× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় রাত হলেই বালু পাচার, রেঞ্জ কর্মকর্তার দাবি ‘ওরা সন্ত্রাসী’

এম জাহেদ চৌধুরী, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম

পেকুয়ায় রাত হলেই বালু পাচার, রেঞ্জ কর্মকর্তার দাবি ‘ওরা সন্ত্রাসী’

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মধুখালী পাহাড়ি ছরা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রায় চার মাস ধরে সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন বনকানন এলাকার জাকের হোসেন ও হাজি বাজার এলাকার সাজ্জাদ হোসেন। দিনের বেলায় বালু মজুদ করে রাতের আঁধারে ডাম্পার গাড়িতে তা পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে।

এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালিব মোমেনের যোগসাজশে নির্বিঘ্নে বালু উত্তোলন ও পরিবহন চলছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কালভার্ট ধসের পর রাতের আঁধারে বালু পরিবহন


স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটংয়ের মধুখালী এলাকায় অন্তত দুটি স্থানে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে। প্রায় তিন মাস আগে পাহাড়ি ঢলে ঢালারমুখ, বনকানন ও মধুখালী সংযোগ সড়কের একটি কালভার্টের এক পাশ ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বালু পরিবহনও ব্যাহত হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে ধসে যাওয়া অংশে মাটি ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। এরপর থেকে রাত হলেই ৮ থেকে ১০টি ডাম্পার গাড়িতে করে মজুদ করা বালু সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে একটি স্থানে মজুদ করা বিপুল পরিমাণ বালু সরিয়ে ফেলার অভিযোগও রয়েছে।

‘রাতে অভিযান চালানো কঠিন’

অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।  তাদের অভিযোগ, কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বালু উত্তোলন ও পাচার অব্যাহত রয়েছে।

তবে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, মধুখালী এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে মজুদ করা বালু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে তিনি বলেন, রাতে সেখানে অভিযান চালাতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে রাতে অভিযান পরিচালনা করা কঠিন। তবে বন বিভাগের কর্মীরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন। বালু পাচারের খবর পাওয়া গেলে গাড়ি জব্দ করা হবে এবং প্রয়োজনে আরও মামলা করা হবে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও ভারী ডাম্পারে পরিবহনের কারণে বনকানন বাজার ও মধুখালী সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে চলাচলও কঠিন হয়ে পড়েছে। তাদের ভাষ্য, বালু উত্তোলন ও পরিবহনে অল্প কয়েকজন জড়িত থাকলেও ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। সড়ক ও কালভার্টের ক্ষতি বাড়লে স্থানীয়দের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

‘শুধু আমার বিরুদ্ধে ব্যবস্থা কেন’

অভিযোগের বিষয়ে জাকের হোসেন বলেন, বালু উত্তোলন করতে গিয়ে তাকে ধারদেনা করতে হয়েছে। বন বিভাগের বাধার কারণে ঠিকমতো বালু বিক্রি করতে পারেননি। একবার মজুদ করা বালু মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া হয়েছে। বালু বিক্রি করতে পারলে কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে জানান তিনি।

জাকের হোসেনের দাবি, তিনি একা বালু উত্তোলন করছেন না; টইটংয়ের বিভিন্ন স্থানে আরও অনেকে বালু উত্তোলন ও বিক্রি করছেন। অথচ শুধু তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন, বন বিভাগের অভিযান এবং সড়ক-কালভার্টের ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা