবার সঙ্গেই কথা বলছেন। শেখ হাসিনা বলছেন তিনি ফিরতে চান। কিন্তু তারা (বাংলাদেশ সরকার) তাকে ফিরতে দিচ্ছে না। তারা তার জনপ্রিয়তাকে ভয় পায়।’ কাদের অভিযোগ করেন, তার দল নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গেলে পুলিশ জাতীয় পার্টির কর্মীদের হুমকি দিয়েছে।’
গণমাধ্যমে জাপা চেয়ারম্যান এমন বক্তব্য দেওয়ায় গত ১২ অক্টোবর ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা জাতীয় পার্টির সংকটকে নতুন মাত্রা দেয়। জিএম কাদেরের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে ‘ভারতীয় এজেন্ট’ আখ্যা দিয়ে স্লোগান দেয়।
‘দলের অস্তিত্ব রক্ষা ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত’Ñ এ রকম স্পর্শকাতর বিষয়ে চেয়ারম্যানের এই প্রকাশ্য বক্তব্য জাতীয় পার্টির একাংশের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে। এ ছাড়া দলীয় নেতাদের পদায়ন নিয়ে জিএম কাদেরের স্ত্রী, সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের অতিমাত্রায় খবরদারিও তারা ভালোভাবে নিতে পারছেন না।
বিভিন্ন নেতার বক্তব্য
এসব বিষয়ে শেরীফা কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি। দলের কর্মসূচিতে সক্রিয় আছি। দলকে সংগঠিত করার চেষ্টা করি। এ নিয়ে কেউ কিছু বললে আমার কী করার আছে! আমি দলে প্রভাব বিস্তার করছি কিংবা ক্ষতি করছি, এটা ঠিক নয়। দলের চেয়ারম্যান তো আর অবুঝ নন।’
এ প্রসঙ্গে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘দল হিসেবে এখন টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে মতদ্বৈধ কিংবা ভাঙনের কী থাকতে পারে আমার জানা নেই।’ দলের চেয়ারম্যান জিএম কাদের অবশ্য শারীরিক অসুস্থতার জন্য থেরাপি সেন্টারে থাকায় এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে পারেনননি।
এরশাদের আমল থেকেই ভাঙনের শুরু
১৯৮৬ সালে সামরিক শাসক এইচ এম এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি একসময় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি ছিল। কিন্তু ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর থেকে নেতৃত্বের দ্বন্দ্ব, নির্বাচনী কৌশল এবং ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বারবার ভাঙন ঘটে এ দলে। ১৯৯০-এর দশকে শামসুল হুদা চৌধুরী, এম এ মতিন ও আনোয়ার হোসেন মঞ্জুকে ঘিরে জাপায় পৃথক ধারা তৈরি হয়। পরে নাজিউর রহমান মঞ্জু এবং কাজী জাফর আহমেদের নেতৃত্বেও দল থেকে আলাদা রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। তবে তারপরও এরশাদের নেতৃত্বাধীন অংশই দীর্ঘদিন জাতীয় পার্টির মূলধারা হিসেবে টিকে ছিল।
এরশাদের জীবদ্দশাতেই তার স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরকে ঘিরে জাতীয় পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট হয়। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর সেই বিরোধ মেটানোর কেন্দ্রীয় কর্তৃত্বও আর থাকেনি। একদিকে রওশনপন্থী, অন্যদিকে জিএম কাদেরপন্থীÑ এই বিভাজন ক্রমে সাংগঠনিক রূপ নেয়। এর মধ্যে এরশাদের সাবেক স্ত্রী বিদিশার নেতৃত্বেও ছোট একটি গ্রুপ তৈরি হয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে দলীয় বিরোধ নতুন করে তীব্র হয়। নির্বাচনে ভরাডুবির পর রওশন এরশাদের অনুসারীরা ৯ মার্চ পৃথক সম্মেলন করে তাকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দলটির বিভক্তি আনুষ্ঠানিক রূপ পায়।
নতুন নেতৃত্বের বিরোধেও সংকট কাটেনি
২০২৫ সালে জিএম কাদেরের নেতৃত্ব চ্যালেঞ্জ করে আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টিতে আরেকটি অংশ সক্রিয় হয়। ওই বছরের ৯ আগস্ট তাদের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হয়। দলটির নেতারা তখন অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার রাজনৈতিক দায় থেকে বেরিয়ে আসার কথা বলেন। সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুও অতীতের নির্বাচনী ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন। এমন প্রেক্ষাপটে একসময় সংসদে প্রধান বিরোধী দলের অবস্থানে থাকা জাতীয় পার্টি এখন নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতেই হিমশিম খাচ্ছে।
অস্তিত্ব রক্ষার লড়াই
শামীম হায়দার পাটওয়ারী যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং পৃথক দল গঠনের পথে হাঁটেন, তবে জাতীয় পার্টির জন্য সেটি হবে আরেকটি বড় সাংগঠনিক ধাক্কা। কারণ, বিভিন্ন বিভক্তির কারণে এ দলে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশে পরিচিত ও সাংগঠনিকভাবে প্রভাবশালী নেতার সংখ্যা কমেছে। মহাসচিবের প্রস্থান দলটির সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল করতে পারে। শামীম হায়দার পাটওয়ারী দল থেকে আলাদা হয়ে গেলে ব্র্যাকেটবন্দি জাতীয় পার্টির সংখ্যা আরেকটি বাড়বে। তবে তাতে ব্র্যাকেটবন্দি কোন অংশের লাভ হবে, তা বলার সময় এখনও আসেনি।